বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সব ধরনের সহায়তা দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করে। কুয়েত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সে দেশের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল জাবের আল-সাবাহ ও প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-আহমেদ আল-সাবাহর সঙ্গে পৃথক সাক্ষাত্কালে তাঁরা এ আশ্বাস দেন। এদিকে কুয়েতের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর গতকাল দুই দেশের মধ্যে চারটি চুক্তি সই হয়েছে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী কুয়েত সফরের দ্বিতীয় দিনে গতকাল খুব ব্যস্ত সময় কাটান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার সকালে সাইফ প্রাসাদে কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে সাক্ষাত্ করেন। দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। তাঁদের আলোচনায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, নদী খনন ও বাংলাদেশের উন্নয়ন খাতে কুয়েতি বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।কুয়েতি উদ্যোক্তাদের বিনিয়োগ প্রসঙ্গে শেখ হাসিনা দুই দেশের ব্যবসায়ীদের সফরসূচি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। জনশক্তি রপ্তানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশি শ্রমিকদের ভাষা, রীতিনীতি, আইন ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে, যাতে তারা বিভিন্ন দেশে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কুয়েত দক্ষ ও আধা দক্ষ এবং নির্মাণ, বিদ্যুত্, পানি, বেসামরিক বিমান, পেট্রো-কেমিক্যাল, গ্যাস ও হাসপাতালের কাজে অভিজ্ঞ কারিগরি লোকজন আমদানি করতে পারে।দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে বড় ধরনের খনন ও ব্যবস্থাপনা কর্মসূচির কথা উল্লেখ করে শেখ হাসিনা এ কাজ সম্পন্ন করতে কুয়েতের সহযোগিতা কামনা করেন।এর আগে কুয়েতের প্রধানমন্ত্রী নাসের আল-মোহাম্মদ আল-আহমদ আল-সাবাহ বায়ান প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সকাল সাড়ে নয়টায় শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। দুটি ছোট শিশু তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েত পার্লামেন্টে যান। সেখানে পার্লামেন্টের স্পিকারের সঙ্গে তিনি সাক্ষাত্ করেন।বণিক সমিতির ভোজসভা: কুয়েত চেম্বার হাউসে গতকাল তাঁর সম্মানে কুয়েত বণিক সমিতির দেওয়া এক ভোজসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী সেখানকার ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘বিনিয়োগের জন্য আপনারা বাংলাদেশকে বেছে নিলে তা দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নেও সহায়ক হবে।’ শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কুয়েতের ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহায়তা পাওয়া গেলে বাংলাদেশ ও কুয়েত উভয়েই লাভবান হবে। অনুষ্ঠানে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলি মোহাম্মদ তুনায়েন আল জানিম বক্তব্য দেন। কুয়েতের বেসরকারি খাতের ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসাডর এট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহিদ রেজা উপস্থিত ছিলেন।চারটি চুক্তি সই: প্রধানমন্ত্রীর কুয়েত সফরকালে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গতকাল চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলো হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন, যৌথ কমিশন, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা এবং পর্যটন উন্নয়নবিষয়ক।প্রথম দুটি চুক্তি স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং এর পরের দুটি চুক্তিতে সই করেন যথাক্রমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল জাবের আল সাবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়। তবে তাত্ক্ষণিকভাবে চুক্তির বিস্তারিত জানা যায়নি।আমিরের বোনের সাক্ষাত্: কুয়েতের আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর বোন আনথাল আল আহমেদ আল-জাবের আল-সাবাহ গত রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বায়ান প্যালেস স্যুটে সৌজন্য সাক্ষাত্ করেন। তাঁরা বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। পরিবেশকর্মী আনথাল আল আহমেদ আল-জাবের আল-সাবাহ কুয়েত সরকারের পরিবেশবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছেন।শেখ হাসিনা আনথাল আল আহমেদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন।প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহেদ রেজা ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।