বাংলাদেশের কল্যাণে ছোট ম্যাচ আরও ছোট!
নিউজিল্যান্ডের ইনিংস শুরু করতে নামছেন ব্রেন্ডন ম্যাককালাম ও পিটার ইনগ্রাম। প্রেসবক্সে ডাকওয়ার্থ-লুইসের হিসাবসংবলিত কাগজটা বিলি করতে এলেন এক ভদ্রলোক। টি-টোয়েন্টি ম্যাচে রেজাল্ট হতে কমপক্ষে কত ওভার লাগে—এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হেসে বললেন, ‘৮ ওভার। দেখুন, এর আগেই ম্যাচ শেষ হয়ে যায় কি না!’প্রায় হয়েও গিয়েছিল। মাত্র দুটি বল বেশি লাগল ম্যাককালাম-ইনগ্রামের। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ এই টি-টোয়েন্টি। বাংলাদেশের ‘অসীম নৈপুণ্য’ সেটিকে আরও সংক্ষিপ্ত করে দিল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৫.৫ ওভারেই ম্যাচ শেষ! নিউজিল্যান্ডের সবচেয়ে নামী পত্রিকা হেরাল্ড-এর সাংবাদিক কাকে যেন ফোনে আক্ষেপ করে বললেন, ‘এত দর্শক এসেছে! নিউজিল্যান্ড আগে ব্যাট করলে তাও তারা কিছু পেত।’টেস্ট-ওয়ানডেতেও বাংলাদেশ নিয়মিতই হারে। তবে একেবারে বিনা প্রতিরোধে নয়। ম্যাচের বড় একটা সময় ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকে। অথচ ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তা যেখানে সবচেয়ে বেশি মূর্ত থাকার কথা, সেই টি-টোয়েন্টিতেই বাংলাদেশকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই! টি-টোয়েন্টি মানেই অসহায় আত্মসমর্পণ!১৪ ম্যাচে বাংলাদেশের ১১ নম্বর পরাজয়। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টানা দশম। তবে কাল সেডন পার্কে বাংলাদেশের মেরুদণ্ডহীন ব্যাটিং ছাড়িয়ে গেল আগের সবকিছু। টসে জিতে প্রথমে ব্যাট করে ৭৮ রানে অলআউট! টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর (আগের সর্বনিম্ন: ৮৩, বিপক্ষ শ্রীলঙ্কা, জোহানেসবার্গ, ২০০৭)। টি-টোয়েন্টির ইতিহাসেই এর চেয়ে কম স্কোর আছে আর মাত্র ৫টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কম রানে (৭৪) অলআউট হওয়ার ‘কৃতিত্ব’ শুধু ভারতের।টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে একতরফা ম্যাচের রেকর্ডটাও প্রায় হয়েই যাচ্ছিল। নিউজিল্যান্ড জিতল ৭০ বল বাকি রেখে। এর চেয়ে বেশি বল বাকি থাকতে ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হয়ে যাওয়ার ঘটনা আছে আর একটিই। সেটিও নিউজিল্যান্ডেরই কীর্তি। ২০০৭ বিশ্বকাপে কেনিয়াকে হারিয়েছিল তারা ৭৪ বল অব্যবহূত রেখেই। পরিসংখ্যানের এই কচকচানি আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু পরিসংখ্যান বাদ দিলে এই ম্যাচে আর থাকে কী! বাংলাদেশের ৭৮ রানের এই লজ্জার বিশদ বর্ণনা চান? সেজন্য তো খেলার পাতায় স্কোরকার্ডই আছে। এর বেশি কিছু পত্রিকার মূল্যবান জায়গার অপচয়।হিসাব-নিকাশের ঝামেলায় যেতে না চাইলে একটু সাহায্য করি—১৮ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ১৯। ১ উইকেটে ৩৭ থেকে দেখতে না-দেখতেই বাংলাদেশ ৫ উইকেটে ৪২! চার বলের মধ্যে ফিরেছেন আশরাফুল, মুশফিকুর ও সাকিব। সর্বোচ্চ স্কোর ১৮। আট নম্বরে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সেটা করেছেন রকিবুল। এই তো বাংলাদেশের ইনিংস!টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের একটা সুবিধা আছে। জঘন্যতম শট খেলে আউট হওয়ার পরও বলা যায়, এই খেলাটা তো এমনই—হয় মারো নয় মরো। কিন্তু পরপর কয়েকটি উইকেট পড়ে গেলে তো একটু দেখেশুনে খেলে ইনিংস গড়ার ব্যাপার থাকে। সেই চেষ্টাটাও দেখা গেল না কারও মধ্যে। শাবাশ বাংলাদেশ! টি-টোয়েন্টিতেও যে ইনিংস গড়ার ব্যাপার থাকে—বাংলাদেশের কল্যাণেই না তা জানল সবাই!অদ্ভুত এক সূচি এই সফরের। উপমহাদেশের ক্রিকেট পরাশক্তিরাও যেখানে নিউজিল্যান্ডে এসে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খাবি খায়, সেখানে বাংলাদেশকে একটাও প্রস্তুতি ম্যাচ না খেলেই নেমে পড়তে হয়েছে আসল লড়াইয়ে। তা নিউজিল্যান্ডের কন্ডিশনে সমস্যাটা হয় কোথায়? উইকেটের পেস আর বাউন্সে। বাংলাদেশের জঘন্য ব্যাটিং পারফরম্যান্সে এটিও তো যথেষ্ট অজুহাত হতে পারছে না। পেস-বাউন্সে না পেসারদের চোখ চকচক করে উঠবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা তো খাবি খেলেন স্পিনে! ড্যানিয়েল ভেট্টোরি ও নাথান ম্যাককালাম মিলে ২১ রানে নিয়ে নিলেন ৫ উইকেট। বাংলাদেশ বরাবরই ভেট্টোরির প্রিয় প্রতিপক্ষ। কালকের ম্যাচের পর বাংলাদেশ আরও প্রিয়তর হলো তাঁর। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট! হ্যাঁ ভাই, এটা টি-টোয়েন্টি ম্যাচই ছিল!টি-টোয়েন্টিতে পুরো কোটা বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটিও করে ফেললেন ভেট্টোরি। উতসেয়া, পোফু ও প্রাইস—তিন জিম্বাবুইয়ানেরও ৪ ওভারে মাত্র ৬ রান দেওয়ার ‘কিপটেমি’ আছে। ভেট্টোরি এগিয়ে থাকছেন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বলে।টি-টোয়েন্টি ম্যাচের আসল মজা টানটান সমাপ্তিতে। এই ম্যাচ তো বাংলাদেশের ইনিংসের পরই শেষ! বাংলাদেশ অবশ্য আরও কিছু লজ্জা যোগ করল বাকি সময়ে। ৭৮ রান নিয়ে বোলারদের কিছু করার থাকে না ঠিক, তবে জায়গামতো বল তো ফেলা যায়। সেটিও পারলেন না কেউ। ওটুকু সময়ের মধ্যে দুটি সহজ ক্যাচ ফেলতেও সক্ষম হলেন ফিল্ডাররা। ম্যাককালাম ৬ রানে ‘জীবন’ পেয়ে দুর্বিষহ করে তুললেন বাংলাদেশের বোলারদের জীবন। ২৬ বলে ফিফটি করে শেষ পর্যন্ত ২৭ বলে ৫৬ রানে অপরাজিত। আন্তর্জাতিক অভিষেকে ইনগ্রাম ১১ রানে বাংলাদেশের উপহার পেয়ে ২৩ বলে অপরাজিত ২২।প্রথমে ভেট্টোরি, পরে ম্যাককালাম। সেডন পার্কে যেন ফিরে এল কুইন্সটাউন ইভেন্ট সেন্টার। ২০০৭ সালের শেষ দিনে সেখানেই ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বড় লজ্জাটা উপহার দিয়েছিলেন এই দুজন। ৬ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৯৩ রানে শেষ করে দিয়েছিলেন ভেট্টোরি। এর পর ম্যাককালামের ২৮ বলে ৮০। মাত্র ৬ ওভারেই খেলা শেষ!বাংলাদেশ দল নাকি জয়ের মন্ত্র জপতে জপতে এই সফরে এসেছে। প্রথম ম্যাচে আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেওয়া এই পারফরম্যান্স ওয়ানডে সিরিজ আর টেস্ট ম্যাচটিকেও না মান বাঁচানোর লড়াই বানিয়ে দেয়!