বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর অত্যাচার-নির্যাতনের জন্য দেশটিকে বাংলাদেশের কাছে নিছক দুঃখ প্রকাশ নয়, পরিপূর্ণ ক্ষমা চাওয়া উচিত। এতে করে পাকিস্তানও দেখাতে পারবে, তাদের ভুল স্বীকার করার ‘সৎ সাহস’ রয়েছে। গতকাল রোববার প্রকাশিত এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি মাসে ইসলামাবাদে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার সম্প্রতি ঢাকায় আসেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকাণ্ডের জন্য ইসলামাবাদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। সম্পাদকীয়তে বলা হয়, অনেক বাংলাদেশি এখনো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের কথা ভোলেননি। এর পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। এটা বেশ ভালো লক্ষণ। একাত্তরে বিপুলসংখ্যক বাঙালির ওপর গণহত্যা ও অনাচারের জন্য বাংলাদেশ পাকিস্তান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রত্যাশা করে। ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ‘দুঃখ’ প্রকাশ করলেও তা সন্তোষজনক নয়।দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে বলা হয়—ইসলামাবাদ ও ঢাকার মধ্যে এখনো ‘কিছু অমীমাংসিত বিষয়’ রয়ে গেছে। জবাবে হিনা রাব্বানি মন্তব্য করেছিলেন, ‘পাকিস্তান ইতিমধ্যে বিভিন্নভাবে ক্ষমা চেয়েছে এবং এখন সময় এগিয়ে যাওয়ার।’দ্য ডন-এর সম্পাদকীয়তে এসব বিষয় উল্লেখ করে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির (আওয়ামী লীগ) সক্রিয় কর্মী, বুদ্ধিজীবী ও সাধারণ সমর্থকদের হত্যা করেছিল—এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এর ফলেই মুক্তিযুদ্ধে জড়িত হয় ভারত। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।সম্পাদকীয়তে লেখা হয়, পাকিস্তানের তৎকালীন নেতারা সেই দিনগুলোতে কী ভুল করেছিলেন, তা বর্তমান নেতৃত্বের অবশ্যই বোঝা উচিত। কেবল নিছক দুঃখ প্রকাশ নয়, এ জন্য তাঁদের উচিত পরিপূর্ণ ক্ষমা প্রার্থনা করা, যা ঢাকার জন্য গ্রহণযোগ্য হবে। এটা করা হলে পাকিস্তানও সেসব দেশ ও প্রতিষ্ঠানের কাতারে চলে যাবে, যারা নিজেদের ঐতিহাসিক ভুল স্বীকার করার মতো সাহস দেখিয়েছে। সম্পাদকীয়র শেষাংশে ভ্যাটিকানে ক্যাথলিক নয়—এমন ব্যক্তিদের ওপর ক্যাথলিকদের নির্যাতন, ধর্মযুদ্ধের সময় কনস্টান্টিনোপলে আক্রমণ ও কোরিয়ায় জাপানের আগ্রাসন এবং পরে নির্যাতন ও আগ্রাসনকারীদের ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। এতে বলা হয়, পাকিস্তানকেও নিজেদের অতীতের দিকে তাকিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।