বাংলাদেশের কারণে টিকফা আটকে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) বাংলাদেশের কারণে আটকে নেই। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত টিকফা চুক্তির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গত শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনায় মন্তব্য করেছেন, টিকফা সই না হলে মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে না বাংলাদেশ। মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রসচিব কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র আমাদের আরও সহায়তা করতে পারে। মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। যুক্তরাষ্ট্রের কাছে শুল্কমুক্ত সুবিধা পেলে অতিরিক্ত ৩২ শতাংশ আয় হতে পারে। যার মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন করতে পারি।’ মিজারুল কায়েস বলেন, ‘কারও মন্তব্যের পাল্টা কোনো মন্তব্য করতে চাই না। একাধিক আইএলও সনদ সই ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি সইয়ের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। তাছাড়া এ দেশের শ্রম মানও বেশ ভালো।’ টিকফা চুক্তি সই কেন হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, সামান্য মতপার্থক্য ছাড়া দুই পক্ষের মধ্যে কোনো মতবিরোধ নেই। তবে এটি বাংলাদেশের কারণে আটকে নেই। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তিটি বেশ কয়েক বছর ধরেই আটকে আছে। চুক্তি চূড়ান্ত না হওয়ার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে আসছে। সিদ্ধান্ত বাস্তবায়ন দ্রুততর করার তাগিদসম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিভিন্ন সময় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে ঢাকা। মিজারুল কায়েস আজ সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্রসচিব বলেন, তিস্তা চুক্তি সই, সীমান্ত প্রটোকল বাস্তবায়নসহ সহযোগিতার বিভিন্ন বিষয়ে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার কথা বলেছি। কারণ, বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দ্রুততম সময়ে বাস্তবায়িত না হলে জনগণের কাছে সম্পর্ক নিয়ে ইতিবাচক ধারণা জন্মায় না। তিস্তা চুক্তির অগ্রগতি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, ভারত আমাদের আশ্বস্ত করেছে নিজেদের অভ্যন্তরীণ আলোচনা দ্রুত শেষ করে তারা চুক্তিটি সই করতে চায়। সীমান্ত প্রটোকল বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্প্রতি ভারতের নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে। এরপর এটি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর লোকসভায় উত্থাপন করা হবে। লোকসভায় এটি তোলা হলে উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে পাস হলেই সীমান্ত প্রটোকল বাস্তবায়িত হবে। পররাষ্ট্রসচিব জানান, টিপাইমুখ প্রকল্প নিয়ে যৌথ সমীক্ষার জন্য ভারতের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ফলে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে আগামী ২৭ ও ২৮ আগস্ট দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হবে। টিপাইমুখ প্রকল্পের যৌথ সমীক্ষা কীভাবে পরিচালিত হবে তা নিয়েই দুই দেশের বিশেষজ্ঞরা ওই বৈঠকে আলোচনা করবেন। পররাষ্ট্রসচিব আরও জানান, ২৪ জুলাই অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব বৈঠকে ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ এ বিষয়ে আলোচনায় রাজি থাকার কথা জানিয়েছে। মিজারুল কায়েস সাংবাদিকদের জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নবগঠিত ফোরাম যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) পরবর্তী সভা এ বছরেই আয়োজনে আগ্রহী ভারত। ওই বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বৈঠক করবেন। বাংলাদেশ-নেপাল বৈঠকবাংলাদেশ ও নেপালের মধ্যে নিয়মিতভাবে পররাষ্ট্রসচিব বৈঠক আয়োজনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রসচিবদের আনুষ্ঠানিক বৈঠক শেষে এমওইউ সই হবে। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।