বাংলাদেশের ক্রিকেট ও গ্রামীণফোন
বোলিং কোচ ইয়ান পন্টের প্রিয় ছাত্র, দেশের দ্রুততম বোলার রুবেল হোসেনকে দেখিয়ে এক সাংবাদিক সেদিন প্রশ্ন করছিলেন, ‘রুবেল তো বিকেএসপি থেকে উঠে এসেছে, তাই না?’ সবাই হ্যাঁ-সূচক মাথা নেড়েও ফেলেছিলেন। কিন্তু ‘রে রে’ করে এগিয়ে এলেন ক্রিকেট অঙ্গনে পরিচিত এক কর্মকর্তা, ‘না, না। ও তো গ্রামীণফোনের আবিষ্কার।’ একেবারে গ্রামীণফোনের আবিষ্কার বলা হলে একটু ভুল হয়তো হবে, আসলে বলতে হবে ‘গ্রামীণফোন পেসার হান্টে’র আবিষ্কার। বাগেরহাটে মনের আনন্দে ক্রিকেট খেলে বেড়ানো রুবেল হোসেনকে জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিয়ে আসা এই ‘পেসার হান্ট’ কর্মসূচির সবচেয়ে বড় বিজ্ঞাপন। এ নিয়ে একটু গর্ব গ্রামীণফোন করতেই পারে। বাংলাদেশের ক্রিকেটের অনেক কিছু নিয়েই গর্ব করতে পারে দেশের বৃহত্তম মুঠোফোন কোম্পানিটি।টেস্ট স্ট্যাটাস পাওয়ার দশ বছর পূর্ণ হলো। এই নাতিদীর্ঘ পথচলায় সাফল্যের চেয়ে ব্যর্থতাই হয়তো বেশি। বাস্তবতা না বুঝে কতজন মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট থেকে। কিন্তু ক্রিকেটের ঘোর এই দুঃসময়েও অন্তত একটি নাম, একটি প্রতিষ্ঠান ‘দূর-ছাই’ বলে ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নেয়নি—গ্রামীণফোন। মুখ ঘুরিয়ে নেবে কি, গ্রামীণফোন বাংলাদেশের ক্রিকেটে এসেছিলই তো বড় দুঃসময়ে! সেটা ২০০৩ সালের গল্প, বাংলাদেশের ক্রিকেটে তখন ঘোর অমানিশা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জঘন্য ফলাফল করে ধুঁকতে থাকা বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে কোনো পৃষ্ঠপোষকই খুঁজে পাচ্ছিল না।একদিকে প্রথম অস্ট্রেলিয়া সফরে ডেভিড হুকসদের বাংলাদেশকে একদিনে ‘শেষ করে দেওয়া’র হুংকার, অন্যদিকে পৃষ্ঠপোষক নিয়ে দুশ্চিন্তা। কাউকে ছোট করা হচ্ছে না, কিন্তু দেশি-বিদেশি প্রতিষ্ঠান, টাকাওয়ালা লোক দেশে কম ছিল না। কিন্তু কেউ এগিয়ে আসেনি সেদিন। আক্ষরিক অর্থেই বাংলাদেশের ক্রিকেটের এই সংকটকালে ক্রিকেটের পাশে এসে দাঁড়িয়েছিল গ্রামীণফোন।বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে তিন বছর মেয়াদি এক চুক্তি করে ফেলল তারা। সেই শুরু, এখনো যা অব্যাহত। সাত বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের প্রতিটি সাফল্য-ব্যর্থতার সঙ্গী গ্রামীণফোন। কথাটা বড় বিজ্ঞাপনীয় শোনাচ্ছে। কিন্তু আসলে খুবই সত্যি কথা। কীভাবে?একটু সংক্ষেপে তলিয়ে দেখা যাক। ২০০৩ সাল থেকে গ্রামীণফোন বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক, এটা মোটামুটি সবাই জানেন। কিন্তু প্রতিষ্ঠানটির ক্রিকেট-সম্পৃক্ততা এখানেই শেষ নয়। বাংলাদেশের মেয়েরা যে একদিন ক্রিকেট খেলবে, এটা একসময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে, এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। ২০০৯ সাল থেকে এই দলটিরও পৃষ্ঠপোষক গ্রামীণফোন!এখানেই শেষ নয়, বাংলাদেশের বেশ কিছু উল্লেখযোগ্য দ্বিপক্ষীয় ‘হোম সিরিজ’-এর পৃষ্ঠপোষকও গ্রামীণফোন। যেমন ২০০৩ সালের ইংল্যান্ড সিরিজ, ২০০৬ সালের অস্ট্রেলিয়া সিরিজ, ২০০৭ সালের ভারত সিরিজ। এ ছাড়া জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০০৯ সালের ত্রিদেশীয় টুর্নামেন্টটিরও পৃষ্ঠপোষক গ্রামীণফোন; সে টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, ভাগ্য বিরূপ না হলে শিরোপাও প্রায় জিতেই গিয়েছিল। ২০০৯ সালে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ স্পনসর করে দেশের বাইরেও পৃষ্ঠপোষণার হাত বিস্তৃত করেছে গ্রামীণফোন।শুধু আন্তর্জাতিক ক্রিকেটের দিকেই গ্রামীণফোনের মনোযোগ, ব্যাপারটা এমন নয়। ঘরোয়া ক্রিকেটেও আছে তাদের সগৌরব উপস্থিতি। পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা মহানগর প্রিমিয়ার লিগ ক্রিকেটের। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা চার বছর সঙ্গী ছিল করপোরেট লিগেরও। এরপর সেই রুবেলদের প্রসঙ্গটা আনতে হয়—পেসার হান্ট। এ কথা অনস্বীকার্য যে প্রায় দশ বছর ধরেই বাংলাদেশ সব সময় আরেকজন মাশরাফি বিন মুর্তজা খুঁজে ফিরেছে। সে জন্য অনেক রকম চিন্তাভাবনা করা হয়েছে। সবচেয়ে কার্যকর চিন্তাটা ছিল এই পেসার হান্ট প্রকল্প। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিযোগিতা আয়োজন করে বেছে আনা হয়েছে গতিশীল পেসারদের। ২০০৪ ও ২০০৭ সালে দুবার আয়োজিত হয়েছে এই প্রতিযোগিতা। আর ২০০৭ সালেই পেসার হান্ট থেকে উঠে এসেছেন এখন জাতীয় দলের অপরিহার্য সদস্য রুবেল হোসেন। ক্রিকেটে গ্রামীণফোনের অবদানের প্রসঙ্গ উঠলে সবচেয়ে বড় ধন্যবাদটা দিতে হবে গ্রামীণফোন বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির জন্য। গ্রামীণফোন স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছে এই একাডেমি গড়ার সহযোগী হিসেবে। পাঁচ বছরের জন্য একাডেমির সঙ্গে যুক্ত হয়ে সাড়ে সাত লাখ মার্কিন ডলার (প্রায় সোয়া ৫ কোটি টাকা) দিচ্ছে গ্রামীণফোন। এসব কিছুর পেছনে সামাজিক দায়বদ্ধতা, প্রচারণা—নানা রকম উদ্দেশ্য নিশ্চয়ই আছে গ্রামীণফোনের। আমরা এত কিছু ভাবতে চাই না। আমরা শুধু ধন্যবাদ জানাতে চাই, আর চাই অটুট বন্ধন। প্রসঙ্গটা উঠতেই সেই কথা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অটমার হেসজেডাল, ‘বাংলাদেশের ক্রিকেটের এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার সময়। ক্রিকেটের হতাশাময় দিনগুলোর মতো এই উজ্জ্বল আলোয় ভরা দিনেও সঙ্গে থাকবে গ্রামীণফোন।’