বাংলাদেশের ক্ষতি হয় এমন প্রকল্প ভারত নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ক্ষতি হয়, এমন কোনো প্রকল্প ভারত নেবে না। বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল ভারত সফরকালে সে দেশের সরকার এ ব্যাপারে আশ্বাস দিয়েছে।জাতীয় সংসদে আজ রোববার পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপনকালে কমিটির সভাপতি ও সাবেক পানিসম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক এ তথ্য জানান। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির অন্যতম সাফল্য হচ্ছে টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারত সরকারের উদ্যোগের বিষয়ে বাংলাদেশের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদৃষ্টির কারণে এ সমস্যার সমাধান সম্ভব হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৯ জুলাই নয়াদিল্লি হয়ে টিপাইমুখ পরিদর্শনে ঢাকা ত্যাগ করে ১০ সদস্যের প্রতিনিধিদল। সফরে যাওয়া ছয়জন সাংসদের তিনজনই ছিলেন প্রকৌশলী।কমিটির সভাপতি বলেন, ‘সংসদীয় প্রতিনিধিদলের এ সফরে আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুত্মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হই। দুই মন্ত্রীই আমাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের জন্য ক্ষতিকর হবে, এমন কিছু ভারত করবে না এবং বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না।’ তিনি জানান, ২০০৯ সালের ৯ মার্চ স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়। এর পর গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৭টি বৈঠক করে কমিটি।এই প্রতিবেদন উপস্থাপন শেষে সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, মোশাররফ হোসেন ও সাধনা হালদার।এর পর সংসদের অধিবেশন কাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মুলতবি করা হয়।