বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে মডেল হিসেবে তুলে ধরতে চান ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়কে আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে তুলে ধরতে চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খাদ্য নিরাপত্তার জন্য বাংলাদেশের খাদ্যনীতি, কৌশল ও কর্মপরিকল্পনা ভবিষ্যতে অনুষ্ঠেয় জি ৮-এর বৈঠকে তুলে ধরা হবে।আজ বৃহস্পতিবার ‘বাংলাদশে ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামের’ আন্তর্জাতিক কর্মশালার প্রস্তুতি উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক সভাপতির বক্তব্যে এ কথা জানান। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় আগামী ২৫ ও ২৬ মে ঢাকায় এ আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হবে।এ কর্মশালায় খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের কৌশল চূড়ান্ত করা হবে। জি ৮-এর বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য নিরাপত্তার জন্য উন্নত দেশগুলো দুই হাজার কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন। এ সহায়তার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ পাবে বলে ইউএসএআইডি জানিয়েছে। এ অর্থ থেকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা হবে।বৈঠকে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি, স্বাস্থ্য, মত্স্য ও প্রাণীসম্পদসহ অন্যান্য খাতে বিনিয়োগর জন্য সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে খাদ্য নিরাপত্তার সংশ্লিষ্ট বিনিয়োগ খাতগুলো তুলে ধরেন। এসব বিষয়কে সমন্বিত করে তা মে মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কর্মশালায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য নিরাপত্তায় বিনিয়োগের চিহ্নিত ক্ষেত্রগুলো চূড়ান্ত করতে খাদ্য বিভাগের সচিবকে আহ্বায়ক করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও গবেষণা সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মো. মোখলেছুর রহমান, খাদ্য বিভাগের সচিব বি ডি মিত্র, কৃষিসচিব সি কিউ কে মুশতাক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসচিব শেখ আলতাফ আলী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হোসেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।