বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে দুদককে নিরপেক্ষ হতে হবে: ফ্রোয়েইন
বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীন ও দলনিরপেক্ষ সংস্থা হতে হবে। তা না হলে দুর্নীতি রোধের প্রয়াস সুদূর পরাহত হবে। অন্যদিকে, বর্তমান সংসদের কার্যক্রম অতীতের তুলনায় বেশি ইতিবাচক হলেও সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা বেশি না হওয়াটা সন্তোষজনক নয়।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েইন আজ শনিবার এ মন্তব্য করেন। কাল রোববার ইউরোপ দিবস উপলক্ষে হোটেল শেরাটনে ইইউ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।২০০৮ সালের নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন—এ প্রশ্নের জবাবে ফ্রোয়েইন বলেন, ‘সংসদই হচ্ছে সব ধরনের আলোচনার জায়গা। তাই সংসদে যেকোনো বিষয়ে বিতর্কের জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করি। বর্তমান সংসদে অনেক সভা হচ্ছে। অতীতের সংসদগুলোর কার্যক্রমের তুলনায় পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আমরা এখনো সংসদে তেমন কোনো আলোচনা দেখতে পাচ্ছি না।’দুদকের ক্ষমতা খর্ব করার বিষয়ে ঢাকায় ইইউয়ের রাষ্ট্রদূত নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। ফ্রোয়েইন বলেন, দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ সংস্থা হতে হবে, যাতে এটি নিরপেক্ষভাবে কাজ করতে পারে। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে দুদককে স্বাধীনভাবে কাজ করতে হবে। দুদকের পাশাপাশি বিচার বিভাগকেও স্বাধীন হতে হবে।ফ্রোয়েইন বলেন, ‘দুর্নীতি দমন ও গণতন্ত্র সম্পর্কে আমরা যা বলছি, সেটা আমাদের অভিমত। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এখানকার পরিস্থিতি কেমন হবে, সেটা ঠিক করার দায়িত্ব বাংলাদেশের জনগণের।’পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিকে ইইউ কীভাবে দেখছে, জানতে চাইলে ফ্রোয়েন বলেন, ‘আমরা চুক্তির বাস্তবায়ন চাই। বর্তমানে সেখানকার পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, সেটা অত্যন্ত ইতিবাচক। তা ছাড়া বর্তমান সরকার সেখানকার পরিস্থিতির উন্নয়নের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের উপস্থিত ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার হোবেগার্ড ইয়েনসেন বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাছাউনি প্রত্যাহারসহ সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপগুলো বেশ ইতিবাচক।ফ্রোয়েইন সাংবাদিকদের জানান, ৩০ ও ৩১ মে জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইইউয়ের তহবিল কীভাবে ব্যবহার করবে, সে বিষয়টিও গুরুত্ব পাবে। বর্তমানে বাংলাদেশ, মালদ্বীপ ও কম্বোডিয়া—এই তিনটি দেশকে ওই তহবিলের টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ও সুইডিশ রাষ্ট্রদূত ব্রিট ফকম্যান হ্যাগস্ট্রম, জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল, ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লে কাসুরেট, স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ, ইতালির রাষ্ট্রদূত ইতালা ওচ্চি। এ ছাড়া ইইউভুক্তবেশ কয়েকটি কনসাল জেনারেল ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।