বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ মূল্যায়নে সতর্কতার সঙ্গে অপেক্ষায় থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার শুরুতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে গত এক বছরে এ দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগিয়েছে, তাতে বাংলাদেশকে নিয়ে উদ্বেগ রয়ে গেছে। উইলিয়াম বি মাইলাম মনে করেন, দুই বছরের অনির্বাচিত সরকারের শাসনামলের পর এ দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে মূল্যায়ন করতে হলে ‘সতর্কতার সঙ্গে অপেক্ষা’য় থাকতে হবে। এর পরও বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসুক এটাই প্রত্যাশা করেন ঢাকায় নিযুক্ত সাবেক—মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে দেশের জ্যেষ্ঠ কলাম লেখক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে উইলিয়াম বি মাইলার এ কথা বলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের সন্ধিক্ষণে (১৯৯০ থেকে ১৯৯৩ সাল) মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া সাবেক এই মার্কিন কূটনীতিক পাকিস্তানেও রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসে জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।সরকারের প্রথম বছরের কর্মকাণ্ড কীভাবে মূল্যায়ন করেন—জানতে চাইলে মাইলাম বলেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ছাড় দেওয়ার মনোভাব দেখিয়েছেন। অপেক্ষাকৃত তরুণ ও শিক্ষিত লোকজনকে মন্ত্রিসভার সদস্য হিসেবে বেছে নেন। এ সবই ইতিবাচক সূচনা। কিন্তু এর পরই বিজয়ী দলের হাতেই সব ক্ষমতা—পুরোনো সেই নীতিতে ফিরে গেছে সরকার। ফলে রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন এল না। তা ছাড়া বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণও শুভ লক্ষণ নয়। তাই বাংলাদেশ নিয়ে উদ্বেগ থেকে গেছে। তবে সবকিছুর বিশেষত রাজনীতিতে পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলে মনে করেন উইলিয়াম বি মাইলাম। মাইলাম বলেন, সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে ২০০৭ সালে বাংলাদেশে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত এড়ানো গেছে। তা ছাড়া ওই দুই বছর তারা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার চেষ্টার পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারেরও উদ্যোগ নেয়। বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সাবেক এ মার্কিন কূটনীতিক এবার ঢাকায় এসে এ দেশের রাজনীতিতে তেমন কোনো পরিবর্তন দেখছেন না বলে মন্তব্য করেন। মাইলাম বলেন, নানা কারণে দক্ষিণ এশিয়ার ব্যাপারে মার্কিন প্রশাসন ও জনগণের আগ্রহ বাড়ছে। এ আগ্রহের বড় কারণ, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে যাচ্ছে ভারত। সেই সঙ্গে বাংলাদেশের ভূমিকাও এ অঞ্চলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মতবিনিময়ে অংশ নেন বিশিষ্ট কলামিস্ট এবিএম মূসা, সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক সাজ্জাদ শরিফ ও আনিসুল হকসহ অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিক। অনুষ্ঠানের শুরুতে উইলিয়াম বি মাইলামকে স্বাগত জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।