বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি প্রশংসনীয়: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আলী আবদুস সালাম ট্রেকি বলেছেন, গণতান্ত্রিক অগ্রগতিতে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়।নিউইয়র্কে স্পিকার আবদুল হামিদের সঙ্গে গতকাল সোমবার এক সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য করেন।বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সংসদীয় দল নিয়ে স্পিকার আবদুল হামিদ এখন নিউইয়র্কে। জাতিসংঘ সদর দপ্তরে সংসদীয় দলের প্রতিনিধিরা সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে সাধারণ পরিষদের সভাপতিকে অবহিত করা হয়। স্পিকার জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদীয় কমিটিগুলো স্বচ্ছভাবে নিরলস কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণসহ সহস্রাব্দের লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের আইন প্রণেতাদের ভূমিকার কথাও সাধারণ পরিষদের সভাপতিকে অবহিত করা হয়।জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে সাধারণ পরিষদের সভাপতি আলী আবদুস সালাম ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানান। স্পিকার বলেন, বাংলাদেশ সব সময়ই ফিলিস্তিনি জনগণের পক্ষে ছিল। ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ ও লিবিয়ার ভ্রাতৃত্বের কথা উল্লেখ করে লিবিয়ার অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশের শ্রমশক্তির অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ প্রয়োজনে লিবিয়ায় আরও জনশক্তি পাঠাতে প্রস্তুত।জাতিসংঘ সদর দপ্তরে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, আবদুল মোমিন তালুকদার, মো. ইসরাফিল আলম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।