বাংলাদেশের গোয়েন্দারা উলফাকে সহায়তা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কোনো কোনো ব্যক্তি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) নানাভাবে সহায়তা করেছেন। আর পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স) উলফাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে।উলফার পররাষ্ট্রবিষয়ক সম্পাদক শশধর চৌধুরী ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। গত মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া সাক্ষাৎকারটি প্রকাশ করে। উলফার পররাষ্ট্রবিষয়ক সম্পাদক বলেন, উলফাকে পাকিস্তানের আইএসআই প্রশিক্ষণ দিয়েছে। পাকিস্তানে উলফার প্রথম ব্যাচ প্রশিক্ষণ নিতে যায় ১৯৯১ সালে। ওই ব্যাচে তিনি নিজেও ছিলেন। শশধর চৌধুরী বলেন, তিনি ১৯৮৫ সালে উলফায় যোগ দেন। ১৯৯২ সালে উলফার পররাষ্ট্রবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। উলফায় যোগ দেওয়ার পরপর নাগা বিদ্রোহীদের (ন্যাশনাল সোস্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড) ক্যাম্পে প্রশিক্ষণ নেন। এরপর ১৯৮৮ সালে অন্যান্যের সঙ্গে তিনি মিয়ানমারের কাচিন রাজ্যে যান প্রশিক্ষণের জন্য। সেটা ছিল কাচিনে পাঠানো উলফার দ্বিতীয় ব্যাচ। গেরিলাযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য তাঁরা দুই বছর কাচিন ইনডিপেনডেন্ট আর্মির (কাচিন রাজ্যের স্বাধীনতার জন্য লড়াইরত) সঙ্গে মিয়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁরা কাচিন বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র ধারও করেছেন। তাঁরা পরে আর্থিকভাবে সবল হওয়ার পর নিজেরা সরাসরি অস্ত্র কেনা শুরু করেন।শশধর দাবি করেন, চীন কখনো সরাসরি তাঁদের কাছে অস্ত্র বিক্রি করেনি। পরোক্ষভাবে বিক্রি করেছে। শশধর বলেন, উলফার সদর দপ্তর ছিল ভুটানের জঙ্গলে। ২০০৩ সালে সেখান বড় ধরনের সেনা অভিযান হয়। তাতে বিপুলসংখ্যক উলফার সদস্য নিহত হন। এরপর উলফার সদর দপ্তর প্রথমে বাংলাদেশে, এরপর মিয়ানমারে স্থানান্তরিত হয়।শশধর চৌধুরী বলেন, তিনি ১৯৯৭ সালে বাংলাদেশে উলফার সাংস্কৃতিক শাখার কর্মী রুনিমাকে বিয়ে করেন। এর পর থেকে ২০০৯ সালের নভেম্বরে ঢাকায় আটক হওয়ার আগ পর্যন্ত টানা এক যুগ তিনি বাংলাদেশেই অবস্থান করেছেন। সর্বশেষ ঢাকার উত্তরায় ভাড়া বাসায় ছিলেন। তাঁদের এক মেয়ে, এখন বয়স ১০ বছর; সে ঢাকার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে পড়ত। শুধু শশধরই নন, উলফার প্রায় সব কেন্দ্রীয় নেতাই সপরিবারে বাংলাদেশে অবস্থান করতেন।শশধর বলেন, তিনি রফিকুল ইসলাম নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন। তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন নাম ধারণ করেছিলেন। শশধর চৌধুরীর কাছে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও মিয়ানমার, ফিজি ও দক্ষিণ আফ্রিকার পাসপোর্টও ছিল।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছিল উলফা। সম্প্রতি সংগঠনটি একতরফা যুদ্ধবিরতি ঘোষণা ও ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শন্তি আলোচনা শুরু করেছে। এর আগে গত শুক্রবার হিন্দুস্তান টাইমস উলফার চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়ার এক সাক্ষাৎকার প্রকাশ করে। তাতে বলা হয়, রাজখোয়া বলেছেন, পাকিস্তান সরকারের ভেতরে থাকা উগ্রপন্থী একটি অংশ উলফাকে অস্ত্র সরবরাহ করত। আর এই অস্ত্র বাংলাদেশ হয়ে আসামে ঢুকত। উলফা ১৯৯০ সাল থেকে পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ পাচ্ছিল।এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়, উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গোগৈ পাকিস্তানের কোনো উগ্রপন্থী অংশের সঙ্গে উলফার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের চেয়ারম্যান রাজখোয়াও এমন কোনো কথা গণমাধ্যমকে বলেননি।