মন্তব্য প্রতিবেদন: মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর
বাংলাদেশের চাওয়া-পাওয়া প্রস্তুতি কতটুকু
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বহু প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত সফরে ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন। তাঁর এই সফরে দুই দেশের সম্পর্ক এক উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে সবার আশা। ভারতের দিক থেকে তাদের চাওয়া-পাওয়ার বিষয়গুলো শুরু থেকেই আমাদের কাছে পরিষ্কার। তবে বাংলাদেশ এই সফর থেকে কী পেতে চায়, জরুরি বিষয়গুলো কী, সেসব আমরা খুব বেশি জানি না।চলতি বছরের শুরু থেকেই ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি আলোচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনসহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য তাঁর এ সফর বিলম্বিত হয়েছে। অন্যদিকে, দুই দেশের মধ্যকার সব সমস্যা এক সফরের মাধ্যমে সমাধান করার আকাঙ্ক্ষার ফলে এই বিলম্ব হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা।এখন থেকে ২০ মাস আগে, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গিয়েছিলেন। ওই সফরের সময় স্বাক্ষরিত যৌথ ইশতেহার দুই দেশের সম্পর্কে উচ্চ মাত্রা যোগ করে। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রায় চার দশকের পর দুই দেশের সম্পর্ক একটা নতুন পথে যাত্রা করতে যাচ্ছে। বিশ্বের বড় বড় রাজধানীতে এ বিষয়টি বিশেষভাবে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।বিগত দুই বছরে সীমান্তে যৌথ সমীক্ষা, তিনবিঘা করিডরে যাতায়াত অবাধ এবং বিদ্যুতায়ন, মানচিত্র স্বাক্ষর, সীমান্ত হাট চালু, ইছামতী নদীতে ড্রেজিং, বিদ্যুৎ সরবরাহ চুক্তি এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় নিহত হওয়ার ঘটনা কমে এসেছে। খুলনা ও চট্টগ্রামে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। তিস্তা ও ফেনী নদীর পানিবণ্টনে অগ্রগতি আছে। এবং একটি অন্তর্বর্তীকালীন চুক্তিও হতে যাচ্ছে। ১০০ কোটি (সাত হাজার কোটি টাকার বেশি) ডলারের ঋণচুক্তির প্রায় ৭৫ কোটি ডলার ব্যয়ে রেল-ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের কাজ এগিয়েছে। এভাবেই বিগত দুই বছরেও দুই দেশের সম্পর্ক উন্নয়নের কাজ বেশ দ্রুত এগিয়েছে।টানাপোড়েনের সম্পর্কবিগত চার দশকে বাংলাদেশ-ভারত সম্পর্কে আমরা অনেক উত্থান-পতন দেখেছি। একাত্তরের স্বাধীনতাসংগ্রামের বিজয়ের পটভূমিতে দুই দেশের সম্পর্কের দৃঢ় ভিত্তি তৈরি হলেও পঁচাত্তর-পরবর্তী ঘটনায় তা বড় রকমের ধাক্কা খায়। ‘ভারত বিরোধিতা’ তখন থেকেই অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে প্রধান ধারা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায়। এটা চলতে থাকে ’৯০ সালের সামরিক-আধাসামরিক সরকারগুলোর শাসনকাল পর্যন্ত। এরশাদের শাসনের বিদায়ের পর বিগত দুই দশকের রাজনৈতিক সরকারগুলোর আমলে দুই দেশের সম্পর্কে বড় তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। নব্বইয়ের শুরুতে প্রথম বিএনপি সরকারের (১৯৯১-১৯৯৬) আমলে তিনবিঘা করিডর চুক্তি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছিল। এরপর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি হয়। পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরে ভারতের সহযোগিতা পায় বাংলাদেশ। এরপর বিশেষ কোনো অগ্রগতি হয়নি। তখন দিল্লিতে সৃষ্টি হয়েছিল হতাশা। বিগত বিএনপি সরকারের আমলে (২০০১-২০০৬) দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিএনপির ভারত-বিরোধিতার নীতি চরমে পৌঁছেছিল। তবে বিগত সশস্ত্র বাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (২০০৭-২০০৮) সময়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বরফ গলতে শুরু করে। কিছুটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।বিগত দিনগুলোতে এটা আমরা দেখেছি যে, বাংলাদেশ-ভারত সম্পর্ক আমাদের জন্য একটি বড় অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আমাদের রাজনীতি, অর্থনীতি বা যেকোনো ধরনের সংকটের জন্য ভারতকে দায়ী করা হয়েছে। এমনকি রাজনীতিতে-নির্বাচনে নিজেদের সাফল্য-ব্যর্থতার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতকে দায়ী করেছেন দেশের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।বৃহৎ প্রতিবেশী, অনেক প্রত্যাশাভারত আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক দেশ। অর্থনৈতিক ক্ষেত্রে ভারত দ্রুত উন্নতি করছে। সব মিলিয়ে ভারত বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দেশ। সে জন্য ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। কারণ এর সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশ্ন জড়িত। ভারতের মতো বড় অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারলে আমাদের অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে দ্রুত সাফল্য আসতে পারে। এসব কথা দেশ-বিদেশের বিশেষজ্ঞরা সব সময় বলছেন আমাদের। আমরাও সেটা বুঝি।বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা সরকার ভারতের প্রধান উদ্বেগের বিষয়ে দুই দেশের মধ্যে নিরাপত্তার ব্যাপারে দ্রুত শক্ত পদক্ষেপ নেয়। আসাম ও অন্যান্য রাজ্যের বিচ্ছিন্নতাবাদী উগ্র গোষ্ঠীগুলোকে সব ধরনের সহায়তা প্রদান বন্ধ করে। এসব গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও হস্তান্তর করে। তাদের আশ্রয় বা প্রশিক্ষণকেন্দ্র ভেঙে দেয়। আমরা জানি, দীর্ঘদিন বিগত সব সরকারগুলোর আমলে এসব গোষ্ঠী নানাভাবে আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা পেয়েছে। সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো তাদের কার্যক্রমে সহায়তা করেছে বলে নানা সূত্রে জানা যাচ্ছে।বাংলাদেশ সরকারের এই পদক্ষেপগুলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন নিয়ে আসে। ভারত সরকার ও জনগণের মধ্যে বাংলাদেশ ও বর্তমান সরকার সম্পর্কে অত্যন্ত ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।আমরা সব সময় শুনে এসেছি, ভারতের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারলে বাংলাদেশকে সব ক্ষেত্রে সর্বাত্মক সাহায্য করবে নয়াদিল্লি। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, অর্থনীতিসহ সহযোগিতার ক্ষেত্রগুলোর বিস্তার ও অগ্রগতি ঘটবে। এটা এখন আমাদেরও আশা। তবে এটা নির্ভর করছে এ ক্ষেত্রগুলোতে আমরা ভারতের কাছ থেকে কত বেশি সুবিধা আদায় করে নিতে পারি, তার ওপর।বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু অমীমাংসিত জরুরি বিষয়গুলো হলো: সাড়ে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমানা নির্ধারণ, উভয়ের অপদখলীয় জমি হস্তান্তর ও ছিটমহল বিনিময়, দুই দেশের তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, অগ্রাধিকারভিত্তিক বাণিজ্যসুবিধা পাওয়া, ভবিষ্যতের জন্য বিদ্যুৎ পাওয়া, দুই দেশের মধ্যে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণ, এমন আরও অনেক বিষয়। এর মধ্যে কতগুলো বিষয় এখন সহজ সমাধানযোগ্য হলেও অতীতে ভারতের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।ইতিমধ্যে ঢাকার বিভিন্ন মহলে এমন ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের দিক থেকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। আর বাংলাদেশ অনেকটাই নির্ভর করছে ভারতের শুভেচ্ছা বা সহযোগিতার মনোভাবের ওপর। বাংলাদেশের জন্য সুবিধা আদায়ের বড় অস্ত্র ট্রানজিট-সুবিধা ভারতকে দেওয়ার প্রস্তুতি চলেছে। ভারতের পূর্ব-পশ্চিমের মধ্যে পণ্য ব্যবহারে রেল-সড়ক-নদীপথে ট্রানজিট এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য প্রসারে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে ব্যাপক সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। এ সুবিধা নেপাল ও ভুটান পাবে। তবে ঢাকার মন্ত্রী ও উপদেষ্টারা এখন বলছেন, রেল ও সড়ক ট্রানজিট-সুবিধা কার্যকর করতে বেশ সময় লাগবে। সে জন্য এ বিষয়ে এখনই তাড়াহুড়োর কী প্রয়োজনীয়তা ছিল, তা বোঝা যাচ্ছে না।ভারত সরকারের উদ্যোগআমরা দেখছি, বিগত সময়কালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বেড়েছে। যদিও এখনো আমাদের রপ্তানি ভারত থেকে আমদানির এক-চতুর্থাংশেরও অনেক কম। নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ বেড়েছে। সাংস্কৃতিক যোগাযোগ বাড়ছে। বর্তমান সরকার আসার পর এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে ভারতের দিক দিয়েও আগ্রহ বেড়েছে।ভারতের প্রধানমন্ত্রীর সফরে বিলম্ব হলেও এই সফর সামনে রেখে ভারতের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে ঢাকা ঘুরে গেছেন। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্র, বাণিজ্য, পানিসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঢাকায় বৈঠক করেছেন।ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাগরিক সমাজের প্রতিনিধি এবং সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফরে সরকারের বাইরেও অন্য দলের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। এ থেকে বোঝা যায়, ভারতীয় সরকার ও নেতৃত্ব আমাদের সরকার বা সরকারি কর্মকর্তাদের বাইরেও সমাজের নানা স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে, যাঁদের মতামতের গুরুত্ব আছে, তাঁদের সঙ্গে কথা বলছেন। এতে করে ভারতীয় নেতৃত্বের চিন্তাভাবনা আমরা বুঝতে পারছি। দিল্লি সরকারের মূল লক্ষ্য হলো, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শুধু সরকার নয়, সবাইকে সঙ্গে নেওয়া, তাদের সমর্থন পাওয়া।সে জন্য বাংলাদেশ সরকার কথা না বললেও দিল্লির সরকারের প্রতিনিধিরা ঢাকায় এলে বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও কথা বলবেন।আমরা জানি, ভারতীয় সরকার সে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ও প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় আসছেন বাংলাদেশের সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁদের মধ্যে দুজন কংগ্রেস দলের নন। এসব থেকে এটা বোঝা যায় যে মনমোহন সিংয়ের সরকার ভারতের সব দল ও মতকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী সম্পর্ক তৈরির চেষ্টা করছে। তবে তিস্তা নদীর পানিবণ্টন ও অপদখলীয় জমি হস্তান্তর-প্রক্রিয়া নিয়ে ভারতের বিজেপি, আরএসপি ও আসাম গণপরিষদের কিছু আপত্তি আছে বলে জানা গেছে।উল্টো চিত্র বাংলাদেশেআমরা দেখছি, বাংলাদেশ সরকার প্রধান বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন বোধ করছে না। অবশ্য তেমন কোনো ধারাও আমাদের দেশে নেই। কেউ কারোর সঙ্গে কথা বলেন না। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সফরকে উপলক্ষ করে সরকারের সমর্থক মহাজোট নেতৃত্ব ও পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির কোনো বৈঠক হয়েছে বলে আমরা শুনিনি। দিল্লিতে নিযুক্ত সাবেক হাইকমিশনার এবং সাবেক পররাষ্ট্রসচিবদের সঙ্গেও আলোচনা বৈঠক হলেও ভালো হতো। অতীতের অভিজ্ঞতা থেকে তাঁদের কথা শুনতে পারতেন বর্তমান নেতৃবৃন্দ। অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হতে পারত। শুধু সমর্থন পাওয়ার জন্য নয়, এভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলকে আওয়ামী লীগ সরকার সঙ্গে নিতে পারত।শুধু রাজনৈতিক দল কেন, নাগরিক সমাজ বা সংবাদমাধ্যমের সঙ্গেও কোনো কথা বলেন না সরকারের কেউ। শুনতেও চান না। কারণ, নাগরিক সমাজকে পছন্দ করেন না। সংবাদমাধ্যমকে তারা ‘শত্রু’ মনে করে এড়িয়ে চলে। তার পরও সংবাদপত্রে মন্ত্রী বা উপদেষ্টাদের মতামত যতটুকু জানা যায়, সেটা সংবাদপত্র বা সাংবাদিকদের চেষ্টায় হচ্ছে। সরকার ভাবছে, তারা নির্বাচনে জিতে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং এখন যা করব, তার সবকিছুতেই জনগণের সমর্থন আছে। কিন্তু এটা তো এভাবে হয় না।ভারতের সঙ্গে আলোচনা আসলেই কে চালাচ্ছেন? পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে তো কোথাও দেখা যায় না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের ভূমিকা থাকলেও মন্ত্রীর তেমন ভূমিকা নেই। আমরা দেখতে পাচ্ছি, সবকিছু চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়কেন্দ্রিক। প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা ড. মসিউর রহমান ও ড. গওহর রিজভী বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা অনেকবার দিল্লি গেছেন, তাঁরা অবশ্যই যোগ্য ও অভিজ্ঞ। কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অতীতের ইতিহাসের সব বিষয় তাঁদের ততটা জানার কথা নয়। সব মিলিয়ে যে প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কোন্নয়নের মতো কঠিন ও জটিল বিষয়গুলোর সমাধানের কাজ চলছে, তাতে এই প্রচেষ্টা সফল হলেও তা কি স্থায়ী হবে?প্রশ্ন, বিতর্ক ও বিভক্তিবাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান নিয়ে এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশের মানুষের মধ্যে নানা প্রশ্ন, নানা বিতর্ক আছে। রাজনৈতিক দলগুলোও এসব বিষয়ে বিভক্ত। বিরোধিতাও আছে অনেকের মধ্যে। সম্প্রতি বিএনপির কথায় ভিন্ন সুর শোনা যাচ্ছে। যদিও তাদের অতীতের অবস্থান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সহায়ক ছিল না। তাই ভারতের সঙ্গে সুদূরপ্রসারী স্থায়ী সম্পর্ক করতে হলে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সবাইকে আস্থায় নেওয়া জরুরি। সে কাজটি বর্তমান ক্ষমতাসীন সরকার করেনি।সরকার এ ব্যাপারে বলতে পারে, আলোচনা করে কিছু হবে না। না-ও হতে পারে। কিন্তু চেষ্টা তো করতে হয়। আর যদি এমন কিছু থেকে থাকে, যা ভারতের কাছ থেকে আদায় করে নিতে হবে, তাহলে তো সে জন্য দেশবাসীর সমর্থন লাগবে। দেশের মানুষকে জানাতে হবে, কী করতে যাচ্ছে সরকার। সেসব বিষয়ে দেশের মানুষ তেমন কিছু জানে না।আমরা দেখছি, বাংলাদেশ সরকার শুধু কথা বলছে ভারতের সরকারের সঙ্গে। সেটাও হচ্ছে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে। সে দেশের অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ বা প্রচারমাধ্যমকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেছে কি? দিল্লি ও অন্যত্র বাংলাদেশের অনেক শুভানুধ্যায়ী বন্ধু আছে।সাধারণভাবে আমাদের ধারণা হচ্ছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বড় বিষয়গুলোতে ভারতের শুভবুদ্ধি বা শুভেচ্ছা-ভাবনার ওপরই মূলত নির্ভর করছে। সরকার হয়তো ভাবছে, ভারতের বর্তমান সরকার বাংলাদেশের বন্ধু। সেটা হলেও দেশবাসীকে সঙ্গে না নিলে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক স্থায়ী হওয়া কঠিন হয়ে পড়ে। ট্রানজিট বাংলাদেশের শেষ ট্রাম্পকার্ড। এটা ঠিকমতো খেলতে না পারলে বিরাট সুযোগ নষ্ট করব আমরা। তাই ট্রানজিটের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন, শুল্কমুক্ত বাজারসুবিধাসহ ভারতের সঙ্গে বকেয়া সব বিষয় একটি প্যাকেজের আওতায় আনা এবং সেই আলোকে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে অনেকে মনে করেন। ট্রানজিটের বিনিময়ে দেশবাসী যে অনেক কিছু পেয়েছে—এটা প্রমাণ করতে হবে সরকারকে। কারণ দুই দেশের মধ্যে স্পর্শকাতর বিষয়গুলোতে স্থায়ী সমঝোতার জন্য অবশ্য দেশের সবার সমর্থন প্রয়োজন। এ ধরনের ব্যাপক জনমত ও সমঝোতা তৈরির প্রচেষ্টার পর কেউ না এলে তখন আর সরকারকে দায়ী করার কিছু থাকে না। ভবিষ্যতে ঢাকায় সরকার পরিবর্তন হলে কী হবে? প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতিমধ্যে ভারতীয় সম্পাদকদের সঙ্গে আলোচনায় সে ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। ফলে বাস্তবে আশঙ্কা থেকেই যায়।প্রয়োজন স্বচ্ছ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিবাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই মন্ত্রী, উপদেষ্টারা নানা কথা বলছেন। ট্রানজিট নিয়ে নানা মন্ত্রী ও উপদেষ্টার কথায় বিতর্কও তৈরি হয়েছে। ট্রানজিট চুক্তি আলোচনার শেষ পর্যায়ে এসে শুনছি, এ জন্য চুক্তি লাগবে না। এটা তো নতুন কথা! আসলেই কি ১৯৭২ সালের চুক্তিতে এসব কিছু রয়েছে? দুই দেশের মধ্যকার সমস্যাবলি সমাধানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন রয়েছে। তবে শুধু রাজনৈতিকভাবেই সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। তা অবশ্যই অর্থনীতি, বাণিজ্য ও কারিগরি অনেক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। সে জন্য পুরো বিষয়টিকে শুধু রাজনৈতিকভাবে দেখলেও আবার ভুল হয়ে যেতে পারে।বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে উচ্চপর্যায়ে নিতে এবং তা স্থায়ী করতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের জন্য দেশের বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলা প্রয়োজন ছিল। এই সম্পর্ক তখনই স্থায়ী হবে, যখন দেশের মানুষ বুঝতে পারবে যে এ থেকে তারা লাভবান হবে। শুধু বর্তমান নাগরিক নয়, ভবিষ্যৎ প্রজন্মও বুঝতে পারবে যে দুই দেশের মধ্যে যা কিছু হচ্ছে তাতে তারাও উপকৃত হবে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় আসছেন তিন দিন পর। ইতিমধ্যে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমস্যা এবং সামনে এগিয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে দুই দেশের দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থকে সামনে রেখে নিঃসন্দেহে গত দেড় বছরের কার্যক্রমের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করবেন। আমরা মনে করি, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে উচ্চতর পর্যায়ের রাজনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা রাখতে হবে। রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের কারিগরি প্রস্তুতি ও জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং দুই দেশের আলোচনার ফলাফল এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা আশা করি।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।