বাংলাদেশের চেয়েও দূষিত ভারতের বায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি বায়ু-দূষণকারী দেশগুলোর একটিতে পরিণত হয়েছে ভারত। ভারতের চেয়েও চীন, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ কম বায়ু-দূষণকারী দেশের স্বীকৃতি পেয়েছে। সুইজারল্যান্ডের ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের ইয়েল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ১৩২টি দেশের ওপর এ জরিপ পরিচালনা করে। গবেষণার কাজে বিশ্বের ১২টি দেশের বিজ্ঞানীদের সহযোগিতা নেওয়া হয়। এতে দেখা যায়, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাতাস নির্গমনের দিক থেকে ভারত শীর্ষে অবস্থান করছে। বাতাসে দূষণের মাত্রা পরিমাপ করার জন্য তারা বিভিন্ন সংস্থার গবেষণা তথ্য-উপাত্তকে যুক্ত করেছে। গবেষণায় বলা হয়, বায়ু-দূষণের দিক দিয়ে ১৩২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২৫তম। ভারতের নিচে আছে কেবল কুয়েত, ইয়েমেন, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরাক। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১১৫তম এবং পাকিস্তান আছে তালিকার ১২০ নম্বরে।গবেষণা প্রতিবেদনে বলা হয়, ভারত বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে নানা রকম বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়। এ গ্যাসই মূলত ভারতের বাতাসকে দূষিত করতে মুখ্য ভূমিকা পালন করে। আর এসব গ্যাস মানুষের শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ এবং ক্যানসারের সৃষ্টি করে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরেকটি গবেষণায় বলা হয়, ভারতের পাঁচ বছরের নিচের বেশির ভাগ শিশু শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের কারণে মারা যায়। শুধু তা-ই নয়, ভারতের হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডের প্রায় ১৩ শতাংশ রোগী এই সংক্রমণে মারা যায়।এ প্রসঙ্গে ভারতের বিজ্ঞান ও পরিবেশ-বিষয়ক কেন্দ্রের নির্বাহী পরিচালক অনুমিতা রায় চৌধুরী বলেছেন, শুধু ভারতের বড় শহরগুলোতেই নয়, ছোট ছোট শহরেও ব্যাপকভাবে বাতাস দূষিত হচ্ছে। তিনি ভারতের বাতাস দূষিত হওয়ার কারণ হিসেবে যানবাহন বেড়ে যাওয়াকে দায়ী করেছেন। অনুমিতা রায় বলেন, এই দূষিত বাতাস নির্গমন রোধ করতে না পারলে তা দেশের জন্য ব্যাপক বিপর্যয় ডেকে আনবে। তাই তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।তবে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অধীন বায়ু গবেষণাগারের বিজ্ঞানী শাহা বলেন, এ গবেষণার ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শাহার মতে, ‘আমাদের দেশকে অন্য দেশের সঙ্গে তুলনা করা ঠিক নয়। এ দেশের ঋতুভিত্তিক বৃষ্টিপাত, মরুভূমি ও ধুলাময় অবস্থা বাতাস দূষিত হওয়ার জন্য অনেকাংশে দায়ী। আর এটা প্রতিরোধে আমরা সারা দেশে পানি ছিটানোর ব্যবস্থা নিশ্চয় করতে পারি না।’ এনডিটিভি।