বাংলাদেশের ছবি নিয়ে ভারতে তিনটি উৎসব
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র নিয়ে ভারতের কলকাতা, দিল্লি ও আগরতলায় তিনটি উৎসব আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ‘বাংলাদেশ ওয়ার অব লিবারেশন ইন সেলুলয়েড’ শিরোনামে প্রথম উৎসবটি হবে কলকাতায়, ৯ থেকে ১১ ডিসেম্বর। ভারতের বাংলাদেশ দূতাবাস, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, চলচ্চিত্র উৎসব বিভাগ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই উৎসবের আয়োজন করেছে। এরপর পর্যায়ক্রমে উৎসব আয়োজন করা হবে দিল্লি ও আগরতলায়। আর এ দুটি উৎসব হবে আগামী বছর ২৬ মার্চের আগেই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গৌরবময় ইতিহাস চলচ্চিত্রের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া এই উৎসব আয়োজনের অন্যতম লক্ষ্য।কলকাতায় আয়োজিত উৎসবে আমন্ত্রিত চলচ্চিত্রগুলো হলো তারেক মাসুদের মাটির ময়না, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, মোরশেদুল ইসলামের খেলাঘর ও আমার বন্ধু রাশেদ, তৌকীর আহমেদের জয়যাত্রা এবং বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ১৯৭১। কলকাতার উৎসবে যোগ দেওয়ার জন্য নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী জয়া আহসান, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক (বিপণন) ইবনে হাসান খান এবং প্রযোজক-পরিবেশক হাবিবুর রহমান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের জন্য মনোনীত মাটির ময়না ছাড়া অন্য পাঁচটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।