বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৪ শতাংশ। আদমশুমারি ও গৃহগণনা, ২০১১-এর প্রাথমিক ফলাফলে এই তথ্য জানা গেছে। গতকাল শনিবার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এর আগে জাতিসংঘের বিভিন্ন সংস্থা দেশের জনসংখ্যা ১৬ কোটি ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছিল। সেই হিসাব থেকে সরে এসে জাতিসংঘ গতকাল বলেছে, বাংলাদেশের জনসংখ্যা এখন ১৪ কোটি ৮৭ লাখ। নতুন শুমারি অনুযায়ী, পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে সাত কোটি ১২ লাখ ৫৫ হাজার ও সাত কোটি ১০ লাখ ৬৪ হাজার। এই হিসাবে পুরুষ ও মহিলার অনুপাত (প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা) ১০০ দশমিক ৩। দেশে প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন বাস করে। দেশে খানার সংখ্যা তিন কোটি ২০ লাখ ৬৭ হাজার ৭০০টি। খানার গড় আকার ৪ দশমিক ৪।পরিকল্পনা কমিশনের এনইসি সভাকক্ষে আদমশুমারির ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিম বলেন, প্রকৃত গণনা ও শুমারি-পরবর্তী যাচাইয়ের পর এ সংখ্যা আরও কিছু বাড়বে। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা বলেন, শুমারির পর প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তা-ই হুবহু প্রকাশ করা হয়েছে।ফলাফল প্রকাশের আগে এ কে খন্দকার বলেন, দেশের জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্যসহ অনেক বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে আদমশুমারি ও গৃহগণনা থেকে। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, নির্বাচনী এলাকা নির্ধারণ, সরকারি চাকরিতে কোটা নির্ধারণসহ বিভিন্ন কাজে মূল তথ্যভিত্তি হিসেবে শুমারির ফলাফলকে কাজে লাগানো হবে।স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা হয়েছিল ১৯৭৪ সালে। এরপর হয়েছিল ১৯৮১, ১৯৯১ এবং ২০০১ সালে। এ বছরের অর্থাৎ পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার প্রেক্ষাপট বর্ণনা করার সময় শাহজাহান আলী মোল্লা বলেন, ‘তথ্য প্রকাশ করার ক্ষেত্রে কোনো লুকোচুরি করা হয়নি। আমরা একটা সংখ্যাও বদল করিনি।’ তিনি জানান, তথ্য প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ইউকি সুহারিও বলেন, জাতিসংঘের জনসংখ্যা বিভাগের সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ। তিনি জানান, প্রতি দুই বছর পরপর জাতিসংঘের প্রাক্কলনে পরিবর্তন হয়। স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম, ভোটার নিবন্ধন, প্রজনন হার, মাতৃমৃত্যু এবং অভিবাসনের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে জাতিসংঘ এ প্রাক্কলন করে। বিভিন্ন সময়ে জাতিসংঘের প্রাক্কলনের সঙ্গে বিবিএসের দেওয়া জনসংখ্যার তথ্যের গরমিলের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ইউকি সুহারিও এ কথা বলেন।উল্লেখ্য, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা গত কয়েক বছর যে পরিসংখ্যান ব্যবহার করছে, তার সঙ্গে বিবিএসের পরিসংখ্যানের বেশ পার্থক্য দেখা যায়। ইউএনএফপিএ ২০০৮ সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বলেছিল, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ১৩ লাখ। আবার ২০১০ সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৪৪ লাখ।অনুষ্ঠানে বিবিএসের মহাপরিচালক জানান, ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রশ্নপত্র ব্যবহার করে দেশের সব গৃহ, খানা ও মানুষের মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। মাঠপর্যায়ে দুই লাখ ৯৬ হাজার ৭১৮ জন গণনাকারী প্রশ্নপত্র পূরণ করেন এবং ৪৮ হাজার ৫৩১ জন সুপারভাইজার তাঁদের কাজ তদারক করেন। এর আগে প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ইউএসএআইডি।অনুষ্ঠানে বেশ কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন এবং অনেকে হাত তুলে জানান, গণনাকারীরা তথ্য সংগ্রহের জন্য তাঁদের বাড়িতে যাননি। এ প্রসঙ্গে আদমশুমারি ও গৃহগণনা, ২০১১-এর প্রকল্প পরিচালক অসীম কুমার দে বলেন, এত বড় কাজে কিছু ক্রটি-বিচ্যুতি থাকতেই পারে। তবে সেসব ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য শুমারি-পরবর্তী যাচাই (পোস্ট ইমিউনারেশন চেক-পিইসি) করা হচ্ছে। যাচাইয়ের তথ্য গণনাকৃত পরিসংখ্যানের সঙ্গে সমন্বয় করা হবে।পরিকল্পনামন্ত্রী বলেন, কাজে স্বচ্ছতা আনার জন্য এ বছর প্রথম পিইসির দায়িত্ব দেওয়া হয়েছে বাইরের একটি প্রতিষ্ঠানকে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস) এ কাজটি করবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির প্রতিনিধি কান্তা জামিল বলেন, যথাযথ পরিকল্পনা গ্রহণের জন্য সঠিক আদমশুমারি ও গৃহগণনা প্রয়োজন। বিবিএসকে তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো সহায়তা করছে।প্রবণতা: দেশের জনসংখ্যার প্রবণতা বিষয়ে অনুষ্ঠানে জানানো হয়, বিগত শুমারিগুলো ও বর্তমান শুমারির ফলাফলের মধ্যে সামঞ্জস্য রয়েছে। এতে দেখা যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে বার্ষিক বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩২; ১৯৯১ সালে তা কমে দাঁড়ায় ২ দশমিক শূন্য ১-এ। আর ২০০১ সালে হয় ১ দশমিক ৫৮; বর্তমানে ১ দশমিক ৩৪।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল বিভাগে মানুষ কমছে। ২০০১ সালের শুমারিতে এই বিভাগে মানুষ ছিল ৮১ লাখ ৭৪ হাজার। বর্তমান শুমারিতে ৮১ লাখ ৪৭ হাজার। অর্থাৎ এই বিভাগে ১০ বছরে মানুষ না বেড়ে ২৭ লাখ কমেছে। বৃদ্ধির হার বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য শতাংশ। এ ব্যাপারে সাংবাদিকেরা প্রশ্ন করলে বিবিএসের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অবশ্য প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ প্রয়োজন।জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (যথাক্রমে ২ দশমিক ১, ১ দশমিক ৮ ও ১ দশমিক ৩ শতাংশ)। প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোপলিটন এলাকার আকর্ষণ এর সম্ভাব্য কারণ হতে পারে। অন্যদিকে খুলনা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক ৬ শতাংশ। রাজশাহী ও রংপুর বিভাগে যথাক্রমে ১ দশমিক ১ ও ১ দশমিক ২ শতাংশ।জনঘনত্ব: সর্বশেষ শুমারি অনুযায়ী, দেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৯৬৪ জন মানুষ বাস করে। ১০ বছর আগে একই পরিমাণ জায়গায় বাস করত ৮৩৪ জন মানুষ। বর্তমান পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে জনঘনত্ব সবচেয়ে বেশি। এই বিভাগে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ৫০২ জন মানুষ বাস করে। সবচেয়ে কম বরিশাল বিভাগে, প্রতি বর্গকিলোমিটারে ৬১৩ জন মানুষের বসবাস। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা জেলায়, প্রতি বর্গকিলোমিটারে আট হাজার ১১১ জন। প্রতি বর্গকিলোমিটারে মাত্র ৮৬ জন মানুষ বাস করে পার্বত্য জেলা বান্দরবানে। এটাই সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা।অনুষ্ঠানের নির্ধারিত আলোচক প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। এসব এলাকায় শিল্পায়ন এর কারণ হতে পারে। তিনি বলেন, দেশের যেসব এলাকায় ফতোয়াবাজদের দৌরাত্ম্য বেশি দেখা যাচ্ছে, সেসব এলাকায় পরিবারের আয়তন বড়।পুরুষ-মহিলা অনুপাত: দেশে বর্তমানে পুরুষ ও মহিলার অনুপাত (প্রতি ১০০ জন মহিলার বিপরীতে পুরুষের সংখ্যা) ১০০ দশমিক ৩। এটা গত দুটি আদমশুমারির তুলনায় বড় ধরনের পার্থক্য। ১৯৯১ ও ২০০১ সালের আদমশুমারিতে পুরুষ ও মহিলার অনুপাত ছিল যথাক্রমে ১০৬ দশমিক ১ ও ১০৬ দশমিক ৪। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, পুরুষ ও মহিলার অনুপাতে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রকৃত কারণ জানতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যা প্রকাশিত হবে ২০১২ সালে।অভিবাসন, শুমারির আওতায় বেশি মহিলার অন্তর্ভুক্তি ও মাতৃমৃত্যু হ্রাস মহিলার সংখ্যা বৃদ্ধির সম্ভাব্য কারণ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মসিউর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য এটি সুখবর।