বাংলাদেশের জন্য শুভকামনা
রস টেলরের মতো কোনো ‘উপহার’ নয়। ২৫তম জন্মদিনে তবু ব্যাট হাতে রানের দেখা পেলেন এলটন চিগুম্বুরা। রানের দেখা মানে মাত্রই অপরাজিত ৩২। কিন্তু ৩০ রানের একটা ইনিংস আছে যার ১১ ইনিংস আগে, তাঁর কাছে এই রানটাও তো কিছু একটা! প্রাপ্তি বলতে এটুকুই। দল হেরেছে বাজেভাবে, নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াও। পরশু জিম্বাবুয়ে অধিনায়ক তার পরও তৃপ্তির একটা উপলক্ষ খুঁজে পেলেন। সেটি বাংলাদেশের জয়!সেই আইসিসি ট্রফি থেকেই দুই দলের মধ্যে একটা ‘প্রতিদ্বন্দ্বী’ ধরনের সম্পর্ক। একসময় জিম্বাবুয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল অনেকটা। সময়ের পরিক্রমায় এখন নিরঙ্কুশ এগিয়ে বাংলাদেশ। নিজেদের ভবিষ্যতের জন্য বাংলাদেশকেই অনুপ্রেরণা মানছেন চিগুম্বুরা, ‘শুধু এই বিশ্বকাপে নয়, গত দেড়-দুই বছর ধরেই দারুণ খেলছে বাংলাদেশ। আগে হয়তো রেজাল্ট পায়নি, এখন পেতে শুরু করেছে। বাংলাদেশের ভালো করা আমাদের জন্যও অনুপ্রেরণা। কারণ, শক্তিতে আমরা সব দলের মধ্যে বাংলাদেশেরই সবচেয়ে কাছাকাছি। বাংলাদেশ ভালো করলে তাই নিজেরাও ভালো করার ব্যাপারে আশাবাদী হই। আশা করি, বাংলাদেশ বিশ্বকাপের শেষ আটে উঠবে। বাংলাদেশ দলের জন্য আমার শুভকামনা থাকল।’কোচ বলেই হয়তো অ্যালান বুচার গেলেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিকে। ৫৮ রানে অলআউট হওয়া তরুণ এক দলের এভাবে ঘুরে দাঁড়ানোয় বিস্মিত জিম্বাবুয়ে কোচ, ‘একটা-দুটো দিন এ রকম আসে, যার কোনো ব্যাখ্যা হয় না। ৫৮ রান করা খুব খারাপ, কিন্তু এমন খারাপ করাটাও ক্রিকেটেরই অংশ। বাংলাদেশ দলটা অনেক তরুণ। সবচেয়ে বিস্ময়কর হলো, এই তরুণ দলটি এরপর যেভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিল। বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে।’