বাংলাদেশের জন্য শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায়বিচার আর মানবতা প্রতিষ্ঠার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁরা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশের মুক্তিসংগ্রামে নিজেদের নানাভাবে যুক্ত রেখে বিশ্ব জনমত গঠনেও তাঁরা ভূমিকা রেখেছেন। চার দশক পূর্তিতে বন্ধুত্বের স্বীকৃতি দিতে বাংলাদেশ তাঁদের যেভাবে সম্মাননা দিয়েছে, তাতে তাঁরা আপ্লুত। অনাগত দিনগুলোতে বাংলাদেশ এগিয়ে চলুক—এটাই তাঁদের প্রত্যাশা। এর পাশাপাশি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, তা সুষ্ঠুভাবে শেষ হোক—এটিও তাঁরা চান।গতকাল রোববার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এ অভিব্যক্তি প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকা কয়েক বন্ধু ও তাঁদের পরিবারের সদস্য।স্বাধীনতার চার দশক পূর্তিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো বিদেশি এসব বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার ঢাকায় আসেন। চতুর্থ দফার এ সংবর্ধনায় এবার নয়টি দেশের ৬০ ব্যক্তি ও দুটি সংগঠনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গতকাল সকালে বিদেশি এসব বন্ধুর কর্মসূচি শুরু হয়। এরপর সকালে তাঁরা জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠান দেখতে যান। সন্ধ্যায় তাঁরা মুক্তিযুদ্ধ জাদুঘরে যান। এ সময় জাদুঘর পরিদর্শন শেষে তাঁরা একটি প্রামাণ্যচিত্র দেখেন। রাতে আর্মি গলফ ক্লাবে তাঁদের সম্মানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম আয়োজিত নৈশভোজের মাধ্যমে শেষ হয় সারা দিনের কর্মসূচি। আজ সোমবার পর্যায়ক্রমে তাঁদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।একাত্তরে পাকিস্তানের পাঞ্জাব ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসিফ শাহকার পাকিস্তান সরকারের গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন। গণহত্যার বিপক্ষে জনমত গঠনের লক্ষ্যে সে সময় তিনি গোপনে প্রচারপত্র বিতরণের পাশাপাশি কবিতা রচনা করেন। সমাবেশের আয়োজন করেন। এ জন্য তিনি কারারুদ্ধ হন, শিকার হন পুলিশি নির্যাতনের। তাঁকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে পাকিস্তান সরকার। সাতাত্তরে পাড়ি জমান সুইডেনে। এখন সুইডেনে বিচারপতি হিসেবে কাজ করছেন।চার দশক পূর্তিতে সম্মাননা পেয়ে কেমন লাগছে? আসিফ শাহকার বললেন, ‘আমি অভিভূত। দেরিতে হলেও বাংলাদেশ আমাকে মনে করেছে। মুক্তিযুদ্ধের সময় আমার ভূমিকা কী ছিল, তা জানাতে আমি নিজ দায়িত্বে সুইডেনে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করি। আমি তো মনে করি, আমার মতো সে সময় অনেক পাকিস্তানিই বাংলাদেশের পাশে ছিলেন। তাঁদেরও খুঁজে বের করে এভাবে সম্মানিত করা উচিত।’একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে দুই দেশের মতপার্থক্য ঘোচেনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের অবশ্যই তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত। তা ছাড়া চার দশকের আগের ওই অপকর্ম সম্পর্কে পাকিস্তান সরকার তার নাগরিকদের অন্ধকারে রেখেছে। সে সময় আসলে কী ঘটেছিল তা পাকিস্তানের নাগরিকদের কাছে তুলে ধরা উচিত। সত্য তুলে ধরলে পাকিস্তানের জনগণই বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য চাপ তৈরি করবে।‘নাচোলের রানিমা’ হিসেবে খ্যাত ইলা মিত্র ও ভারতের কমিউনিস্ট নেতা রমেন মিত্রের পক্ষে সম্মাননা নিতে ঢাকায় এসেছেন তাঁদের ছেলে রনেন্দ্রনাথ মিত্র (মোহন)। বাবা-মায়ের পক্ষে সম্মাননা গ্রহণ করে নিজেকে তিনি গর্বিত মনে করছেন। তবে এ সম্মাননা আরও আগে দেওয়া হলে ভালো হতো বলে তাঁর মত। তিনি বলেন, যাঁরা উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পাশে ছিলেন, তাঁদের অনেকেই আজ এ জগতে নেই। তাঁদের হাতে এ সম্মান তুলে দেওয়া হলে, তাঁরা নিজেদের ধন্য মনে করতেন। তবে দেরিতে হলেও এ উদ্যোগের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি যুদ্ধাপরাধের যে বিচার চলছে সেটির যাতে সুষ্ঠু পরিসমাপ্তি ঘটে সেটি তিনি কামনা করেন।একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) থেকে পদত্যাগ করেন টাউনসেন্ড সোয়াজি। এরপর বাংলাদেশের পক্ষে বিভিন্ন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন। এবার সম্মাননা নিতে এসে আনন্দে উদ্বেলিত টাউনসেন্ড সোয়াজি। তিনি বলেন, ‘এত বছর পর বাংলাদেশ আমাদের মনে রেখেছে। হূদয়ের উষ্ণতায় আমাদের বরণ করেছে। এ কখনো ভোলার নয়। আগামী দিনগুলোতে বাংলাদেশ এগিয়ে চলুক। এটাই কামনা করি।’