বাংলাদেশের জিএসপি বাতিলে চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে সাভারে ভবনধসে এক হাজার ১২৭ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) বাদ দিতে ওবামা প্রশাসনের ওপর শ্রম অধিকার রক্ষায় জড়িত সংগঠনগুলোর চাপ বাড়ছে। প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস-এর ‘ইউনিয়ন প্রেস টু অ্যান্ড স্পেশাল ট্রেড স্ট্যাটাস ফর বাংলাদেশ’ (বাংলাদেশের বিশেষায়িত বাণিজ্যসুবিধা বন্ধে ইউনিয়নের চাপ বাড়ছে) শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। পত্রিকাটির ৩০ মে সংস্করণে এ প্রতিবেদন ছাপা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে নিরাপদ শ্রমমানের বিষয়ে মার্কিন সরকারের ভূমিকা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারা দ্বিধাবিভক্ত। বিশেষ করে সাম্প্রতিক কালে নিরাপদ শ্রমমান নিশ্চিতের ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির যুগল পদক্ষেপের ব্যাপারে তাদের মাঝে মতদ্বৈধতা দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মনে করেন, জিএসপি-সুবিধা কেড়ে নিলে বাংলাদেশের ওপর ইমারত নির্মাণ আইন বাস্তবায়ন ও শ্রমমান নিশ্চিত করার ওপর জোর খাটানোর সুযোগ হারাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মার্কিন শ্রম দপ্তর ও শ্রমিক অধিকারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো মনে করে, ওবামা প্রশাসন যদি এ সুযোগ ব্যবহারে আগ্রহী না থাকে, সুযোগ শেষ পর্যন্ত থাকবে না। ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামের নীতি ও আইন কর্মসূচির পরিচালক ব্রায়ান ক্যাম্পবেল বলেন, ‘শ্রমিকদের মৃত্যুর অপ্রত্যাশিত ও বিরল এ ঘটনার পর কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যর্থতার মধ্য দিয়ে বাংলাদেশকে ইতিমধ্যেই ভুল বার্তা দিয়েছেন মার্কিন বাণিজ্য কর্মকর্তারা।’ শ্রমিক অধিকার রক্ষায় যুক্ত ওয়াশিংটনভিত্তিক সংস্থার জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, বাংলাদেশকে কঠিন বার্তা পৌঁছে দেওয়ার সময় এসেছে। প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের ১২৫টি দেশ যুক্তরাষ্ট্রে জিএসপি-সুবিধা পায়। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা জুনে বাংলাদেশের এই জিএসপি ভাগ্য নির্ধারণ করবেন। পোশাক কারখানার শ্রমমানের পর্যাপ্ত উন্নয়নে বাংলাদেশ যে ব্যর্থ হয়েছে, এ বিষয়ে সাম্প্রতিক বিপর্যয়ের পরের বৈঠকগুলোতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও শ্রম দপ্তরের কর্মকর্তারা একমত হয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি ঘটাতে কী করা উচিত, এ নিয়ে তাঁরা দ্বিধাবিভক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কিছুসংখ্যক কর্মকর্তার যুক্তি হচ্ছে, বাংলাদেশের জিএসপি-সুবিধা কেড়ে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে। এতে করে বারবার ইসলামি মৌলবাদের হুমকির মুখে পড়া বাংলাদেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। অথচ এ দেশে প্রতিবছর ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। বাংলাদেশের অন্যান্য খাত যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেলেও পোশাকশিল্প এ সুবিধা পায় না। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মনে করেন, ওবামা প্রশাসন এ সুবিধা কেড়ে নিলে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পণ্য কেনার হার কমিয়ে দিতে পারে। আর যুক্তরাষ্ট্র এ সুবিধা কেড়ে নিলে ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের এ সুবিধা কেড়ে নেবে। ওই অঞ্চলে বাংলাদেশের তৈরি পোশাক এ সুবিধা ভোগ করে থাকে। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকগুলোতে মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্য চুক্তি অনুযায়ী যে দেশ থেকে যুক্তরাষ্ট্র পণ্য কিনবে, সে দেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার সুরক্ষার সুনির্দিষ্ট মান মেনে চলছে কি না, সেটি দেখার বাধ্যবাধকতা রয়েছে। আর বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক এসব মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মার্কিন শ্রম কর্মকর্তারা মনে করেন, কারখানা পরিদর্শনের বাধ্যবাধকতা ও কারখানার পরিবেশ উন্নয়নের নিশ্চয়তা দেবে এমন একটি চুক্তি সইয়ের জন্য গ্যাপ ও ওয়ালমার্টের মতো বিক্রেতাদের ওপর জনসমক্ষে সরকারের চাপ দেওয়া উচিত। ইউরোপের প্রধান বিক্রেতাদের অধিকাংশই আন্তর্জাতিক চুক্তিটি সই করলেও মার্কিন বিক্রেতারা দায় এড়াতে এটি সই করেননি। তাঁরা বরং নিজেদের নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কারখানার পরিবেশের মান যাচাই করছেন। গত ১৬ মে ডেমোক্রেটিক পার্টির আটজন সিনেট সদস্য ওয়ালমার্ট, টার্গেট ও কোলসহ বিভিন্ন বিক্রেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন। মার্কিন সিনেটররা ওই চিঠিতে বলেছেন, নিজস্ব নিরীক্ষা প্রক্রিয়া অকার্যকর প্রমাণিত হয়েছে। এ পরিস্থিতিতে চুক্তি সই করতে তাঁরা বিক্রেতাদের আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনভিত্তিক ‘বাইপার্টিজান পলিসি সেন্টার’ বৃহস্পতিবার বলেছে, বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নিনির্বাপক ও নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে কার্যক্রম নেওয়ার জন্য ওয়ালমার্ট স্টোর, গ্যাপ এবং টার্গেটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগ বাণিজ্যের অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে। তবে স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল লিখিত বিবৃতিতে বলেছেন যে তাঁর দপ্তর বাংলাদেশ সরকারের প্রতি সরাসরি আশা প্রকাশ অব্যাহত রাখবে যে ‘বাংলাদেশ সরকার শ্রমিক অধিকার রক্ষায়, বিশেষ করে স্বাধীনভাবে সমিতি করে নিজেদের অধিকার আদায়ে দর-কষাকষি করতে পারবে—এমন ব্যবস্থা তৈরিতে জোরদার পদক্ষেপ নেবে।’ চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ সরকারও এই বিষয়ের ওপর জোর দিয়েছে। পোশাক খাত থেকে বাংলাদেশ বছরে ১৯ বিলিয়ন ডলার আয় করে। প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে এই খাতে। যার বেশির ভাগই নারী। এই খাতের প্রায় সাড়ে চার বিলিয়ন পণ্য যুক্তরাষ্টে রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক দপ্তরের একজন কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘দীর্ঘদিন ধরেই চলে আসছে যে এক পা এগোলে দুই পা পিছিয়ে যাওয়া। ১৯৯০ ও ১৯৯৯ সালে বাংলাদেশের বাণিজ্যসুবিধা পুনর্বিবেচনা করা হয়। কিন্তু শ্রমিক অধিকার লঙ্ঘনের সেসব সমস্যা এখনো রয়ে গেছে।’তৈরি পোশাকশিল্প খাতে বাংলাদেশের বাণিজ্যসুবিধা বাতিলের মতো কঠোর অবস্থান নেওয়ার জন্য ২০০৭ সালে এএফএল-সিআইও যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে। এএফএল-সিআইওর আন্তর্জাতিক পরিচালক ক্যাথি ফিংগোল্ড গত বৃহস্পতিবার বলেন, দেশটি তার নিজস্ব আইন উন্নয়ন এবং তা প্রয়োগ করেও শ্রমিকদের বর্তমান অবস্থার পরিবর্তন আনতে পারে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রমিক আন্দোলন সম্পর্কেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগ আছে। কারণ গত বছর এপ্রিল মাসে আমিনুল ইসলাম নামে এক শ্রমিক নেতা মারা যান। তাঁর শরীরে প্রচুর নির্যাতনের চিহ্ন ছিল। বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে প্রমাণ পেয়েছেন বাংলাদেশি সাংবাদিকেরা। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত এই মামলার সামান্যই অগ্রগতি হয়েছে।পোশাক খাতে দেওয়া সুবিধা বাতিল করা উচিত: জর্জ মিলারসম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জর্জ মিলার গতকাল ওয়াশিংটনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যদি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে প্রেসিডেন্ট বারাক ওবামার উচিত হবে পোশাক খাতে দেওয়া যুক্তরাষ্ট্রের সব সুযোগ-সুবিধা বাতিল করা। তিনি বলেন, এটি করা ছাড়া ‘আমাদের আসলে আর কোনো বিকল্প নেই’। ব্লুমবার্গ।