বাংলাদেশের ঝুলিই ভরল, ভারত পেল আপ্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফর শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফলতা ও ব্যর্থতা নিয়ে ময়নাতদন্ত শুরু করেছে ভারতীয় বিভিন্ন পত্রিকা। আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর আলোচনায় তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ‘মমতার হঠাত্ আপত্তিতে বিস্মিত মনমোহন।’ পত্রিকাটিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বেঁকে বসায় বিস্মিত হন মনমোহন সিং। অভিযোগ উঠেছে, তিস্তা নিয়ে মমতার সঙ্গে ঠিকমতো যোগাযোগ রক্ষা করা হয়নি। এ বিষয়ে মনমোহন সিং গতকাল সফর শেষে বিমানে ফেরার পথে ভারতীয় সাংবাদিকের বলেন, ‘গত এক মাস ধরে আমি নিজেই মমতার সঙ্গে যোগাযোগ রেখেছি। তাঁর পরামর্শ নিয়ে চলতে চেয়েছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও মমতার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মেনন আমাকে জানিয়েছিলেন, চুক্তি নিয়ে সমস্যা নেই। ফলে আমরা খসড়া চূড়ান্ত করি।’ পত্রিকাটি আরও জানায়, মনমোহনের সচিবালয়ের একটি অংশ কিন্তু মমতার ‘খামখেয়ালিপনা’কেই দায়ী করছে। মুখ্যমন্ত্রী অবশ্য ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন, তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে।গণশক্তি পত্রিকাটির শিরোনাম ছিল, ‘এক মাস আগেই জানতেন মমতা।’ পত্রিকাটি জানায়, তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁর অভিমত নিয়েই বাংলাদেশকে জানানো হয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী এ দাবি করেছেন।স্বাভাবিকভাবেই মমতার নাম না করে মনমোহন সিং বলেন, ‘কিন্তু, দুঃখজনক হলো আমরা এই সময়ে সেই সাফল্যের মুখ দেখতে পারলাম না।’ সফরসঙ্গী সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক চুক্তি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কিন্তু রাজনৈতিক বাস্তবতাকে বিবেচনায় রেখেই এগোতে হয়।’দ্য টেলিগ্রাফ পত্রিকাটির শিরোনাম ছিল, ‘ঢাকা ব্লেইমস দিদি’। ডেইলি স্টার ও প্রথম আলোতে প্রকাশিত খবরের উদ্ধৃত করে পত্রিকাটি ঢাকা যে অসন্তুষ্ট সেটা জানায়। ডেইলি স্টারে মমতার এক হাতে একটি বড় বেলুন অন্য হাতে একটি সুঁই রয়েছে, এমন কার্টুনের বিষয়টি পত্রিকাটিতে বলা হয়েছে। এ ছাড়া তিস্তা চুক্তি না হওয়ার জন্য প্রথম আলো মমতাকে দায়ী করেছে বলে পত্রিকাটি জানায়।আজকাল পত্রিকাটি লিখেছে, কাজের কাজ কিছুই হলো না। তিস্তার পানি বণ্টন না হওয়ার তোড়ে ভেসে গেল ফেনী নদীর পানি বণ্টনের চুক্তি ও ভারতের ট্রানজিট পাওয়ার আশা। দুই দেশের মধ্যে হওয়া চুক্তি, প্রটোকল সম্পর্কে বলা হয়েছে, ‘তাতে বাংলাদেশের প্রাপ্তির ঝুলিই ভরল, ভারত পেল আতিথেয়তা, আপ্যায়ন ইত্যাদি।’