বাংলাদেশের টুপির চাহিদা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বড় কোনো বিপণিবিতানে গিয়ে সুন্দর, নকশা করা টুপি দেখলে যে কারও পছন্দ হবে। এগুলো হাতে নিয়ে দেখলে মন ভরে উঠবে। কারণ টুপির গায়ে লেখা ‘মেইড ইন বাংলাদেশ’। বাংলাদেশে তৈরি এসব টুপির চাহিদাও বেশি। বিদেশ-বিভুঁইয়ে দেশি টুপির কদর দেখে বাংলাদেশিরা গর্ব বোধ করেন।দোকানগুলোতে বিভিন্ন নকশা আর সুঁই-সুতার নিপুণ কাজ করা টুপিগুলো সহজেই ক্রেতাদের নজর কাড়ে। বিক্রেতারা জানান, পবিত্র হজের সময় টুপি বিক্রি অনেক বেড়ে যায়। বাংলাদেশি হাজিদের পাশাপাশি অন্যান্য দেশের হাজিরাও টুপি কেনেন স্বজন-পরিচিতজনদের দেওয়ার জন্য। চাহিদার দিক থেকে এগিয়ে বাংলাদেশের টুপি। মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান অন্যান্য দেশেও আছে এর ব্যাপক চাহিদা। এসব টুপি তৈরি হয় ফেনী, ভোলা, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, কুমিল্লার চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ময়মনসিংহ, সিলেট, বাগেরহাটসহ বেশ কয়েকটি এলাকায়। এসব টুপি তৈরিতে নিয়োজিত আছেন মূলত নারীরা, যা তাঁদের উপার্জনের সুযোগ করে দিয়েছে।বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, নকশা টুপি তৈরিতে ১১টি ধাপ আছে। কাপড় কাটা, ইস্ত্রি করা, নকশা আঁকার পর সুঁই-সুতার বুননে তা ফুটিয়ে তোলা। এটি সবচেয়ে জরুরি ধাপ। এ কাজ খুব সূক্ষ ও সময়সাপেক্ষ। নকশা তোলা শেষে আবার কাটিং করে ধোলাই ও ইস্ত্রি করা হয়। লাগানো হয় টুপির মাঝখানের অংশ (টপ)। যন্ত্রে আঁকা নকশা ফুটে ওঠে সুঁই-সুতার বুননে। পরে কাপড়গুলো সেলাই করে তৈরি হয় টুপি। পাঠানো হয় মধ্যপ্রাচ্যে।এক মিনিটে মাথা মুণ্ডন: চুল কাটা বা মাথা মুণ্ডনের কোনো প্রতিযোগিতা হলে মক্কার মারওয়া গেটের কাছের সেলুনগুলোর নাপিতেরা নিশ্চিত এগিয়ে থাকবেন। বিশেষ করে পাকিস্তানি নাপিতেরা। এঁরা দ্রুত চুল কাটতে এবং মাথা মুণ্ডন করতে পারেন। কেউ কেউ এক মিনিটে বা এরও কম সময়ে মাথা মুণ্ডন করে দেন।ওমরাহ্ বা হজের অংশ হিসেবে মাথা মুণ্ডন করাতে হয় বা চুল ছাঁটাতে হয়। এসব সেলুনে অনেক বাংলাদেশি নাপিতও আছেন। তবে দ্রুত কাজের ক্ষেত্রে এগিয়ে পাকিস্তানিরা। মাথা মুণ্ডনে খরচ ১০ সৌদি রিয়াল। হজের কাছাকাছি সময়ে এর জন্য খরচ হয় ২০ রিয়াল। মারওয়া গেটের কাছে অনেক সেলুন। এগুলোর মালিক পাকিস্তানি। দিন-রাত খোলা থাকে সেলুনগুলো। গভীর রাতেও ব্যস্ত থাকেন নাপিতেরা। মক্কার অন্যান্য এলাকায়ও অনেক সেলুন আছে। হজের সময় মিনায়ও প্রচুর নাপিত পাওয়া যায়। নাপিতদের অনেকে বাংলাদেশি।হাসপাতালে বিনা মূল্যে হজযাত্রীদের সেবা: সৌদি সরকার সব হাজিদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। কোনো হাজি অসুস্থ হয়ে পড়লে বিনা মূল্যে হাসপাতালে চিকিৎসাসেবা পান। প্রতিটি দেশের হজ মিশনে প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা আছে। কেউ গুরুতর অসুস্থ হলে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। মক্কার বাদশা আবদুল আজিজ হাসপাতাল (জাহের হাসপাতাল), আল নূর হাসপাতাল, মদিনা আল আনসার হাসপাতালে হাজিদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৮৩ হাজার ৫১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।আরও তিনজনের মৃত্যু: পবিত্র হজ পালন করতে এসে আরও তিন বাংলাদেশি মারা গেছেন। তাঁরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার সুরুজ মিয়া (৬৪), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোহরা বেগম (৬৩) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শরিফুন নেসা (৫৮)। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়। এ নিয়ে এবার ১৯ জন বাংলাদেশি হাজি মারা গেলেন।