বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের এশিয়া জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০১০-এর চূড়ান্ত পর্বে দ্বিতীয় সেরার পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে হংকং ও ফিলিপাইন।এশিয়ার ছয়টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দুই বা তিনজন শিক্ষার্থীর সমন্বয়ে প্রতিটি দল গঠিত হয়। দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিটি দেশের সেরা দলগুলো মালয়েশিয়ার কুয়ালালামপুরে আঞ্চলিক শিরোপার জন্য প্রতিদ্বন্দ্ব্বিতা করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীর সমন্বয়ে গড়া বাংলাদেশ দলটি ইউরিয়া সারের অপচয় রোধ এবং জমিতে সারের কার্যকরতা বাড়ানোর ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে এই শিরোপা জিতে নেয়। সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া ৩৭৫টি দলের মধ্য থেকে একাধিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে দেশসেরা নির্বাচিত হয়েছিল এ দলটি।বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, হংকং, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের দলগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়।সিটি ইউনিভার্সিটি অব হংকং এবং এটিনো ড্য ম্যানিলা ইউনিভার্সিটি ফিলিপিন্সের দুটি দল যথাক্রমে প্রথম ও তৃতীয় সেরার শিরোপা জিতে নেয়। এইচএসবিসি মালয়েশিয়ার প্রধান নির্বাহী ও ব্যাংকটির গ্লোবাল হেড অব ইসলামিক ব্যাংকিং মুখতার হুসেইন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রথম পুরস্কারের অর্থমূল্য এক লাখ হংকং ডলার, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার ডলার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার ডলার।উদীয়মান অর্থনীতি, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অমিত সম্ভাবনার কথা উল্লেখ করে মুখতার হুসেইন বলেন, এশিয়ার উদ্যোক্তাদের সাফল্য আর উত্থানের অংশীদার হিসেবে এইচএসবিসি সব সময় এ অঞ্চলের প্রতি নিবেদিত। আর এখনকার শিক্ষার্থীদের মেধা আর সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার কাজটিও এইচএসবিসি পালন করে যাচ্ছে তরুণ উদ্যোক্তা পুরস্কারের মাধ্যমে। আজকের এই মেধাবী তরুণেরাই ভবিষ্যতে সফল, গতিশীল এশিয়ার নেতৃত্ব দেবে বলে তিনি আস্থা ব্যক্ত করেন।ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের বিজয়ী দলটির তিন সদস্য সিফাত সারওয়ার, সাবাবা ইসলাম ও সাজ্জাদুর রহমান জানান, দেশের কৃষি খাতের জন্য তাঁরা সত্যিকারের অবদান রাখতে চান। সৃষ্টিশীল ও তৃণমূলের খুব কাছের পরিকল্পনা উপস্থাপন করাতেই তাঁদের বিজয় এসেছে বলে তাঁরা মনে করেন। এইচএসবিসি মালয়েশিয়ার প্রধান ঝুঁকি কর্মকর্তা পল নরটন, এইচএসবিসি থাইল্যান্ডের প্রধান নির্বাহী উইলি ট্যাম, ডিসি অ্যান্ড এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড চুয়া, সিন চিউ মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক রিটা সিম ও গিনেজ এ্যাংকর মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক চার্লস আয়ারল্যান্ড চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন। বিজয়ী দলগুলো বেছে নেওয়ার সময় পরিকল্পনার অভিনবত্বের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতাকে বড় করে দেখা হয়েছে বলে বিচারকেরা জানান।এইচএসবিসি ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। ব্যাংকটি বাংলাদেশে এ নিয়ে চতুর্থ বছরের মতো এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার আয়োজন করেছে। এর আগের তিনটি আসরে বাংলাদেশ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিল।