বাংলাদেশের তরুণদের সঙ্গে হিলারির আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ রোববার সকালে রাজধানীর আইএসডি স্কুলে ‘বাংলাদেশের সাথে আড্ডা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন।এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন হিলারি। অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিক সমাজ যাতে অবাধে কাজ করতে পারে, সে জন্য সরকারকে পরিবেশ নিশ্চিত করতে হবে।গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে হিলারি বলেন, প্রতিষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে কর্মকাণ্ড করতে পারে এবং আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। লক্ষ রাখতে হবে, কোনোভাবেই যাতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার পথ রুদ্ধ না হয়।ঢাকার মার্কিন দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে আজ সকালে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করেন হিলারি। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার গুলশানের বাসায় সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।সব আনুষ্ঠানিকতা শেষ করে আজই ঢাকা ছেড়ে কলকাতা যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।গতকাল শনিবার বিকেল চারটা ৪০ মিনিটে হিলারি ক্লিনটন ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন তিনি।