বাংলাদেশের দুই গবেষক যাচ্ছেন লিন্ডাও নোবেল সম্মেলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পরমাণুবিজ্ঞানী আবদুল ফাত্তাহর প্রবল উৎসাহ এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের প্রচেষ্টায় ২০০৭ সালে সর্বপ্রথম বাংলাদেশের ছয়জন তরুণ বিজ্ঞানী জার্মানির লিন্ডাও শহরে অনুষ্ঠিত নোবেলজয়ীদের সম্মেলনে যোগ দেন। তাঁদের অভিজ্ঞতা আর আনন্দ নিয়ে বিজ্ঞান প্রজন্মে ছাপা হয় কয়েকটি প্রতিবেদন। সেই প্রতিবেদন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানিয়া রহমান। ‘তখন মনে হয়েছিল, বাহ্, এটা তো খুব সম্মানজনক সম্মেলন, যেখানে গোটা বিশ্বের নোবেলজয়ীদের সঙ্গে তরুণ বিজ্ঞানী ও গবেষকেরা একসঙ্গে বসে তাঁদের জ্ঞান আর অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।’ বলেন তানিয়া। তখন থেকে নজর রাখছিলেন, কবে সুযোগ আসবে। এর মধ্যে তাঁর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষ হয়েছে। স্নাতক (সম্মান) প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়ে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন পুরস্কার আর মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অর্জন করেছেন সম্মানজনক স্বর্ণপদক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে সম্মানের (অনার্স) শিক্ষার্থী হিসেবে যোগ দেওয়ার পর থেকে এ বিষয়টির প্রতি তানিয়ার ভালো লাগা শুরু। ‘মনে হতো, এসব বায়োকেমিক্যাল বিক্রিয়া তো মানবদেহেই ঘটছে, বিষয়গুলোকে প্রাণবন্ত আর মজার মনে হতো। মাস্টার্সে তাঁর গবেষণার বিষয় ছিল কলেরা প্রতিরোধক ভ্যাকসিন ৬ থেকে ১২ মাসের শিশুদের রোগ প্রতিরোধে কী প্রভাব ফেলে তা জানা। তানিয়া গবেষণার কাজটি করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের ল্যাবরেটরি সায়েন্স বিভাগের ইমিউনোলজি ইউনিটে। সেখানে এক বছর গবেষণা কর্মকর্তা হিসেবে কাটিয়ে ২০০৮ সালে তানিয়া তাঁর নিজ বিভাগে যোগ দেন প্রভাষক হিসেবে। বর্তমানে তানিয়ার গবেষণার বিষয় একটি নিউরোট্রান্সমিটার উৎপাদনকারী এনজাইম, ডোপেমাইন বেটা হাইড্রোক্সিলেইজ এবং বাংলাদেশের নিউরোলজির রোগীদের মধ্যে এই এনজাইমের অ্যাকটিভিটি এনালাইস করা। সমপ্রতি এ বিষয়ে তাঁর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নালে। এর মধ্যে তিনি নজর রেখেছেন বিজ্ঞন প্রজন্মের পাতায়। পদার্থবিজ্ঞান, রসায়ন হয়ে ২০১০ সালে সুযোগ আসে তাঁর আবেদন করার। প্রিয় পাতায় খবরটি দেখে তাত্ক্ষণিকভাবে আবেদন করেন। এর পরই জানতে পারেন, বাংলাদেশের দুজন তরুণ গবেষকের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন এবারের লিন্ডাও নোবেল সম্মেলনে যোগ দিতে।যে সময় তানিয়া লিন্ডাও সম্মেলনের খবর প্রথম জানতে পারেন, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তুখোড় তরুণ ঠিক করেন তাঁর নিজের আবেদনের। ২০০৭ সালের অংশগ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন তাঁর বিভাগের শিক্ষক—খাদেমুল ইসলাম; আর অন্যজন বিভাগের জ্যেষ্ঠ—তৌহিদুর রহমান। তখন থেকে অনুপ্রাণিত মাহদী মূসাকেও অপেক্ষা করতে হয়েছে ২০১০ সাল পর্যন্ত। কারণ এক বছর একটি বিষয়ের গবেষকেরা সুযোগ পান নোবেলজয়ীদের সান্নিধ্যে যাওয়ার। এর মধ্যে মাহদী মূসার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে স্নাতকোত্তর শেষ হয়েছে। মেধাবী মাহদী স্নাতক (সম্মান) প্রথম শ্রেণীতে প্রথম আর স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছেন। লিখে ফেলেছেন আট-আটটি গবেষণা-নিবন্ধ। বায়োটেকনোলজি থেকে বায়ো-ইনফরমেটিকস—উভয় ক্ষেত্রে অর্জন করেছেন দক্ষতা। এখন কাজ করছেন বাংলাদেশের সবচেয়ে গৌরবময় জেনেটিক প্রকল্পে। শতাধিক আবেদনকারীকে পেছনে ফেলে মূসাও তাই পেয়েছেন লিন্ডাও নোবেল সম্মেলনে বাংলাদেশের পতাকা নিয়ে যাওয়ার সুযোগ।আগামী ২৭ জুন থেকে ৩ জুলাই জার্মানির লিন্ডাও শহরে তানিয়া আর মূসা যোগ দেবেন সারা পৃথিবীর ছয় শতাধিক তরুণ গবেষক, বিজ্ঞানী, শিক্ষকসহ পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ী একঝাঁক বিজ্ঞানীর সঙ্গে।লিন্ডাও সম্মেলন১৯৫১ সাল থেকে জার্মানির লিন্ডাও শহরে অনুষ্ঠিত হচ্ছে নোবেলজয়ী বিজ্ঞানীদের সম্মেলন। তবে সেখানে কেবল নোবেলজয়ী বিজ্ঞানীরা থাকেন না, তাঁদের সঙ্গে যোগ দেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে একদল তরুণ-তরুণী, বিজ্ঞানকে কেন্দ্র করে যাঁরা তাঁদের ভবিষ্যতের স্বপ্ন দেখেন। প্রথম দিকে রসায়ন ও পদার্থবিজ্ঞান থাকলেও পরে এর সঙ্গে যুক্ত হয়েছেন চিকিৎসা ও অর্থনীতিতে নোবেলজয়ীরা। ২০০৯ সালের সম্মেলনে উপজীব্য ছিল রসায়ন। এর আগের বছর দুটি সম্মেলন হয়েছে পদার্থবিজ্ঞান ও অর্থনীতির। চার-পাঁচ দিনের অনুষ্ঠানের অনেকটা জুড়ে থাকে নতুন নতুন বিষয়ের তাত্ত্বিক আলোচনা, থাকে সেমিনার-সিম্পোজিয়াম। তবে সবকিছুর ঊর্ধ্বে থাকে বিজ্ঞানীদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ, কাছ থেকে দেখার সৌভাগ্য!কেবল নোবেলজয়ীরা নন, বিভিন্ন দেশ থেকে তরুণ বিজ্ঞানীদের সঙ্গে আসেন তাঁদের মেনটর বা শিক্ষাদূতেরা, তাঁরাও নাকি প্রথম সারির বিজ্ঞানী। কাজেই এ সম্মেলন কেবল জানার নয়, জানানোর ও সম্পর্ক গড়ে তোলার সুযোগও বটে।৫০ বছর হয়ে গেলেও বাংলাদেশ থেকে তরুণ-তরুণীদের সেখানে পাঠানোর কথা ভাবা হয়নি আগে কখনো। আগেই বলেছি, ২০০৭ সালে ভিয়েনা-প্রবাসী প্রয়াত বিজ্ঞানী আবদুল ফাত্তাহর উদ্যোগে বাংলাদেশ থেকে তরুণ গবেষকদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালের চারটি সম্মেলনে এ পর্যন্ত বাংলাদেশের ১৩ জন গবেষক অংশ নিয়েছেন।যেভাবে হলো মনোনয়নএবারের সমন্বিত সম্মেলনের জন্য বাংলাদেশের আগ্রহী বিজ্ঞানীদের আবেদনপত্র চাওয়া হয় ইন্টারনেটে (http://www.lindau-bangladesh.org)। উদ্দেশ্য ছিল দেশে ও দেশের বাইরে গবেষণারত সবাইকে সুযোগ দেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া সব আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর লিন্ডাও বাংলাদেশ প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের তালিকা পাঠিয়ে দেয় আয়োজকদের বরাবর। এভাবে সারা পৃথিবী থেকে প্রায় ২০ হাজার গবেষক আবেদন করেছেন। বিশ্বের প্রায় ৬০টি দেশ থেকে পাওয়া এক হাজার ৫০০ মনোনয়ন জমা পড়ে লিন্ডাও কমিটির কাছে। সেখান থেকে প্রায় ৬০০ জনকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আমাদের তানিয়া ও মূসা।তানিয়া ও মূসার আরও কথাতানিয়া আর মাহদী মূসার মধ্যে একটি মিল, তাঁরা দুজনই এসেছেন চট্টগ্রাম থেকে। তানিয়ার বাবা মো. শফিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত উপসচিব। মা তানবীর সুলতানা গৃহিণী। দুই বোনের মধ্যে তানিয়া বড়। তাঁর এ সাফল্যের পেছনে বাবা আর মাকে এগিয়ে রাখেন তানিয়া। সঙ্গে বিভাগের শিক্ষকদেরও, ‘আমার আজকের এ অবস্থানের জন্য আমি আমার বিভাগীয় সব শিক্ষকের কাছে বিশেষভাবে ঋণী।’মাহদীও অবশ্য মা-বাবা ও শিক্ষকদের কথা বলেছেন। তবে তিনি কয়েকজন শিক্ষকের কথা আলাদা করে উল্লেখ করেন। তাঁরা হচ্ছেন অধ্যাপক রফিকুর রহমান, অধ্যাপক হাসিনা খান ও অধ্যাপক জেবা ইসলাম সিরাজ। তিনজনই আমাদের স্বনামধন্য বিজ্ঞানী।কুমিল্লা ফয়জুন্নেসা স্কুল, চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন তানিয়া। অন্যদিকে চট্টগ্রাম নাসিরাবাদ স্কুল, চট্টগ্রাম কলেজ হয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে আসা মাহদীর। মাহদীর বাবা মুহাম্মদ মূসা ও মা সাবেরা খাতুন দুজনই চিকিৎসক। চার ভাই এক বোনের মধ্যে মাহদী সবার বড়।বিশ্ববিদ্যালয়ে এসে দুজনই গবেষণায় নজর দিয়েছেন, যার স্বীকৃতি তাঁরা পেলেন। তবে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন এ দুজনের কেউই। মাহদী তো উচ্চ কণ্ঠে বলেই ফেললেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা মেধাবিকাশে খুব একটা সহায়ক নয়। যথাযথ সংস্কারে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।’ এর সঙ্গে এ রকম আরও সব সুযোগ যাতে তরুণ শিক্ষার্থী-গবেষকেরা পান, সে জন্য আরও উদ্যোগ দেখতে চান তানিয়া ও মাহদী। কারণ, ‘আমাদের দেশের ছেলেমেয়েরা এ রকম সুযোগ আরও পেলে ভালো হতো। জ্ঞাননির্ভর সমাজ গড়ে উঠত।’এগিয়ে যাওয়ার রসদনোবেলজয়ীদের সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পেয়ে খুশি আমাদের এই দুই গবেষক। ‘সম্মেলনে নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী-গবেষকদের সান্নিধ্যে এসে আমি তাঁদের চিন্তাধারা সম্পর্কে ধারণা পেতে চাই।’ বললেন মূসা। ‘আমি বিশ্বাস করি, এই সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণা-জীবনে সহায়ক হবে।’ নিজের আগামী দিনের পড়ালেখা ও দেশের বায়োইনফরমেটিকস লড়াইয়ে নিজের অবদানটুকু রাখতে চান মূসা।তানিয়া তাঁর পরিকল্পনার কথা ব্যাখ্যা করেন এভাবে, ‘আমি মনে করি, জার্মানির লিন্ডাও সম্মেলনে যোগদান আমার একাডেমিক ক্যারিয়ারের এক বিরাট অর্জন। আমার বিশ্বাস, এ সম্মেলনে যোগদান ও নোবেলজয়ীদের, বিশেষত মেডিসিন ও ফিজিওলজি-বিষয়ক নোবেলজয়ী বিজ্ঞানীদের বক্তৃতা এবং তাঁদের সঙ্গে আলোচনা আমার গবেষণা ও বিষয়ভিত্তিক জ্ঞানকে বহু দূর এগিয়ে নেবে। অদূর ভবিষ্যতে আমি স্বাস্থ্য ও রোগ প্রতিরোধবিষয়ক গবেষণা এবং উন্নয়নশীল দেশে শিশুদের মৃত্যুহার হ্রাসে অবদান রাখতে চাই।’তানিয়া রহমান ও মাহদী মূসার মতো বিজ্ঞানী ও গবেষকদের হাত ধরে বদলাবে এ দেশ। বাংলাদেশকে বদলাতে হবেই।আমরা বদলের যাত্রা শুরু করেছি। জ্ঞান আর শিক্ষাকে পুঁজি করে, আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে এ লড়াইয়ে আমরা জিতবই জিতব।