বাংলাদেশের দুই নতুন ব্যাঙ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ৫০ প্রজাতির ব্যাঙ পাওয়া গেছে, তবে বাস্তবে এ প্রজাতির সংখ্যা আরও অনেক বেশি। এসব ব্যাঙ মানুষের নজর এড়িয়ে কোনো নিভৃত অরণ্যে অথবা জলাশয়ে বসবাস করে। সঠিকভাবে ব্যাঙের প্রজাতি শনাক্ত করা কঠিন কাজ। কারণ, কোনো কোনো ক্ষেত্রে একই প্রজাতির ব্যাঙ বিভিন্ন রঙের হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রজাতির ব্যাঙের রং হয় প্রায় একই রকম। এ ছাড়া ব্যাঙ শনাক্ত করার জন্য পর্যাপ্ত তথ্য এবং ব্যাঙের পর্যাপ্ত নমুনা বাংলাদেশের কোথাও সংগৃহীত নেই। এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে নতুন ব্যাঙের নমুনা তালিকাভুক্ত হওয়া থেমে নেই।সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পেয়েছি দুই প্রজাতির ব্যাঙ, যা এর আগে বাংলাদেশে পাওয়া যায়নি। একটি প্রজাতি পাওয়া গেছে রাঙামাটি জেলার কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে। এর ইংরেজি নাম Anderson’s Bush Frog আর বৈজ্ঞানিক নাম Philautus andersoni। খুবই ছোট এই ব্যাঙের নাকের ডগা থেকে পায়ু পর্যন্ত দৈর্ঘ্য ২৪-২৫ মিলিমিটার (দুটো ব্যাঙ ধরে মেপে দেখা হয়েছে) বা প্রায় এক ইঞ্চি। এই ব্যাঙের ওপরের দিক বাদামি থেকে জলপাইরঙা আর নিচের দিক সাদাটে থেকে হলদে। দেহের ওপরের অংশজুড়ে রয়েছে হালকা কালো চওড়া ইংরেজি এক্স (X) অক্ষরের মতো দাগ, যেটি শুরু হয়েছে দুই চোখের পেছন দিক থেকে আর শেষ হয়েছে কোমরে। এ ছাড়া দুই চোখের মাঝামাঝি এবং পায়ের বিভিন্ন স্থানে হালকা কালো দাগ রয়েছে। হাত ও পায়ের আঙুলের মাথায় বড় গোলাকার প্যাড রয়েছে। এই ব্যাঙের চোখের পেছন থেকে কাঁধ পর্যন্ত চামড়ায় লম্বা ভাঁজ রয়েছে, যা দেখে কাছাকাছি প্রজাতি থেকে একে সহজে আলাদা করা যায়। ব্যাঙটি ছোট হলেও এর ডাক যথেষ্ট তীক্ষ। দুটো ছোট পাথর ঠুকলে যেমন টক টক শব্দ হয়, এর ডাক অনেকটা তেমন। এই প্রজাতির ব্যাঙের বেশ কয়েকটির দেখা পেয়েছি বনের নিচের দিকের ঘন ঝোপঝাড়ে। তবে শুধু একটি ব্যাঙের দুই চোখের মাঝখানে (এক চোখ থেকে অন্য চোখ পর্যন্ত) একটি সাদা দাগ ছিল। এটি সম্ভবত একই প্রজাতির মধ্যকার বৈচিত্র্য। ভারতের মেঘালয় থেকে সংগৃহীত এই ব্যাঙের ২৪টি নমুনার মধ্যে দুটির পিঠে সাদা দাগ ছিল। এই প্রজাতির ব্যাঙ এর আগে উত্তর-পূর্ব ভারত এবং মিয়ানমারে পাওয়া গেলেও বাংলাদেশে পাওয়া যায়নি। এমনকি Philautus গণের অন্তর্ভুক্ত কোনো প্রজাতির ব্যাঙ এর আগে বাংলাদেশে পাওয়া যায়নি। যদিও ১৯৮২ সালে প্রকাশিত ওয়াইল্ডলাইফ অব বাংলাদেশ বইয়ে রেজা খান বলেছেন, তিনি এ গণের একটি প্রজাতির নমুনার ডাক শুনেছেন চিরসবুজ বনে।ব্যাঙের দ্বিতীয় নতুন প্রজাতিটি পেয়েছি বান্দরবান জেলার রোয়াংছড়িতে। এটি লম্বাটে ধরনের মাঝারি আকৃতির ব্যাঙ, যার দৈর্ঘ্য ৪৯ মিলিমিটার (একটি ব্যাঙ ধরে মেপে দেখা হয়েছে)। এর ইংরেজি নাম Nicobarese Frog আর বৈজ্ঞানিক নাম Hylarana nicobariensis। এই ব্যাঙের ওপরের দিক ধূসর থেকে বাদামি আর নিচের দিক সাদা। ওপরের দিকে বিক্ষিপ্তভাবে কালচে ফোঁটা রয়েছে আর পায়ে রয়েছে কালচে দাগ। মাথার দুই পাশ কালচে বাদামি। বহিঃকর্ণ পর্দা (টিম্পেনাম) অনেক বড়। এ ছাড়া দেহের দুই পাশ বরাবর চামড়ার লম্বা ভাঁজ রয়েছে। হাত ও পায়ের আঙুলের মাথায় ছোট গোলাকার প্যাড এবং পায়ের আঙুলগুলোর মধ্যে ঝিল্লি রয়েছে। এর ডাক বেশ জোরালো এবং অনেক দূর থেকে শোনা যায়। এই প্রজাতির ব্যাঙ পেয়েছি বেশ উঁচু একটি পাহাড়ের ওপর অবস্থিত ছোট একটি ডোবার পানিতে। এই ব্যাঙ মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বাসিন্দা, তবে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও অরুণাচলে বিক্ষিপ্তভাবে পাওয়া যায়।বাংলাদেশের সর্বপ্রকার ব্যাঙ পোকামাকড় খেয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। ব্যাঙ আছে বলেই আমাদের ফসলের ক্ষতিকর পোকামাকড় প্রাকৃতিকভাবে দমন হয়। কিন্তু ব্যাঙের কয়টি প্রজাতি দেশের কোথায় কী অবস্থায় আছে, তা জানার আগেই আবাসস্থল ধ্বংস এবং ফসলের মাঠে যত্রতত্র কীটনাশক ব্যবহারের কারণে বেশির ভাগ প্রজাতির ব্যাঙ আজ নির্বংশ হওয়ার পথে। জরুরি ভিত্তিতে দেশব্যাপী জরিপ চালিয়ে বিপন্ন ব্যাঙের আবাসস্থলগুলো চিহ্নিত করতে হবে এবং ওই স্থানগুলো ব্যাঙের অভয়াশ্রম হিসেবে রক্ষা করতে হবে।লেখক: বন্য প্রাণী গবেষক ও সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।