বাংলাদেশের নতুন চেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলোর অফিসে গেলাম। ছিমছাম পরিবেশে তরুণ কর্মীরা মন দিয়ে কাজ করছিলেন। দেখে ভালো লাগল।’ কথাটা আমি লিখেছিলাম ১৩ মে ১৯৯৯ সালে, আমার ডায়েরিতে। সেদিন প্রথম গেলাম প্রথম আলোর অফিসে। মূলত ঢাকায় গিয়েছিলাম পেশাগত কারণে। আমি চাকরি করি টোকিওর এক সম্প্রচারকেন্দ্রে। সেখান থেকে ‘রেডিও জাপান’-এর নামে যে বেশ কয়েকটি ভাষায় বেতার অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে বিদেশি শ্রোতাদের জন্য, তার মধ্যে রয়েছে বাংলা অনুষ্ঠানও। আর সেই বাংলা বিভাগের প্রযোজক হিসেবে বহুদিন ধরে কাজ করে আসছি আমি। কাজের সূত্রে বাংলাদেশ বেতারের সঙ্গে রেডিও জাপানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই সূত্র ধরেই কয়েক বছর অন্তর ঢাকা শহর দেখার সুযোগ হয় আমার। এমনকি দিনের বেলায়ও আলো যেখানে পৌঁছাতে পারে না, আধো অন্ধকারে আচ্ছাদিত, সে রকম স্থানের দিকে দৃষ্টি ফেলে এই বয়স্ক সম্প্রচারকেন্দ্রের জীবনের ইতিবৃত্ত শুনে আমার সব সময় ভালো লাগে। তবে প্রথম আলোর অফিসে গিয়ে সেদিন উপলব্ধি করলাম অন্য ধরনের আনন্দ। ফ্লুরোসেন্ট বাল্বের সাদা আলো ঘরের প্রতিটি কোনা পর্যন্ত আলোকোজ্জ্বল করে তুলেছে। মনে হলো, এখানে সবকিছু পরিষ্কার, আঁধারের মধ্যে কোনো জিনিসের গা-ঢাকা দিয়ে থাকার উপায় নেই। কম্পিউটার স্ক্রিনের সামনে বসে তরুণ কর্মীরা কাজে মনোনিবেশ করছিলেন। আগে কোনো খবরের কাগজের অফিসে গেলে অবশ্যই চোখে পড়ত সাংবাদিকের ডেস্কের ওপর স্তূপের মতো জমানো কাগজ ও বই, সেই সঙ্গে সিগারেটের ধোঁয়া। কিন্তু প্রথম আলো অফিসে এর কোনো কিছু ছিল না। মনে হলো, যেন বাংলাদেশের নতুন চেহারা দেখছি। ভাবলাম, এখানে দেশের ইতিহাস যত্ন করে সংরক্ষণ করার চেয়ে বরং নতুন ইতিহাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রথম আলোর সঙ্গে আমার যোগসূত্রের ব্যবস্থা করে দিয়েছেন জাপান-প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-লেখক মনজুরুল হক। মনজু ভাই রেডিও জাপানে আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু বটে। উনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। তাঁদের দুজনের প্রত্যক্ষ ও ব্যক্তিগত পরিচয় লাভ করতে পারাটা ছিল আমার সৌভাগ্য। মতি ভাইয়ের মতো প্রথম শ্রেণীর সাংবাদিকের সঙ্গে বসে কথা বলার এবং বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি তাঁর মতামত শোনার মূল্যবান সুযোগ আর কতজন বিদেশি নাগরিকের হতে পারে? আবার যখন ২০০৩ সালে বাংলাদেশে আসি, সাজ্জাদ শরিফ আমাকে নিয়ে গিয়েছিলেন কবি শামসুর রাহমানের বাসায়। শ্রদ্ধেয় কবিকে চোখের সামনে দেখে ও প্রত্যক্ষভাবে তাঁর কণ্ঠ শুনতে পেয়ে আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করেছি। প্রথম আলোর ঈদসংখ্যায়ও আমার কিছু লেখা ছাপা হয়েছিল তারপর। আমার বিশ্বাস, বিদেশির লেখা অনন্য ও অদ্ভুত বাংলা বলেই আমার লেখা সম্পাদক ও কিছু পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। প্রথম আলোর মাধ্যমে আমি অন্যভাবেও উপকৃত। ঢাকা থেকে সুদূর টোকিওতে বসে এর প্রতিটি সংখ্যা পড়তে পারছি। পৃথিবীতে রোজ নতুন নতুন ঘটনা ঘটে যাচ্ছে এবং নতুন নতুন জিনিস উদ্ভাবিত হচ্ছে। সেগুলো বাংলায় কীভাবে প্রকাশ করলে সমীচীন হবে, প্রথম আলোর অনলাইন সংস্করণ পড়ে তার ধারণা পেয়ে থাকি। প্রথম আলো আমাকে আরও আশার আলো দেখিয়েছে। ২০১১ সালের আগস্ট মাসে আমার প্রথম বই আমার বাংলাদেশ প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। বাংলাদেশের স্বাধীনতার পর পরই এই নতুন দেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রয়াস নিয়েছিলেন বাংলাদেশপ্রেমী জাপানি সাংসদ তাকাশি হায়াকাওয়া। বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে স্মৃতিকথা ডায়েরির আকারে লিপিবদ্ধ করে গিয়েছিলেন, তার বাংলা অনুবাদ বইয়ের আকারে প্রকাশ করতে পেরেছি। এর পেছনেও মনজু ভাইয়ের সুপারিশ ও সাহায্য ছিল। একই বছর ডিসেম্বর মাসে মনজু ভাইয়ের সম্পাদনায় প্রকাশিত রবীন্দ্রনাথের জাপান, জাপানের রবীন্দ্রনাথ শীর্ষক বইতে অন্যান্য বিশিষ্ট লেখক-গবেষকের লেখার পাশাপাশি আমার সামান্য প্রবন্ধও স্থান পেয়েছে। তারপর এ বছর (২০১২ সাল) এপ্রিল মাসে আমার দ্বিতীয় অনুবাদভিত্তিক বইটিও বেরিয়েছে প্রথমা প্রকাশন থেকে। বইয়ের নাম রক্ত ও কাদা ১৯৭১। আন্তর্জাতিক রেডক্রসের সাবেক জাপানি কর্মী তাদামাসা হুকিউরার প্রত্যক্ষ করা স্বাধীনতাযুদ্ধের বিবরণসংবলিত একটি জাপানি বইয়ের বঙ্গানুবাদ এটি। অনুবাদ করেছিলাম মূলত রেডিও জাপানের অনুষ্ঠানের জন্য। তার ভিত্তিতে বইটি প্রকাশিত হলে আমার বাঙালি সহকর্মীরা, যাঁরা অনুবাদের ব্যাপারে সাহায্য ও সহযোগিতা করেছিলেন, তাঁরাও অত্যন্ত খুশি হয়েছেন। এসব বই আমার জীবনের সুবর্ণ স্মৃতি হয়ে থাকবে। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নিজের লেখা অন্তত একটা বই প্রকাশ করার। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে দিয়েছে প্রথম আলো।প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছার পাশাপাশি মনের গভীর থেকে জানাই কৃতজ্ঞতা।কাজুহিরো ওয়াতানাবে: প্রধান, বাংলা বিভাগ, রেডিও জাপান, এনএইচকে ওয়ার্ল্ড।