কিছুটা ক্লান্তির ছাপ। তার পরও হাসিমুখে এগিয়ে এলেন ওয়াসফিয়া নাজরীন। কেমন লাগছে— সাংবাদিকদের এই প্রশ্নে তিনি প্রথম কথা বলেন, ‘খুব ভালো লাগছে।’ আরও যোগ করেন, ‘অনেক দিন ভাত খাই না। বাসায় গিয়ে প্রথমে ভাত, মাছ ও ডাল খেতে চাই।’পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ের ঠিক দুই সপ্তাহ পর দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন। গতকাল শনিবার দুপুর একটা ২৫ মিনিটে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমান থেকে নামার পর ওয়াসফিয়াকে স্বাগত জানান ওয়াসফিয়ার বাবা নাজমী জামান চৌধুরী ও ভাই সারওয়ার নাজাম চৌধুরী, বাংলাদেশ অন সেভেন সামিটের মুখপাত্র করভি রাখসান্দ, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ও দুবারের এভারেস্টজয়ী এম এ মুহিত। তাঁদের নিয়েই বেরিয়ে আসেন ওয়াসফিয়া।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তাঝরা হাসিতে ওয়াসফিয়া নাজরীন বলেন, ‘এভারেস্ট অভিযানের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নামার সময়টা। ১৮ থেকে ২২ কেজি ওজনের ব্যাগ পিঠে নিয়ে নামতে গিয়ে কষ্টটা একটু বেশিই লেগেছে। এই মৌসুমে এভারেস্টে অনেক মানুষ মারা গেছেন।’বিমানবন্দরে ওয়াসফিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন, ফেনী সমিতি অব ঢাকা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ও ফরএভার লিভিং প্রডাক্টসের প্রতিনিধিরা। ওয়াসফিয়ার এভারেস্ট অভিযানের প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক লিমিটেড এবং সহযোগী পৃষ্ঠপোষক রেনেটা ও কাজী ফার্মসের প্রতিনিধিরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন তাঁর এই বিজয়কে দেশের নারী মুক্তি আন্দোলনের সঙ্গে জড়িত সবার প্রতি উৎসর্গ করেছেন। তিনি জানান, এটা তাঁর একার নয়, পুরো দেশবাসীর বিজয়। দেশের মানুষ তাঁকে উৎসাহ না দিলে তাঁর এই জয় সম্ভব হতো না।বিমানবন্দর থেকে সরাসরি রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একাত্তরের পাকিস্তান বাহিনী এবং তাদের এদেশীয় দালালদের হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান ওয়াসফিয়া। সেখানে সংবাদ সম্মেলন করেন তিনি।চূড়ায় পৌঁছানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ওয়াসফিয়া বলেন, ‘যখন আমি চূড়ায় উঠি, তখন সূর্যোদয় হচ্ছিল। সূর্যের আলোয় মাকালু ও কুমারুর চূড়া দেখা যাচ্ছিল। এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়।’ভয়াবহ অভিজ্ঞতার কথাও বলেন ওয়াসফিয়া। ‘অবস্থা এমন দাঁড়িয়েছিল যে মৃত্যুভয় এসেছিল মনে, তবে ফিরে আসার কথা চিন্তা করিনি। ক্যাম্প-৩ থেকে ক্যাম্প-৪-এ ওঠার সময় ক্যাম্প-৩ পুরোটাই তুষারধসের মুখে পড়ে। পেছনে তাকিয়ে বুক কাঁপছিল, একটু আগে আমরা ওখানে ছিলাম। ওখানে থাকলে নিশ্চিত মৃত্যু ছিল।’ওয়াসফিয়া আবেগাপ্লুত কণ্ঠে এভারেস্ট জয়ের অনুভূতি জানান। বলেন, ‘বাংলাদেশের নারীরা যে এভারেস্ট জয় করছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।’পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া জয়ের জন্য গত বছর বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির ঘোষণা দেন ওয়াসফিয়া নাজরীন। ২৬ মে এভারেস্ট জয়ের মাধ্যমে তাঁর তিনটি সর্বোচ্চ পর্বতচূড়া জয় সম্পন্ন হলো। পরবর্তী অভিযানের ঘোষণা তিনি কিছুদিনের মধ্যেই দেবেন।