বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ সহজসাধ্য হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিলর পদে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ সহজসাধ্য হবে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিজয়ী বাংলাদেশ এখন ইন্টারনেটসহ যোগাযোগের বিকল্প রুট তৈরির ক্ষেত্রেও আইটিইউর সহযোগিতা পাবে। একই সঙ্গে বিশ্ব টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মেক্সিকোতে আইটিইউর নির্বাচনে বিজয়ী হয়ে আজ শুক্রবার সকালে দেশে ফিরেছেন টেলিযোগাযোগ মন্ত্রী। দুপুরে মন্ত্রীর নিজ বাসভবনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্কের (টিআরএনবি) প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিজয় বাংলাদেশকে বহির্বিশ্বে নতুন পরিচয় এনে দিয়েছে। এখন জয়কে দেশের উন্নয়নে কাজে লাগিয়ে গ্রাম পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করতে আইটিইউ বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে জানিয়েছেন আইটিইউ মহাসচিব হামাদুন তুরে। অল্প দিনের মধ্যে আইটিইউ থেকে বেশ কিছু ল্যাপটপ পাবে বাংলাদেশ। যেগুলো নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার হবে। মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ বিজয় বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।রাজিউদ্দিন আহমেদ জানান, ভারত, সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া দেশের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। এর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। তিনি জানান, নির্বাচনে ১৫৮ দেশের মধ্যে ১২৩ দেশের সমর্থন পেয়ে ষষ্ঠ স্থান পেয়েছে বাংলাদেশ। একই নির্বাচনে প্রতিবেশী পাকিস্তান ও শ্রীলঙ্কা বড় ব্যবধানে পরাজিত হয়েছে।এ সময় টিআরএনবির সভাপতি শাহেদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নিখিল ভদ্র, অর্থ সম্পাদক সজল জাহিদসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।