বাংলাদেশের নিবন্ধনপ্রক্রিয়ায় সন্তুষ্ট মালয়েশিয়া
বাংলাদেশ থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নিবন্ধনের প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে মালয়েশিয়া। ঢাকা সফররত দেশটির ১৪ সদস্যের প্রতিনিধিদল সরকারকে এই সন্তোষের কথা জানিয়েছে। প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক করতে গতকাল বুধবার রাতে ওই প্রতিনিধিদল ঢাকায় এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি ও ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার বিন দারুসমান। দেশটির শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. জেফরি জোয়াকিন, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি ইসহাক লেবেই, ব্যবস্থাপনা বিভাগের মুখ্যসচিব আতিয়া আজরিনা আমিরুলদিন, প্লান্টনেশন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি রাজালি আব মালিকসহ দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই দলে আছেন।প্রতিনিধিদলের সদস্যরা আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। দুপুরে তাঁরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) গিয়ে নিবন্ধনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। বিকেলে তাঁরা প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় মোট ১৭টি বিষয় যাচাই করা হবে।’ আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও এখন প্রত্যেক জেলার সিভিল সার্জন কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘প্রথম দফায় কর্মী পাঠানোর জন্য আমরা যাদের নির্বাচিত করেছি, তাদের তালিকা মালয়েশিয়াকে দেওয়া হবে। তারা সেটি যাচাই বাছাই করবে। এরপরই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) কর্মীদের ডাকা হবে।’ মালয়েশিয়ায় দীর্ঘ চার বছর জনশক্তি রপ্তানি বন্ধ ছিল। তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত বছরের ২৬ নভেম্বর দুই দেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সময় সিদ্ধান্ত হয়, জনশক্তি রপ্তানিসংক্রান্ত যেকোনো বিষয়ে দুই দেশ যৌথ কমিটি করে আলোচনা করবে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পৃথকভাবে ১৪ সদস্যের প্রতিনিধি নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজে) গঠন করে। ওই যৌথ কমিটির দ্বিতীয় বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদল কাল শুক্রবার ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যাবে। রাতে তারা মালয়েশিয়ায় ফিরবে।