বাংলাদেশের পণ্য বর্জন না করার তাগিদ দিল আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ দেশের তৈরি পণ্য বর্জনের কিংবা নিষেধাজ্ঞার হুমকি এড়াতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে আহ্বান জানিয়েছেন আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট হুংবো।গতকাল শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চার দিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে পশ্চিম আফ্রিকার দেশ টোগোর সাবেক এই প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সংবাদ সম্মেলনের শুরুতে সরকার-মালিক-শ্রমিকদের ত্রিপক্ষীয় অংশীদারত্ব-সংক্রান্ত যৌথ ঘোষণা প্রচার করা হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কর্মকৌশল প্রণয়নের জন্য এ অংশীদারত্ব গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। সাভারের ভবনধসের ঘটনার পরিপ্রেক্ষিতে এ কর্মকৌশল প্রণীত হচ্ছে।প্রসঙ্গত, সাভারের ভবনধসের পর পরিস্থিতি খতিয়ে দেখতে আইএলওর উপমহাপরিচালক হুংবো ১ মে চার দিনের সফরে ঢাকায় আসেন। গতকালের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার বক্তৃতা করেন।যৌথ ঘোষণায় বলা হয়েছে, ভবিষ্যতে যেকোনো বিয়োগান্ত ঘটনা প্রতিহত করতে ত্রিপক্ষীয় অংশীদারেরা সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে। এরই অংশ হিসেবে সরকার-মালিক-শ্রমিকদের পাশাপাশি আইএলও স্বল্প ও মধ্যমেয়াদি কিছু পদক্ষেপের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে। এ প্রসঙ্গে গিলবার্ট হুংবো বলেন, ‘এ কথা বলার অপেক্ষা রাখে না যে গত কয়েকটি মাস বাংলাদেশ জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে আমাদের প্রতিশ্রুতি নয়, পদক্ষেপ নিতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ জন্য আমাদের রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’যৌথ ঘোষণায় পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। কারখানায় দুর্ঘটনা ঘটলেই পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশে উৎপাদিত পণ্য বর্জনের দাবি ওঠে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইএলওর জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ঢাকা সফরের সময় বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাজ করার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখেছি। নিরাপত্তাই হোক কিংবা পণ্য বিপণন সামগ্রিকভাবেই কাজ করতে হবে। বৈশ্বিক পরিমণ্ডলে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এখনই কাজে নেমে পড়ার ব্যাপারে তাগিদ চোখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমাদের আহ্বান জানানো উচিত।’ যৌথ ঘোষণায় আগামী ছয় মাস অর্থাৎ ১ নভেম্বরের মধ্যে পোশাকশিল্পের কারখানা রয়েছে এমন সব ভবন পরিদর্শন শেষ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে কত সময় লাগবে, জানতে চাইলে আইএলওর উপমহাপরিচালক বলেন, ‘আমি কিন্তু বলছি না দুই থেকে তিন সপ্তাহেই সব ভবন পরিদর্শনের কাজটি শেষ হবে। এ কাজটি সময়সাপেক্ষ। তবে আমাদের বাস্তববাদী হতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। তবে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সবাই তাগিদ বোধ করছেন।’ যৌথ ঘোষণায় বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কারখানার ভবনগুলোর পরিদর্শন শেষ করা হবে। এরপর ত্রুটিপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইএলওর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কারখানা পরিদর্শন পরিদপ্তরে আগামী ছয় মাসের মধ্যে ন্যূনতম ২০০ অতিরিক্ত পরিদর্শক নিয়োগ দিতে হবে। এ ছাড়া ওই বিভাগটিকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ বণ্টন ও জনবল নিয়োগের মাধ্যমে অধিদপ্তরে উন্নীত করতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে গত ছয় মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বিয়োগান্তক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, পোশাকশিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে ব্যাপকতর ঐকমত্য দেখা যাচ্ছে। পাল্টাপাল্টি দোষারোপের সময় এখন নয়। শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার বলেন, সরকার পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে ভবন তৈরি না হলে সংগঠনের সদস্যপদ অস্থায়ীভাবে স্থগিত রাখা হবে। আর নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া না হলে ওই প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হবে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক বলেন, পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট প্রত্যেকের অঙ্গীকার প্রয়োজন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা ও কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।