বাংলাদেশের পদক্ষেপে সন্তুষ্ট সৌদি আরব: দীপু মনি
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর হত্যার তদন্তে বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব। এ ব্যাপারে বাংলাদেশের প্রতি সৌদি আরবের পূর্ণ আস্থা রয়েছে। তবে হত্যাকারীদের সময়মতো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে আশা করে সৌদি কর্তৃপক্ষ।আজ বুধবার রিয়াদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে এ অভিমত জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সল। এদিন দুপুরে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন। তাঁদের আলোচনায় ওই হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় উঠে আসে।এ ব্যাপারে দীপু মনি রিয়াদ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার কারণ উদঘাটন করে নৃশংস হত্যায় জড়িতদের গ্রেপ্তারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাঁকে জানিয়েছি। খালাফ বিন মোহামেদ সালেম আল আলীর হত্যাকাণ্ড বাংলাদেশে শোকের এক বিশেষ আবহ তৈরি করেছে। কারণ সৌদি জনগণকে নিজেদের আপনজন মনে করে বাংলাদেশের মানুষ।’খালাফ হত্যার কারণ উদঘাটনে বাংলাদেশের তদন্তকারীদের সহায়তার জন্য সৌদি তদন্ত দলকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন দীপু মনি।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সৌদি আরব সফরের মাধ্যমে সমবেদনা জানানোয় দীপু মনিকে বিশেষ ধন্যবাদ জানান সৌদ আল ফয়সল। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের অঙ্গীকারের ব্যাপারে তাঁর সরকারের পূর্ণ আস্থা আছে। এ পর্যন্ত হত্যার কারণ উদঘাটনে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ অত্যন্ত সন্তোষজনক। আর এসব পদক্ষেপ শোকসন্তপ্ত পরিবারের সমবেদনার যথার্থ উত্স। তিনি খুনিদের যথাসময়ে গ্রেপ্তারে আশা প্রকাশ করেন।দীপু মনি এ প্রতিবেদককে জানান, বৈঠকের সময় সৌদি বাদশাহ কাছে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি সৌদ আল ফয়সলের হাতে তিনি তুলে দেন। ওই চিঠিতে সৌদি দূতাবাস কর্মকর্তার হত্যাকাণ্ডে সমবেদনার পাশাপাশি বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা বলা হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি বলা হয়েছে ওই চিঠিতে।এদিকে দীপু মনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং বর্ষার সৌন্দর্য দেখতে ওই সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ দেখান।সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে দীপু মনি বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কর্মীদের প্রতি তাঁর দেশের গভীর আস্থার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বর্তমানে সে দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। তাই সৌদি কর্তৃপক্ষ বিদেশি শ্রমিক নিয়োগের নীতিমালা পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিষয়টি বিশেষভাবে বিবেচনার আশ্বাস দেন সৌদ আল ফয়সল।