বাংলাদেশের পরীক্ষা, সাকিবেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আশরাফুল ও মাহেলা জয়াবর্ধনের বদলে সাকিব আল হাসান ও কুমার সাঙ্গাকারা। দুই অধিনায়কের নাম বদলাচ্ছে। বদলাচ্ছে বছরও। তার পরও চাইলে কি মিল খুঁজে পাওয়া যায় না? সেই জানুয়ারিই তো, সেই বাংলাদেশ-শ্রীলঙ্কাও!বাংলাদেশের ব্যস্ততম ক্রিকেট-বছরের উদ্বোধক ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ যখন টস করতে নামবেন সাকিব ও সাঙ্গাকারা, মুহূর্তের জন্য হলেও কি তাঁরা ফিরে যাবেন না গত বছরের জানুয়ারিতে! প্রসঙ্গটা উঠলে কী বলবেন, তা অনুমান করা একদমই কঠিন কিছু নয়। তবে মুখে যতই বলুন ‘অতীত তো অতীতই’, সেই একই মাঠে আবার মুখোমুখি হয়ে অবিস্মরণীয় সেই দুটি ওয়ানডে ম্যাচের স্মৃতি তাঁদের মনে উঁকিঝুঁকি না দিয়ে পারেই না।২০০৯ সালের ১৪ ও ১৬ জানুয়ারি এই মিরপুর স্টেডিয়ামই সাক্ষী হয়েছিল দু দলের দুটি মহারণের। প্রথমটিতে এসেছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে স্মরণীয়তম জয়গুলোর একটি। সেবারও ত্রিদেশীয় সিরিজ। যেটির প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে বসায় ফাইনাল খেলতে শ্রীলঙ্কাকে হারালেই হতো না, পেতে হতো বোনাস পয়েন্টও। কুয়াশায় ৩১ ওভারে নেমে আসা ম্যাচের অর্ধেক শেষ হওয়ার পর জানা গেল, তা পেতে ২৫ ওভারের মধ্যে পেরোতে হবে শ্রীলঙ্কার ১৪৭। খুব কঠিন কাজ! সাকিব আল হাসানের ৬৯ বলে অপরাজিত ৯২ রানের দ্যুতিতে সেটিই হয়ে গেল খুব সহজ। ২৩.৫ ওভারেই জয়ের সুবর্ণ বন্দরে বাংলাদেশ। মাঝখানে এক দিন বিরতির পর ফাইনালটি তো ওয়ানডে ইতিহাসেরই সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি। বাংলাদেশ মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যাওয়ার পর ওই ম্যাচটির এমন উচ্চতায় উঠে যাওয়ার কথা কারও কল্পনায়ও ছিল না। শ্রীলঙ্কার ইনিংসের মহানাটকীয় প্রথম ৮ ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ৬ রান! শিরোপার মৌ-মৌ সুবাস পাচ্ছে বাংলাদেশ। ব্যাটকে গদা বানিয়ে সেটি হাওয়ায় মিলিয়ে দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। ব্যাটিং নিয়ে বোলারদের একটু বেশিই গর্ব থাকে। দলে থাকলে মুরালি নিশ্চিতই সতীর্থদের মনে করিয়ে দিতেন—কী, মনে আছে তো? আমার ব্যাটিংয়েই কিন্তু জিতেছিল শ্রীলঙ্কা! মুরালি নেই, বাংলাদেশের জন্য দুঃসহ সেই স্মৃতি আছে। শুধুই দুঃসহ? ধরণি শুধু বিজয়ীরই পূজারি, তার পরও এমন কিছু পরাজয়ও তো থাকে, পরাজিতের কপালেও যা এঁকে দেয় অহংকারের তিলক। সেই ফাইনাল বাংলাদেশকেও কি তা দেয়নি?দিয়েছে এবং মিরপুরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে অনুপ্রেরণাও হয়ে উঠছে তা। মুরালি নেই বলছিলাম; এক বছর আগে-পরের দুই ত্রিদেশীয় সিরিজকে পাশাপাশি রেখে ‘নেই-আছে’র তালিকা করতে বসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা পাবেন, তা হলো—জিম্বাবুয়ে নেই, আছে ভারত।তার মানে তো পরিষ্কার, ফাইনালের দর্শক হয়ে থাকাটাই বাংলাদেশের ভবিতব্য। আহা, চটছেন কেন? চমকের আশা তো অবশ্যই করবেন, তবে ডাবল লিগের খেলা বলে এখানে যে একটি চমকেও হচ্ছে না। কল্পচোখে বাংলাদেশকে ফাইনালে দেখতে হলে আপনাকে তাই একটু দিবাস্বপ্নচারীই হতে হবে।হ্যাঁ, চাইলে যুক্তি দিতে পারেন। প্রতিপক্ষ দুদলকেই দুবার করে ওয়ানডেতে হারানোর ইতিহাস আছে। হতশ্রী জিম্বাবুয়ে আর হীনবল ওয়েস্ট ইন্ডিজ ছাড়া টেস্ট খেলুড়ে আর কোনো দেশের বিপক্ষেই বাংলাদেশের যে কৃতিত্ব নেই। যে শ্রীলঙ্কার কাছে প্রথম ১৫ ম্যাচে নিঃসহায় আত্মসমর্পণ, সর্বশেষ ১১ ম্যাচে তাদের বিপক্ষেই দুবার ম্যাচ শেষে বাংলাদেশের মুখে জয়ের হাসি। ভারতও তো বাংলাদেশের হঠাত্ জ্বলে ওঠার ভুক্তভোগী। ২০০৪ সালের ২৬ ডিসেম্বরকে ‘সুনামির রাত’ বলে মনে রেখেছে বিশ্ব। বাংলাদেশের ক্রিকেট মনে রেখেছে ভারতকে প্রথমবারের মতো হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে যাত্রা শুরুর রাত হিসেবে। এরপর ২০০৭ বিশ্বকাপে ত্রিনিদাদের জয় মহিমাতে ছাড়িয়ে গেছে প্রথমটিকেও।অতীতের ওপরই দাঁড়িয়ে থাকে বর্তমান। কিন্তু ভবিষ্যতের গতিপথ কি তাতেই নির্ধারিত নাকি! মোটেই নয়। নতুন বছর, নতুন সিরিজ—বাংলাদেশের জন্যও তাই নতুন করে শুরুও। অপ্রত্যাশিত প্রাপ্তির ২০০৯-এর সুখস্মৃতির রেশ ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের পথে যাত্রাও। বাকি ক্রিকেট-বিশ্ব ‘তবে-যদি-কিন্তু’ বলে আমতা আমতা করতে পারে, তবে পরিসংখ্যান তো এ সবে বিশ্বাসী নয়। সেটি আপনাকে জানাবে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টেস্ট-ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ২০০৯ সালে সফলতম দলের নাম বাংলাদেশ। টেস্টে সাফল্যের হার ৬৬.৬৬ শতাংশ, ওয়ানডেতে ৭৯.৬৮।অতি আশাবাদীও ২০১০-এ এর পুনরাবৃত্তি আশা করবেন না। বছরের প্রথম অর্ধেকটাই শুধু ধরুন না। ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফর, যেটি শেষ করে আসতে না-আসতেই বাংলাদেশে এসে যাবে ইংল্যান্ড। কদিন পরই আবার সেই ইংল্যান্ডেই বাংলাদেশ। আনন্দধারায় ভাসিয়ে দেওয়া ২০০৯ সালের পর ২০১০ বাংলাদেশের জন্য কঠিনতম পরীক্ষার অন্য নাম।সাকিব আল হাসানের জন্যও কি তা-ই নয়? গত বছর এই বাঁহাতি অলরাউন্ডার আর বাংলাদেশের সাফল্য ছিল প্রায় সমার্থক। বছরের শুরুতে ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এখনো সেখানেই তাঁর সগৌরব অধিষ্ঠান। ওয়ানডেতে ৫১.৬১ গড়ে করেছেন ৬৭১ রান। তাঁর চেয়ে বেশি রান করেছেন ২০ জন, কিন্তু তাঁর চেয়ে বেশি গড় মাত্র চারজনের। বোলিংয়ে ২৬ উইকেট, এর চেয়ে বেশি উইকেট আছে ১৫ জনের, তবে ওয়ানডেতে মহাগুরুত্বপূর্ণ ইকোনমি রেটের (৩.৪৮) দিক থেকে মাত্র চারজন ছিলেন তাঁর ওপরে।২০০৯ সালে সাকিব যা ছুঁয়েছেন, তা-ই হয়ে গেছে সোনা। শুধু ব্যাটিং-বোলিং নয়, দুহাত ভরিয়ে দিয়েছে হঠাত্ হাওয়ায় ভেসে আসা অধিনায়কত্বও। মাশরাফি নেই বলে এই ত্রিদেশীয় সিরিজেও নেতৃত্ব-ভার তাঁর ওপর। নেতৃত্বের সঙ্গে ওই যে ‘ভার’ শব্দটা, সেটিও হয়তো এবার প্রথমবারের মতো অনুভব করবেন সাকিব।যত কম করবেন, ততই মঙ্গল। সাকিবের জন্য যেমন, তেমনই বাংলাদেশের জন্যও। সাকিব আর বাংলাদেশের ভালো-মন্দ যে এখন বিনি সুতোয় গাঁথা।