বাংলাদেশের পাশে থাকবে ইইউ
তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমমানের উন্নতিতে বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ দূতাবাস আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ বাণিজ্য-সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার দুদিন পর ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে এ অভিমত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের দেশগুলোতেও বাংলাদেশ জিএসপি-সুবিধা পায়। অস্ত্র ছাড়া সবকিছু (এভরিথিং বাট আর্মস বা ইবিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশের সব পণ্য ইইউর জিএসপি পেয়ে থাকে। ফলে তৈরি পোশাক ইইউভুক্ত দেশগুলোতে এ সুবিধা ভোগ করে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইইউর বাণিজ্য কমিশনার আগামী ৮ জুলাই জেনেভায় এক বৈঠক ডেকেছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও মার্কিন সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। ওই বৈঠকে বিজিএমইএ, শীর্ষস্থানীয় ক্রেতা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের শ্রমিক অধিকার, কর্মপরিবেশে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে।বাংলাদেশের তৈরি পোশাক কারখানার সাম্প্রতিক বিপর্যয়ের পর ইইউর বাণিজ্য কমিশনার ক্যারল দ্য গুশে গত ২৮ মে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন। সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে ওই বৈঠকের আয়োজন করা হয়। অস্ত্র ছাড়া সবকিছু কর্মসূচির আওতায় বাংলাদেশের সব পণ্য ইইউর জিএসপি পেয়ে থাকে। এর মানে বাংলাদেশের জন্য ইইউর জিএসপি প্রত্যাহারের সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে। কারণ, এ সিদ্ধান্ত ব্যাপকভাবে কর্মসংস্থান ও দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরোপের বাজারে জিএসপি-সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের পাশে থাকতে চায় ইইউ। কারণ, এ সুবিধা বছরের পর বছর বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক সহযোগিতা করে আসছে। বাংলাদেশের শ্রমমানের উন্নয়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌথ উদ্যোগে আইএলও এ বছর এবং ২০১৪ সালের সময়জুড়ে পর্যবেক্ষণ করবে। ইইউ এ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।