বাংলাদেশের পোলার্ড-প্রত্যাশা
ইংল্যান্ডের বিপক্ষে আমরাই ফেবারিট।কথাটা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ডের।ইংল্যান্ড খেলোয়াড়েরা সেই কবে থেকেই বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে এবং সেই জয়ের আত্মবিশ্বাসও ইংলিশদের আছে। ওয়েস্ট ইন্ডিজ শিবির থেকে এর জবাব এল পরশু। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান পোলার্ড শুধু নিজেদেরই ফেবারিট দাবি করেননি, পাল্টা একটা জবাবও যেন দিয়েছেন।‘আমরা প্রতিটি ম্যাচেই নিজেদের ফেবারিট মনে করি। ভালো যদিও খেলছে না, তবু ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালে দেখবেন, ঠিক এ রকম অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছিল এবং ফাইনালে গেছে ইংল্যান্ড। তবে আমরা প্রতিটি ম্যাচকেই ফাইনাল ভাবি। আমাদের এই ম্যাচটি জিততে হবে এবং কোয়ার্টার ফাইনালে যেতে হবে।’ বলেছেন পোলার্ড।পোলার্ড যেন বাংলাদেশের মানুষের মনের কথাটাই বললেন। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটি জিতুক, এটা এখন বাংলাদেশের মানুষের চাওয়া। এই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই বাংলাদেশের বিশ্বকাপ প্রায় শেষ হতে বসেছিল। বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়েছিল পোলার্ডের দলের বিপক্ষে।তবু আজ বাংলাদেশের মানুষ ওয়েস্ট ইন্ডিজের পাড় সমর্থক। ওয়েস্ট ইন্ডিজ আজ ইংল্যান্ডকে হারালেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি নিয়ে তখন হিসাব কষার আর প্রয়োজনই পড়বে না। পোলার্ড কিন্তু বাংলাদেশের কথা মাথায় রেখে ওই কথা বলেননি। সেটা তাঁর বলার কথাও নয়।‘কেউ জানে না, কোন দল কোয়ার্টার ফাইনালে যাবে (দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে)। আমরা কোয়ার্টার ফাইনালে খেলতে চাই। আর কে কোয়ার্টার ফাইনালে উঠল, কে উঠল না, এ নিয়ে আমাদের চিন্তা নেই।’ বলেছেন পোলার্ড।পোলার্ড যেভাবেই বিষয়টা দেখুন, আজ তাঁর দল ইংল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশের মানুষ খুশি। শেষ পর্যন্ত কী হবে কে জানে, তবে বাংলাদেশের মানুষের জন্য আরেকটি ভালো খবর দিয়ে রেখেছেন পোলার্ড—পেটের সমস্যা সেরে গেছে ক্রিস গেইলের, আজকের ম্যাচের জন্য পুরো ফিট তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের গোড়ায় গেইল জ্বলে উঠলে যে কী হতে পারে, সেটা তো সবারই জানা।গেইল-ঝড়ের কথা চিন্তা করেই হয়তো আজ ফর্মে না থাকা পেসার জেমস অ্যান্ডারসনকে বাইরে রাখছে ইংল্যান্ড। পরিবর্তে ক্রিস ট্রেমলেটকে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। তাতে কি ইংল্যান্ডের সমস্যা মিটছে পুরোটা? কাল দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও স্পিনার গ্রায়েম সোয়ানের খেলা নিশ্চিত ছিল না। জ্বর আর পেটের পীড়ায় ভুগছেন দুজনই। তবে ইংলিশদের বিশ্বাস, সেরে উঠবেন দুজনই।বাংলাদেশের মানুষের চাওয়া, সবকিছুর পর ম্যাচটায় ইংল্যান্ডই হারুক। জয় হোক ওয়েস্ট ইন্ডিজের। জয় হোক বাংলাদেশের মানুষের স্বপ্নের! তথ্যসূত্র: ওয়েবসাইট।