বাংলাদেশের প্রতিপক্ষ যেন আম্পায়াররাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে সামনে পেলেই কি এমন জ্বলে ওঠেন ইয়ান বেল? তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৪৪০ রান আর ২১ রানের লিড নিয়ে ইংল্যান্ড আসলে কতটা এগিয়ে গেল এই টেস্টে? দুই ইনিংস মিলিয়ে ২৭১ ওভারের বেশি বোলিং হয়ে যাওয়ার পরও কেন ভাঙছে না উইকেট! আলোচনায় এ রকম অনেক কিছুই থাকতে পারত। আছেও, তবে দুই আম্পায়ারের কাণ্ড-কীর্তির চেয়ে সেসব অনেকটাই পিছিয়ে। রড টাকার আর টনি হিলের তিন-তিনটা ভুল সিদ্ধান্তের শিকার না হলে বাংলাদেশ দল কাল কতটা মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারত, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইট-পাথরেরও যেন এই একটাই আক্ষেপ!প্রথম ভুল: ৬৯.১ ওভারে রুবেল হোসেনের বলে ম্যাট প্রিয়রের বিরুদ্ধে এলবিডব্লুর জোরালো আবেদন নাকচ করে দিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার টনি হিল। টিভি রিপ্লেতে দেখা গেল বলটা লেগ স্টাম্পে লাগতই লাগত। প্রিয়রের রান তখন ৯, ইংল্যান্ডের ১৮৬/৪।দ্বিতীয় ভুল: টিম ব্রেসনানের ৫ রান, ইংল্যান্ডের ৫ উইকেটে ২৮৬। সাকিব আল হাসানের করা ইনিংসের ৯৭তম ওভারের চতুর্থ বলটা ব্রেসনানের ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে সিলি পয়েন্টে জহুরুল ইসলামের ক্যাচ। হা হতোস্মি! এবার আবেদন ফিরিয়ে দিলেন আরেক আম্পায়ার অস্ট্রেলিয়ান রড টাকার। আরেকবার বঞ্চিত বাংলাদেশ।তৃতীয় ভুল: টনি হিলের আরেকটি ভুলে ব্যক্তিগত ৮২ রানের সময় বেঁচে গেলেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেওয়া ইয়ান বেল। ১০৫.২ ওভারে আবদুর রাজ্জাকের বলে এলবিডব্লুর আবেদন প্রত্যাখ্যাত। টিভি রিপ্লে কিন্তু দেখাচ্ছিল, ওটা আউট না হওয়ার কোনো কারণই নেই।আলোচনায় এরপর অন্য সবকিছুরই তো গৌণ হয়ে যাওয়ার কথা! দিনশেষে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনজুড়ে থাকল বাজে আম্পায়ারিং প্রসঙ্গ আর রেফারেল পদ্ধতির জন্য আফসোস। আম্পায়ারদের সৌজন্যে জন্মদিনের (১১ এপ্রিল) আগাম ‘উপহার’ পাওয়া বেলও ‘এটা ক্রিকেটের অংশ’ বলে স্বীকার করে গেলেন ৮২ রানে বেঁচে যাওয়ার কথা।হিল-টাকার মিলে দুর্বল আম্পায়ারিংয়ের চূড়ান্ত নিদর্শনটা তুলে না ধরলে কাল দিনশেষে আসলেই অন্য রকম হতে পারত টেস্টের চিত্র। আগের দিন ৬৪ রানে অপরাজিত জোনাথন ট্রট আর কোনো রান যোগ না করেই দিনের তৃতীয় ওভারে সাকিবের বলে বোল্ড। এই জায়গায় অবশ্য নিজেদের দুর্ভাগা দাবি করতে পারে ইংল্যান্ডও। সাকিবের বল তাঁর প্যাড আর কনুই ছুঁয়ে অনেকটা রিপ্লের স্টাইলে অফ স্টাম্পে গিয়ে লাগল। পা দিয়ে বলটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেও বেল পড়ার দৃশ্যটাই দেখতে হলো ট্রটকে। ট্রট যদি দুর্ভাগা হন, বেল অবশ্যই সৌভাগ্যের বরপুত্র। বাংলাদেশের বিপক্ষে বরাবরই দুর্বার তাঁর ব্যাট। আগের চার ইনিংসে তিনবারই অপরাজিত, সেঞ্চুরি ছিল একটা। কাল গড়লেন আরও এক কীর্তি। সতীর্থ আর কারও সেঞ্চুরি ছাড়া ইনিংসে এই প্রথম একাই সেঞ্চুরি করলেন বেল। ১৩৮ রানের ইনিংসে প্রিয়রের সঙ্গে গড়েছেন ৯৮ রানের জুটি। তবে ব্যক্তিগত ১১৯ রানের সময় তিনি একবার আউটেরও সুযোগ দিয়েছিলেন। কিন্তু বাজে ফিল্ডিংয়ের সামান্যতম চিহ্নও রাখবে না বাংলাদেশ, তা কী করে হয়! শফিউল ইসলামের বলে ফরোয়ার্ড স্কয়ার লেগে যাওয়া ক্যাচটা অন্তত একজন টেস্ট ক্রিকেটারের নেওয়া উচিত। ইমরুল কায়েস সেটা পারলেন না।বেল-প্রিয়রের মতো ইংল্যান্ডের আরেক সৌভাগ্যবান ব্যাটসম্যান ব্রেসনানও এখন আছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির অপেক্ষায়। ষষ্ঠ উইকেটে বেলের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়েছেন। সাকিবের বলে জহুরুলের ক্যাচ হয়ে বেল ফিরে গেলেও দিনশেষে জেমস ট্রেডওয়েলের সঙ্গে ৭৪ রানে অপরাজিত ছিলেন ব্রেসনান। অথচ টাকার ওই সময়ই আউটটা দিয়ে দিলে টেস্টে তাঁর সর্বোচ্চ এখনো ৯ রানই থাকত। সাকিবও পেয়ে যেতেন টেস্টে সপ্তমবারের মতো ৫ উইকেট পাওয়ার সাফল্য। সেটা না হওয়ায় ৯৯ রানে ৪ উইকেট নিয়েই কাল সন্তুষ্ট থাকতে হলো তাঁকে।প্রথম ইনিংসে ৪১৯ রান করার পরও আম্পায়ারদের শত্রুতায় কাল মনটাই খারাপ হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। তবে দিন শেষের স্কোরবোর্ড দেখে আবার আশায় বুক বাঁধছেন সবাই। ‘কাল (আজ) যতটা সম্ভব দ্রুত ইংল্যান্ডের বাকি ২ উইকেট তুলে নিয়ে দিনভর ব্যাটিং’—মাঠ ছাড়ার আগে ওপেনার তামিম ইকবাল জানিয়ে গেলেন চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য।