জয় দিয়েই শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের যুব বিশ্বকাপ মিশন। গ্রুপ-ডিতে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনি তাদের জন্য নির্ধারিত ৪৬ ওভারে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাপুয়া নিউগিনি পুরো ৪৬ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। একপর্যায়ে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পাপুয়া নিউগিনি পরিণত হয় ৫২/৫-এ। এর পরই পাপুয়া নিউগিনির টিপি উরা ও বাউয়ের মধ্যে গড়ে ওঠে ভালো একটি জুটি। এই জুটি দলের সংগ্রহকে নিয়ে যান ১২২-এ। শেষের দিকে বাংলাদেশের বোলারদের একটু গা-ছাড়া ভাবের কারণেই কি না পাপুয়া নিউগিনি তাদের সংগ্রহকে টেনে নিয়ে যায় ১৯১ রানে। পাপুয়া নিউগিনির পক্ষে টিপি উরা ৭০ ও জে কিলা ৩৮ রান করে দলের স্কোরকে নিয়ে যান সম্মানজনক সংগ্রহে। বাংলাদেশের পক্ষে বল হাতে সেরা ছিলেন আবুল হাসান। তিনি ৯ ওভার বল করে ৩টি মেডেন দিয়ে মাত্র ২২ রানে ৪ উইকেট শিকার করেন।পাপুয়া নিউগিনির ১৯১ রান বাংলাদেশ শিবিরে ক্ষণিকের জন্য হলেও শঙ্কা জাগিয়ে থাকতে পারে। তার ওপর নিউজিল্যান্ডের পালমারস্টোনের ফিত্জারবার্ট পার্কে সব সময়ই ছিল বৃষ্টির চোখ রাঙানি। কোনো মতেই পাপুয়া নিউগিনির বিরুদ্ধে বৃষ্টির কারণে পয়েন্ট হারাতে চায়নি এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশকে ৪৬ ওভারে করতে হতো ১৯০ রান। প্রথম থেকেই ঝড়ের গতিতে ব্যাট চালিয়ে বাংলাদেশ এই লক্ষ্যমাত্রাকে করে তোলে একেবারেই সহজ। যদিও একপর্যায়ে ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে গিয়েছিল তারা। বাংলাদেশের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল ৩৬, মাহমুদুল হাসান ৩৮ ও শাব্বির আহমেদ সর্বোচ্চ ৫১ রান করেন। নুরুল হাসান ১৭ বলে ২৪ রান করে বাংলাদেশের জয়কে সহজ করে তোলেন। ৪৬ ওভারে ১৯০ রানের লক্ষ্যমাত্রা থাকলেও বাংলাদেশের ‘আগামীর তারকা’রা এই লক্ষ্যমাত্রাকে বাস্তব করে তোলেন মাত্র ২৭.২ ওভারেই। বাংলাদেশ আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।