বাংলাদেশের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে বলা যায় বিধাতার এক বিচিত্র গবেষণাগার। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আর প্রচণ্ড তুষারপাত ছাড়া বাকি সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায় নিয়মিত হয়ে থাকে এ দেশে। এখন যোগ হচ্ছে বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের প্রভাব অর্থাৎ প্রাকৃতিক কারণে বাংলাদেশকে যেসব দুর্যোগ মোকাবিলা করতে হতো, এখন এর সঙ্গে যোগ হচ্ছে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতাজনিত দুর্যোগের মাত্রা বৃদ্ধির আশঙ্কা।এসব দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি কতটুকু। প্রথমেই বলতে হয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের একটা সহজাত প্রস্তুতি রয়েছে। ইংরেজিতে বলা যায় রেজিলিয়েন্স। বন্যাপ্রবণ এলাকার গ্রামবাসী স্বাভাবিকভাবেই উঁচু করে তাদের গ্রামগুলো গড়ে তুলেছিল, যে কারণে বর্ষায় গ্রামগুলোকে ভাসমান দ্বীপের মতো মনে হয়। অনাদিকাল থেকে বন্যা ব্যবস্থাপনায় বাঁধ নির্মাণ এবং নিজেদের ব্যবস্থাপনায় তা রক্ষণাবেক্ষণ আমাদের ঐতিহ্যের অংশ। সরকারও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ বোধ করি পৃথিবীর অল্প কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পৃথক মন্ত্রণালয় রয়েছে। রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা উন্নতকরণে বিশেষ কার্যক্রম। বাংলাদেশ সরকারের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বা দুর্যোগ মোকাবিলায় স্থায়ী আদেশগুলো একটি বিশ্বনন্দিত দলিল। এতে বিভিন্ন মন্ত্রণালয় তথা বিভিন্ন সরকারি বিভাগ যেকোনো একটি দুর্যোগ মোকাবিলায় কী কী কাজ করবে এবং কখন কোন কাজ করবে, তা বর্ণিত আছে। অর্থাৎ একটি দুর্যোগের আশঙ্কা দেখা দিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো নির্দেশাবলি দেওয়ার প্রয়োজন নেই। সব সরকারি, আধা সরকারি, বেসরকারি, এমনকি সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগ কী ধরনের কাজ করবে এবং দুর্যোগ মোকাবিলায় রাজধানী, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার কাজ কী হবে, তা নির্দিষ্ট করে দেওয়া আছে। আমার জানামতে, ভারত, চীনসহ পৃথিবীর বহু দেশ আমাদের এ স্থায়ী আদেশ সামনে রেখে তাদের নিজস্ব নিয়মাবলি প্রণয়ন করেছে। সরকার এখন প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক একটি আইনের খসড়া চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।এরপর আসছি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নিয়ে কিছু কথায়। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগসংক্রান্ত পূর্বাভাসগুলো একটি দরিদ্র দেশের প্রেক্ষাপটে যথেষ্ট উঁচুমানের বলে আমার বিশ্বাস। তিন দিন মেয়াদি বন্যার পূর্বাভাস প্রায় শতভাগ সঠিক হচ্ছে বলে আমার ধারণা। বর্তমানে ১০ দিন মেয়াদি পূর্বাভাস তৈরি করা হচ্ছে এবং তা প্রচারিত হচ্ছে। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদি অর্থাৎ তিন-চার মাসের আগাম পূর্বাভাস, যেটি কৃষক ভাইদের কাজে আসবে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসবিষয়ক পূর্বাভাস নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। আমি নিয়মিতভাবে মনোযোগের সঙ্গে এসব পূর্বাভাস শুনি এবং প্রায়ই সঠিক হয়েছে বলে লক্ষ করি। স্বাভাবিকভাবে পূর্বাভাসের মেয়াদ যত কম হবে, তা তত নির্ভুল হবে। তবে বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ক্ষেত্রে এখন যে কাজে নজর দিতে হবে, তা হলো এগুলোর সুচারু প্রচারব্যবস্থা। বিবিধ কারণে এটি প্রকৃত ব্যবহারকারীর কাছে সঠিক মাত্রায় বা পরিষ্কার ভাষায় পৌঁছায় না। আধুনিক প্রযুক্তি বিশেষ করে এসএমএস ব্যবহারের কথা ভাবা হচ্ছে বলে শুনেছি।বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলায় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও তার ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বন্যাপ্রবণ এলাকায় স্কুলগুলো এ কাজে ব্যবহূত হয়ে থাকে। উপকূল অঞ্চলে হাজার তিনেকের মতো আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলা যেতে পারে। এ সংখ্যা কমপক্ষে আরও চার গুণ হওয়া দরকার। উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস প্রচারের জন্য সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম বা সিপিপির মাধ্যমে প্রায় ৪৭ হাজার স্বেচ্ছাসেবী কাজ করেন। সরকারের পৃষ্ঠপোষকতায় এবং রেড ক্রিসেন্টের সহযোগিতায় পরিচালিত এই সংগঠনও বিশেষ প্রশংসার দাবি রাখে। এদের সংখ্যাও কিছুটা বাড়িয়ে সমগ্র উপকূল অঞ্চল এদের প্রচারণার অধীনে আনতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে জেনেছি।জলোচ্ছ্বাস ও বন্যা ব্যবস্থাপনায় বাঁধের উপযোগিতা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। যারা বাঁধ বা ইমব্যাংকমেন্ট এবং ড্যাম ও জলাধারের মধ্যে তফাত বোঝে না, তারাই বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ ও উপকূলীয় বাঁধের বিরোধিতা করে। বাংলাদেশে যে উপকূলীয় বাঁধ নির্মিত হয়েছে, তা একত্র করলে সাত হাজার কিলোমিটারের কম হবে না। আর বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধের দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটারের মতো। এসব অবকাঠামোকে সুচারুভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে আমরা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি বহুলাংশে নিয়ন্ত্রণ করতে পারব। কৃষি উৎপাদন নিশ্চিত করতে এর বিকল্প নেই। তবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে ভবিষ্যতে বন্যা বা জলোচ্ছ্বাসের মাত্রা আরও বেশি হবে। কাজেই অবিলম্বে এগুলোর উচ্চতা বাড়ানো দরকার। একই সঙ্গে এগুলোর ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে দায়িত্বশীল করতে হবে।ভূমিকম্প ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া হচ্ছে। এটি এমন একটি দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। কাজেই সরকারের বিল্ডিং কোডের সঠিক অনুসরণ করাই হচ্ছে ভূমিকম্প মোকাবিলার একমাত্র রাস্তা। ভূমিকম্প হলে উদ্ধারকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করানো হচ্ছে।নদীভাঙন রোধ বিষয়টি বিশেষ ব্যয়বহুল বিধায় এ ক্ষেত্রে তেমন নজর দেওয়া হতো না। তবে বর্তমান সরকার এ বিষয়ে সাহসী পদক্ষেপ নিচ্ছে। এ লক্ষ্যে প্রস্তাবিত নদী শাসন কার্যক্রমের সাফল্য কামনা করছি। এ প্রকল্প বাস্তবায়নের সময় নদীর গতিপ্রকৃতি ভালোভাবে মনিটর করে মূল পরিকল্পনার যথোপযুক্ত পরিবর্তন আনার জন্য ফ্লেক্সিবিলিটির প্রয়োজন হবে।বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় বাংলাদেশ সরকার যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, সেটি সমগ্র বিশ্বে আলোচিত ও প্রশংসিত হচ্ছে। ২০০৯ সালে গৃহীত জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের কৌশল ও পরিকল্পনাবিষয়ক দলিলটি সমগ্র বিশ্ব পর্যালোচনা করছে। সম্পূর্ণ দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে প্রণীত এ দলিলটি জলবায়ু ও আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় সরকারের বলিষ্ঠ স্বাক্ষর।১৯৭০ সালের সাইক্লোনে মৃত্যুর সংখ্যা হিসাবভেদে তিন লাখ থেকে পাঁচ লাখ। একই মাত্রায় সিডরে মৃত্যুসংখ্যা ছিল সাড়ে তিন হাজার। ২০০৯ সালের আইলার শক্তি ছিল একই ধরনের, কিন্তু মৃত্যুসংখ্যা ৫০০-এর কম। এই একটি তথ্যই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতির সাক্ষ্য দেয়।গত ৪০ বছরে বন্যা-খরা ইত্যাদি মোকাবিলা করেও খাদ্য উৎপাদন চার গুণ করতে পারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের আরেকটি সুস্পষ্ট প্রমাণ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে আমাদের ঝুঁকি বাড়ছে। এবং এ ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ বিমা প্রবর্তনসহ আরও নতুন কর্মকাণ্ড প্রয়োজন হবে। দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস আর এগুলোর তীব্রতা ও প্রকোপ বাড়বে জেনেই আগামী দিনগুলোর প্রস্তুতি নিতে হবে। দুর্যোগের প্রাকপ্রস্তুতি ও ঝুঁকি হ্রাসের পদক্ষেপগুলোকে আরও সুদৃঢ় করতে হবে।ড. আইনুন নিশাত: উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, পানি বিশেষজ্ঞ