বাংলাদেশের ফাতিমা অভিনয় করবে মালালার চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মালালা ইউসুফজাইকে খুঁজে পেয়েছেন বলিউডের চলচ্চিত্রনির্মাতা আমজাদ খান। গুল মাকাই চলচ্চিত্রে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের ফাতিমা শেখ। সে মা-বাবার সঙ্গে ঢাকায় থাকে। মালালার চরিত্রে অভিনয়ের জন্য প্রায় দেড় মাস আগেই ফাতিমাকে খুঁজে পান আমজাদ খান। তবে সংগত কারণেই তাঁর পরিচয় গোপন রাখা হয়। এমনকি ‘লুক টেস্ট’ ও ‘স্ক্রিনিং টেস্টের’ সময়েও ফাতিমার পরিচয় জানানো হয়নি। আমজাদ খান জানান, পরিচয় গোপন রাখার দুটি কারণ ছিল। প্রথমত, মালালার চরিত্রে ফাতিমার অভিনয়ের ব্যাপারে একেবারেই রাজি ছিলেন না তার মা-বাবা। দ্বিতীয়ত, ফাতিমা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কাজ করার (ওয়ার্ক পারমিট) জন্য আদৌ অনুমতি পাবে কি না, তা-ও নিশ্চিত ছিল না। তাই ভারতে গিয়ে মালালার চরিত্রে অভিনয় করার জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল। মাত্র ১০ দিন আগে সেই অনুমতি পেয়েছে ফাতিমা। ফাতিমার বয়স খুবই অল্প। বেশ কিছুদিন ফাতিমাকে শুটিং সেটে রাখার কথা ভাবছেন আমজাদ খান, যাতে সে সবার সঙ্গে অভ্যস্ত হতে পারে এবং সহজভাবে মিশতে পারে। শুটিংয়ের জন্য আগামী নভেম্বর মাসে পাকিস্তানে যাবেন আমজাদ খান।গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই পাকিস্তানের সোয়াত উপত্যকায় বিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরছিল। পথে সেই বাসে উঠে তার মাথায় গুলি করে তালেবান জঙ্গিরা।গুরুতর অবস্থায় তাকে প্রথমে পাকিস্তানে ও পরে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে এবার লন্ডনে পড়াশোনায় মনোযোগী হয়েছে মালালা। টাইমস অব ইন্ডিয়া।