লন্ডনের দি ইকোনমিস্ট ৯ মার্চ প্রকাশ করে ‘বাংলাদেশে অস্থিরতা: জাতি বিভক্ত’ শিরোনামের একটি লেখা, যার উপশিরোনাম ছিল: ‘ত্রুটিপূর্ণ ট্রাইব্যুনাল পুরোনো আবেগ জাগিয়েছে, বাংলাদেশের ভবিষ্যত্ হুমকির মুখে’।বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের বরাত পত্রিকাটি লেখে, ‘৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বাংলাদেশে শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছে। ৬৭ জন নিহত হয়েছে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর।’ পত্রিকাটি লিখেছে, ‘এই রায় প্রত্যাশিত ছিল। কিন্তু জামায়াতের ছাত্রসংগঠন শিবির এই রায়ের পর উন্মত্ত হয়ে ওঠে। রায় ঘোষণার এক দিনের মধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনীর গুলিতে অন্তত ২৩ জন বিক্ষোভকারী নিহত হয়। ৩ মার্চ জামায়াতের ১০ হাজারেরও বেশি সমর্থক লাঠি ও বোমা নিয়ে বগুড়ায় থানা এবং সরকারি বিভিন্ন দপ্তর আক্রমণ করলে সরকার সেনা মোতায়েন করে।’ইকোনমিস্ট লিখেছে, ‘জামায়াত যে আচরণ করছে, তা যতটা না রাজনৈতিক দলের মতো, তার চেয়ে বেশি বিদ্রোহী গোষ্ঠীর মতো। তারা শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা করছে, পুলিশকে আক্রমণ করছে। ঝিনাইদহে একজন পুলিশ সদস্যকে খুন করার পর তার চোখ উপড়ে নেওয়া হয়েছে। চট্টগ্রামের অদূরে পুলিশের ১৯ সদস্যকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। হত্যা করা হয়েছে পুলিশের এক সদস্যকে। শিবির সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে গুজব ছড়িয়ে দেয় সাঈদীর মুখ চাঁদে দেখা যাচ্ছে। এই গুজব ছড়ানো হয় দেশের ধর্মপ্রাণ মানুষকে এটা বিশ্বাস করানোর জন্য যে, সাঈদী নির্দোষ। চাঁদে তাঁর মুখ দেখা এটারই প্রমাণ। এই গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হয়েছে।’ইকোনমিস্ট লিখেছে, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বিচারকেরা আইন অনুযায়ী রায় দিচ্ছেন। এটা এখন স্পষ্ট যে, বিএনপি ক্ষমতায় গেলে বিচার বাতিল করবে। বিএনপির প্রধান খালেদা জিয়া এরই মধ্যে বিক্ষোভের সময় জামায়াত-সমর্থকদের নিহত হওয়ার ঘটনাকে “গণহত্যা” বলে উল্লেখ করেছেন। খালেদার মিত্ররাও তেমন কথাই বলছেন। তাই বিএনপি ক্ষমতায় গেলে ধর্মনিরপেক্ষ মধ্যপন্থী মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের ধর্মনিরপেক্ষতা হুমকির মুখে পড়তে পারে।’