বাংলাদেশের মতো কম দামে কোথাও পণ্য বিক্রি হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না। এর পরও গরিব জনসাধারণের কথা চিন্তা করে সরকার ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।আজ শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবন মিলনায়তনে সারা দেশের চেম্বারগুলোর সংগঠন কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের মধ্যে ছোট একটি গোষ্ঠী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লুটে নিতে মজুদদারি করছে। কিছু ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের মধ্যেও দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বার নেতাদের ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী। কোন ব্যবসায়ী কোন পণ্য কত দিন মজুদ রাখছেন, কোন সময় এবং কী দামে বিক্রি করছেন, তা চিহ্নিত করার জন্য বাণিজ্যমন্ত্রী চেম্বার নেতাদের প্রতি আহ্বান জানান।ফারুক খান বলেন, অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম দেড় বছরে তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও কয়েকটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। কিছুদিনের মধ্যেই পণ্যের দাম আরও সহনশীল হবে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় প্রথম সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, সার্ক চেম্বারে সহ-সভাপতি আবুল কাসেম আহমদ, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, মোহাম্মদ আলী, পরিচালক মনোয়ারা হাকিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।