যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ কংগ্রেস সদস্য বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত বুধবার ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে তাঁরা এ বৈঠক করেন। খবর ইউএনবির।বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি, শেইলা জ্যাকসন, হ্যানসেন ক্লার্ক ও ব্র্যাড শেরম্যান। এ ছাড়া সিনেট ফরেন রিলেশনস কমিটির একজন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন।দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনসহ নানা বিষয় উঠে আসে।বৈঠকে অংশ নেওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ইউএনবিকে টেলিফোনে বলেন, কংগ্রেস সদস্যরা বলেছেন, বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র যদি হুমকির মুখে পড়ে তাহলে মার্কিন কংগ্রেস সেটিকে গুরুতর বিষয় হিসেবে গণ্য করবে, যা বাংলাদেশকে তাঁর সহস্রাব্দের লক্ষ অর্জনকে অনিশ্চিত করে তুলতে পারে।কংগ্রেস সদস্যরা খালেদা জিয়াকে বলেন, তাঁরা বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন এবং এ বিষয়ে তাঁরা মার্কিন প্রশাসনকে অবহিত করবেন। বৈঠকে তাঁরা খালেদা জিয়ার সাবেক সরকারের সঙ্গে মার্কিন কংগ্রেস ও প্রশাসনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন। খালেদা জিয়া কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।ব্যস্ততার কারণে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। হিলারির আপন ছোটভাই টনি রডহ্যাম ওয়াশিংটনে হোটেল ম্যারিয়টে খালেদার স্যুটে গিয়ে হিলারির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। সিনেটর জন কেরিও একজন বিশেষ দূত পাঠিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।