বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে প্রধান সমস্যা গুম ও বৈষম্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতি উন্নয়নের প্রধান সমস্যা গুম, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য এবং দুর্বল কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার রক্ষা না হওয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ২০১২ সালের মানবাধিকার প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার-পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি করা এই বার্ষিক মানবাধিকার প্রতিবেদন গত শুক্রবার প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওই প্রতিবেদনের বাংলাদেশ অংশে এ দেশের মানবাধিকারের বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সন্দেহভাজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অপহরণের ঘটনা ঘটে চলছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, এসব ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত। এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী, আদিবাসী সম্প্রদায় ও নারীরা সমান অধিকার পাচ্ছেন না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাঁরা সহিংসতারও শিকার হচ্ছেন। শ্রমিকেরা নিজেদের সংগঠন করার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং কারখানায় অনিরাপদ পরিবেশে কাজ করছেন। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে গত বছরের ২৪ নভেম্বর একটি কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনা উল্লেখ করা হয়।প্রতিবেদনে অযৌক্তিক গ্রেপ্তার, আটকে রাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বন্দীর মৃত্যুও মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা বলে চিহ্নিত করা হয়। এতে বলা হয়, কর্তৃপক্ষ নাগরিক অধিকার ক্ষুণ্ন করেছে। মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা সীমিত করেছে সরকার। অনেক সাংবাদিক সেলফ সেন্সরশিপ করছেন।প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতা সৃষ্টি ও কর্মকর্তাদের দুর্নীতি মানবাধিকার ক্ষুণ্ন করেছে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) তাদের কার্যক্রম চালাতে গিয়ে আইনি ও অনানুষ্ঠানিক বাধার মুখোমুখি হচ্ছে। পাচারের শিকার হওয়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক প্রয়োজনে শিশুরা কাজ করতে বাধ্য হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধ হয়নি। প্রতিবন্ধীরা বৈষম্যের শিকার হচ্ছে। প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে ভর্তির সময় বাধার মুখে পড়ছে। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরা সামাজিক সহিংসতার শিকার হচ্ছে। সরকার ও সুশীল সমাজের নেতারা অবশ্য দাবি করছেন, সংখ্যালঘুদের ওপর হামলা রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।প্রতিবেদনে আইনের শাসনের দুর্বলতার কারণে সরকারি কর্মকর্তা বা সামর্থ্যবান ব্যক্তিদের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচার না হওয়া মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা বলে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত বছরের মতো এবারও সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে কোনো ব্যবস্থা নেয়নি।প্রতিবেদনে বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে ২০১১ সালে অভ্যন্তরীণ তদন্ত সেল গঠন করে সরকার। কিন্তু ওই সেলের কোনো প্রতিবেদন গত বছরও প্রকাশ করা হয়নি। গণমাধ্যম এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, গত বছর ৭০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের এপ্রিলে খুন হন শ্রমিক নেতা আমিনুল ইসলাম। প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর বরাত দিয়ে উল্লেখ করা হয়, গত বছর ২৪ জন ব্যক্তি গুম হয়েছেন। র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গুম-অপহরণ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অধিকারের বরাত দিয়ে জানানো হয়, গত বছরের ১৩ জুন সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নজরুল ইসলামকে আটক করে র্যাব-১২। এরপর তাঁর স্ত্রী র্যাবের কার্যালয় ও স্থানীয় থানায় গিয়ে স্বামীর খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও নজরুলের কোনো খবর পায়নি তাঁর পরিবার।প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের কথাও উল্লেখ করা হয়। অধিকারের বরাত দিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ৭২ জনকে নির্যাতন করে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়। এর জন্য দায়ীদের কদাচিত্ বিচারের মুখোমুখি করা হয়।ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখা এবং অপর্যাপ্ত সুবিধার কারণে বাংলাদেশের কারাগারগুলো বন্দীদের জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে মানবাধিকার প্রতিবেদনে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বন্দী মৃত্যুর এটিও একটি কারণ। ৩৩ হাজার ৫৭০ জন ধারণক্ষমতার কারাগারে রাখা হয়েছে অন্তত ৬৮ হাজার ৭০০ বন্দীকে। অধিকারের তথ্যমতে, গত বছর কারাগারে ৫৮ জনের মৃত্যু হয়। আগের বছর যা ছিল ১০৫। হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১২ সালে নির্যাতনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ৪৭ জনের মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়, সংবিধানে কাউকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার ও আটক রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা বন্ধ হয়নি। দেশজুড়ে বিরোধী দলের হরতালের সময় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।প্রতিবেদনে আরও বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে সরকার। কিছু সাংবাদিক হয়রানির ভয়ে সরকারের সমালোচনা না করে সেলফ সেন্সরশিপ করছেন। ইন্টারনেটের মাধ্যমে অনেকে মত প্রকাশ করে থাকেন। কিন্তু মহানবী (সা.)-এর অবমাননার অভিযোগে এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার বিরুদ্ধে লেখার কারণে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কয়েকটি পৃষ্ঠা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া গত ১৭ সেপ্টেম্বরে দেশটিতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার।