বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা: মজীনা
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের মানুষ উদ্যমী, প্রাণবন্ত, সৃজনশীল, উদার ও শিল্পোদ্যোগী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা মানুষ।আজ বৃহস্পতিবার বেসরকারি চ্যানেল দেশ টিভির নতুন অনুষ্ঠান ‘জীবনের গল্প’র পরিচিতি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। সাংবাদিকদের জন্য যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশ টিভি, ভয়েস অব আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি।ড্যান মজীনা বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। উর্বর মাটি, পানির প্রাচুর্য, বছরে তিন ফসল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও অন্যান্য সম্পদের কল্যাণে দেশটি ধনী। তিনি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার পরও বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ। আগামী এক দশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এটা এ দেশের সরকার ও মানুষের বিস্ময়কর সাফল্য। নাট্যব্যক্তিত্ব ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর স্বাগত বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিষয়ক ‘জীবনের গল্প’ অনুষ্ঠানটিতে অর্থায়ন করছে ইউএসএআইডি। ভয়েস অব আমেরিকা অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করা ও কিছু কারিগরি বিষয়ে সহায়তা করছে।পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার রাত সোয়া আটটায় ‘জীবনের গল্প’ প্রচারিত হবে। আগামীকাল অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও ইউএসএআইডির মিশন প্রধান বক্তব্য দেন।