ন্যায়বিচারের প্রতি ও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় শ্রদ্ধাশীল থাকবে বলে আশা করে সরকার। তাই ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি সমর্থন জানিয়ে এ দেশের মানুষের অনুভূতির প্রতি তারা সহানুভূতিশীল থাকবে বলেও মনে করছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার এ আশাবাদ ব্যক্ত করেন।ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের ওই ব্রিফিংয়ে দীপু মনি এ-ও বলেছেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গঠনমূলক পরামর্শ পেলে সরকার তাকে স্বাগত জানাবে। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ের শুরুতে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর এ-দেশীয় দোসরদের নির্মম নির্যাতনের ভিডিওচিত্র দেখানো হয়। এরপর বিদেশি কূটনীতিকদের কাছে গত সোমবারের প্রথম রায়ের প্রেক্ষাপটে যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিফ্রিং সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক ল সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কনিষ্ঠ মন্ত্রী ব্যারনেস ভার্সি এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি তা পুনর্ব্যক্ত করছি।’গত মঙ্গলবার দেওয়া বিবৃতিতে ব্যারনেস ভার্সি বিচারপ্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বিচারব্যবস্থার সততা, স্বাধীনতা ও সুনাম বজায় রাখতে ট্রাইব্যুনালকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতি গঠনের প্রয়াসে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব বন্ধুর কাছে অব্যাহত সমর্থন ও সহযোগিতা চাই। এ ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রত্যাশা থাকবে, ন্যায়বিচারের প্রতি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।’দীপু মনি বলেন, ‘বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে যেকোনো গঠনমূলক পরামর্শের প্রতি আমাদের সমর্থন এবং এ ধরনের পরামর্শ গ্রহণের চেষ্টা অব্যাহত থাকবে।’ যুদ্ধাপরাধের প্রথম রায়ের ব্যাপারে আন্তর্জাতিক প্রচারমাধ্যমের একাংশের নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। আজকের ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক ল, কানাডার হাইকমিশনার হিদার ক্রডেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। ভারতের প্রতিক্রিয়াবাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ট্রাইব্যুনালের প্রথম রায়ে ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও বিচারিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি আজ রাজধানীর একটি গণমাধ্যম কার্যালয়ে এ মন্তব্য করেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।ট্রাইব্যুনালের প্রথম রায় সম্পর্কে প্রশ্ন করা হলে পঙ্কজ সরন বলেন, যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। তবে এটাও সত্যি যে, একাত্তরে বাংলাদেশের জনগণের যে গণহত্যা পরিচালিত হয়েছিল, সমগ্র পৃথিবীই তা জানে এবং স্মরণ করে। ওই সব গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। বাংলাদেশের জনগণের প্রতি আমরা পুরোপুরি সহানুভূতিশীল এবং ওই সব অপরাধের ব্যাপারে তাঁদের আবেগ বুঝতে পারি। ওগুলো অত্যন্ত ভয়াবহ অপরাধ।’