বাংলাদেশের মুক্তির আন্দোলন ও জাতিচেতনা নির্মাণে রবীন্দ্রনাথ
১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যখন ঘটল দেশভাগ এবং পূর্ব-পশ্চিমের হাজার মাইল ব্যবধানের দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড নিয়ে গঠিত হলো অখণ্ড পাকিস্তান, সেই শুরু থেকে রাষ্ট্রের অভ্যন্তরে জন্ম নিয়েছিল সংকট। রাষ্ট্র যত দিন ছিল মানসলোকে, কল্পনার রাষ্ট্রকাঠামোয় যার যেমন খুশি রং লাগানো সম্ভব ছিল, কিন্তু যেই মুহূর্তে, ১৪ আগস্ট মধ্যরাতে, জন্ম নিল নতুন রাষ্ট্র, পৃথিবীর বুকে অভিনব এক দেশ, তখন থেকেই দেখা দিতে লাগল বাস্তব সমস্যা। মুসলমানের রাষ্ট্র বটে, তবে মুসলমান তো কোনো জাতিসত্তা নয়, তাহলে বিভিন্ন জাতিসত্তা তথা পাঞ্জাবি, পশতু, সিন্ধি, বেলুচি ও বাঙালি জাতীয়তার অন্তর্ভুক্ত যত মুসলমান, তারা সবাই কি এখন এক ধর্মীয় জাতিসত্তার অন্তর্ভুক্ত হয়ে পড়বে? মুছে কি যাবে তাদের পৃথক জাতিপরিচয়, ফরমায়েশ-মাফিক কি গড়ে উঠতে পারে কোনো সংকর জাতি?দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠন হয়তো সম্ভব, বিভেদ হানাহানির রক্তাক্ত পটভূমিকায় অনেক মানুষের মনে হয়েছিল সংঘাত থেকে মুক্তির এটাই বুঝি পথ, কিন্তু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা যে সম্ভব নয়, সেটা উপলব্ধি করলে পাকিস্তান প্রতিষ্ঠার যৌক্তিকতা আর থাকে না। আর তাই পাকিস্তান রাষ্ট্র অবাস্তব-বাস্তব গড়ার দিকেই ধাবিত হলো এবং স্বাভাবিকভাবে যা সম্ভব নয়, রাষ্ট্রের শক্তিতে সেই অস্বাভাবিককে বাস্তব করার চেষ্টায় অবতীর্ণ হলো। জাতিসত্তা দমন করা হয়ে উঠল নবোদ্ভূত রাষ্ট্রশক্তির বড় লক্ষ্য, আর তাই ১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করলেন, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। লড়াই ঘোষিত হলো বাংলা ভাষার বিরুদ্ধে, বাঙালির জাতিচেতনা সংহত ও জোরদার হয়ে উঠতে পারে, এমন সব ধরনের প্রয়াসের বিরুদ্ধে এবং কালক্রমে এই লড়াই শুরু হলো রবীন্দ্রনাথেরও বিরুদ্ধে।অল্পকাল আগে পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বিপুলভাবে ভোট দিয়েছিল মুসলিম লীগ তথা পাকিস্তানের পক্ষে। নবগঠিত রাষ্ট্রে রাতারাতি তারা হয়ে উঠেছিল বিপুল ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের আনুকূল্যে বিকাশের নানা সুযোগ গ্রহণের দ্বার তাদের সামনে অবারিত হচ্ছিল। এহেন পরিস্থিতিতে বাঙালি জাতিসত্তা বিষয়ে সমাজে সচেতনতা যে জোরদার ছিল, সেটা বলা যাবে না। ধোঁয়াশাচ্ছন্ন কুটিল পরিস্থিতি, সমাজমানসে নানা দুর্বলতা ও অক্ষমতা, তার সঙ্গে যুক্ত রাষ্ট্রের বিপুল সন্ত্রাসী শক্তি ও প্রলুব্ধকর ভূমিকা—এসব জটিলতার মধ্য দিয়েই বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় অধিকার আদায়ের আন্দোলন পথ করতে চেয়েছে। এক তামসিক সময়ে শুরু হয়েছিল বাঙালি জাতির মুক্তিপথ রচনার অভিযান এবং সেখানে রবীন্দ্রনাথ ক্রমে আরও বেশি প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক হয়ে উঠছিলেন এবং শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের হাতে হাত রেখে এই অভিযাত্রা উপনীত হলো মুক্তিযুদ্ধে।পঞ্চাশ ও ষাটের দশকজুড়ে জাতির মানসলোকে যেসব পরিবর্তন ঘটল, বদরুদ্দীন উমর যাকে বলেছেন বাঙালি মুসলমানের ঘরে ফেরা, তা সম্ভব হয়ে উঠেছিল বাঙালির অসাম্প্রদায়িক উদার সমন্বয়বাদী সংস্কৃতির চর্চা ও প্রসারণের মাধ্যমে। জাতিচেতনা উন্মেষে বায়ান্নর ভাষা আন্দোলন পালন করেছিল উদ্গাতার ভূমিকা এবং জাতিচেতনার ভিত্তিতে ব্যাপক ঐক্য গড়তে বড় অবদান ছিল ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্যাপন-আয়োজনের।এই তাৎপর্য অনুধাবনে দেশের তৎকালীন পরিস্থিতি বিশেষভাবে স্মরণ করতে হয়। পাকিস্তানে নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের নানা চেষ্টার পর ১৯৫৮ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং শুরু হয় আইয়ুব খানের শক্ত শাসন। সব রকম গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, রাজনৈতিক দল ও কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত হয় এবং ব্যাপক গ্রেপ্তারির মাধ্যমে কারাগার ভরে ওঠে রাজবন্দীদের দ্বারা। সংবাদপত্রের স্বাধীনতা ছিল অস্বীকৃত এবং সভা-সমাবেশের ওপর জারি ছিল নিষেধাজ্ঞা। ঘোর অন্ধকার ওই সময়ে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ছত্রখান অবস্থায়, প্রতিবাদ-প্রতিরোধ তো দূরের কথা, দেশের মানুষের একত্র হওয়ার মতো কোনো অবলম্বনও তখন নেই।এই পরিস্থিতিতে চির নূতনের ডাক দিয়ে এল পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথের শততম জন্মবার্ষিকী। বাঙালির এই মহৎ কবিকে স্মরণ করার জন্য সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ যে বাঙালি জাতিসত্তার পরিপ্রকাশক হয়ে উঠবে, তা শাসকগোষ্ঠী বুঝতে পেরেছিল। বাঙালিকে গড়াপেটা করে দ্বিজাতিতত্ত্ব-ভিত্তিক মুসলিম জাতি তৈরির যে প্রয়াস চলছিল, তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে রবীন্দ্রনাথ নামের কবির দ্বারা, যাঁর জন্ম আজি হতে শতবর্ষ আগে। এই উপলব্ধি থেকে পাকিস্তানি শাসকগোষ্ঠী রবীন্দ্রজন্মশতবর্ষ পালনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করল, আজাদ পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে লেখা হলো: ‘রবীন্দ্রনাথের দোহাই পাড়িয়া অখণ্ড বাংলার আড়ালে আমাদের তামদ্দুনিক জীবনে বিভেদ ডাকিয়া আনার সুযোগ দেওয়া চলিবে না। একদল লোক পশ্চিম বাংলার সাহিত্যের অন্ধ-অনুসারী ও ভক্ত। তাদের রবীন্দ্র-ভক্তি বিপদের কারণ হইতে পারে এবং বাইরের যারা পাকিস্তানকে দ্বিধাহীন মনে গ্রহণ করেন নাই, তারা এই সুযোগে তামদ্দুনিক খেলায় নামিতে পারে।’ অধ্যাপক গোলাম আজম ও তদনুসারীদের সভা আয়োজিত হয় ২৪ বৈশাখ। সভার সিদ্ধান্তে বলা হয়, ‘পাকিস্তানিদের ইসলামভিত্তিক জাতীয়তা ও রাষ্ট্রে অখণ্ড ভারতীয় রামরাজ্যের স্বপ্নদ্রষ্টা রবীন্দ্রনাথকে পূর্ব পাকিস্তানের জাতীয় কবি হিসাবে চালু করবার জন্য একশ্রেণীর তথাকথিত সংস্কৃতিসেবী প্রদেশব্যাপী যে সাংস্কৃতিক অপচেষ্টা চালাইয়া যাইতেছে, এই সভা তাহাদের নিন্দা করিতেছে।’এর বিপরীতে ঢাকায় একাধিক কমিটি গঠন করে বিপুলাকারে পালিত হয় রবীন্দ্রজন্মশতবর্ষ। ঢাকার বাইরেও একই ধারায় আয়োজিত হয় নানা অনুষ্ঠান। রবীন্দ্র-স্মরণোৎসবের মধ্য দিয়ে জাতি তার সত্তা খুঁজে পাওয়ার পথে নবযাত্রা সূচিত করতে পেরেছিল। রবীন্দ্রনাথের কবিতা, গান, নাটক, নৃত্যনাট্য সবকিছুর পরিবেশনা বৃহত্তর রাজনৈতিক-সামাজিক পটভূমিকায় যে অর্থময়তা অর্জন করেছিল, তা বুঝে নিতে কারও অসুবিধা হয়নি। শতবার্ষিকী অনুষ্ঠানে নিবেদিত তাসের দেশ বা রক্তকরবী নিষেধের ঘেরাটোপে বদ্ধ সমাজের বিরুদ্ধে যে প্রতিবাদী চেতনা সঞ্চার করে, তা যেন পটভূমিকার কারণে আরও তাৎপর্যময় হয়ে ওঠে। রবীন্দ্রনাথকে অবলম্বন করে এক সাংস্কৃতিক জাগরণই সূচিত হয়, কেননা এই জাগরণের বাণীমন্ত্র নিহিত ছিল রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিশীল কর্মে। রবীন্দ্রনাথ আপাতবিচারে ছিলেন ন্যাশনালিজমের বিরুদ্ধে, রাজনৈতিক বিবেচনা থেকে রাষ্ট্রকে অবলম্বন করে পশ্চিমে যে ন্যাশনালিজমের উদ্ভব ও প্রসার, তার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ যথেষ্ট সচেতন ছিলেন। অন্যদিকে মানবতার অখণ্ডতা তথা সমগ্রতা এবং বিশ্বসভ্যতার সঙ্গে যোগে মানববিকাশ ছিল রবীন্দ্রনাথের আস্থার ভূমি। তার পরও যে রবীন্দ্রসৃষ্টি বাঙালি জাতিসত্তার জাগরণে অশেষ প্রেরণাদায়ক হয়ে উঠেছিল, তা বিশেষ বিবেচনা দাবি করে। যে ন্যাশনালিজমের সমালোচক ছিলেন রবীন্দ্রনাথ, তার কোনো বাংলা প্রতিশব্দ তিনি খুঁজে পাননি। তবে সেই ন্যাশনালিজম ছিল রাজনৈতিক স্বার্থে রাষ্ট্র কর্তৃক ব্যবহূত ধারণা-প্রপঞ্চ, হালে যাকে বেনেডিক্ট অ্যান্ডারসন বলেছেন, ‘কল্পিত জনগোষ্ঠী’ বা ইমাজিন্ড কমিউনিটি। বরং রেস অর্থে ‘জাত’ শব্দবন্ধ ব্যবহারে রবীন্দ্রনাথের আগ্রহ ছিল বেশি, যেখানে ভাষা, রক্তবন্ধনতা, নৃতাত্ত্বিক ঐক্য, ভৌগোলিক পরিসর ইত্যাদি মিলে নেশন গড়ে ওঠে। সেই সঙ্গে রবীন্দ্রনাথ ছিলেন সব ধরনের চাপিয়ে দেওয়া মত ও জীবনধারার বিপরীতে, রেস বা নেশন যাই বলা হোক না কেন, তা যেন বৃহত্তর মানবগোষ্ঠীর সৃজন ও অর্জনের সঙ্গে কোনো বিচ্ছেদ তৈরি না করে, সে বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন প্রবলভাবে সচেতন। ধর্ম, গোত্র, জাতি, বর্ণ যেন মানুষে মানুষে কোনো বিভেদ তৈরি না করে, তা ছিল তাঁর আরাধ্য। সম্প্রীতির এই চেতনার শক্তিমান প্রকাশ তিনি দেখেছিলেন বাংলার বাউল সাধনায়, আর ভারতবর্ষীয় সমাজে তিনি শনাক্ত করেছিলেন সমাজশক্তির মাহাত্ম্য। ফলে, যা কিছু পাকিস্তানি কূপমণ্ডুকতা ও মেকিত্বের প্রকাশক, রবীন্দ্রসৃষ্টি ছিল তার প্রবল বিরোধী। আর তাই রবীন্দ্র-সৃজনসম্ভার সর্বার্থে ছিল পাকিস্তানি মতাদর্শের বিরোধী। এই সৃজনের স্পর্শে জাগ্রত মানুষ যে মানসশৃঙ্খল থেকে মুক্তি পাবে, তা বলা বাহুল্য। পাকিস্তানি অমানিশাকালে রবীন্দ্রনাথকে ঘিরে দেশব্যাপী আয়োজন তাই দেশজুড়ে সাংস্কৃতিক জাগরণের সম্ভাবনা তৈরি করে।শৃঙ্খলমুক্তির চেতনা সঞ্চারে রবীন্দ্রনাথের গান পালন করে বিপুল উজ্জীবনী ভূমিকা। গানের ক্ষেত্রে ছিল আলাদা শক্তিময়তার দিক। সাহিত্য বা চিন্তাশীল রচনা শিক্ষিত সমাজের গণ্ডির বাইরে বিশেষ যেতে পারে না। নাটকের বাস্তব উপস্থাপনা দুরূহ কাজ এবং তার থাকে সীমিত গণ্ডি। কিন্তু গান তো সর্বজনীন, সাক্ষর-নিরক্ষরের গণ্ডি ছাপিয়ে যায় এর আবেদন, বাহিত হতে পারে কণ্ঠ থেকে কণ্ঠে, বেতার-টেলিভিশনের সুবাদে আলিঙ্গন করতে পারে ব্যাপক জনগোষ্ঠীকে, গুনগুনিয়ে উঠতে পারে অজস্র মানুষের অন্তরে। রবীন্দ্রনাথের গান তার সুর ও বাণীর আবেদন নিয়ে বাঙালির চিত্ত আলোড়িত করার কী বিপুল শক্তিই না রাখে! আর রবীন্দ্রনাথই তো বলেছিলেন, ‘বাঙালিকে আমার গান গাইতেই হবে।’ ফলে এসব আয়োজনে গানের ছিল বিশাল ভূমিকা। জন্মশতবর্ষ উদ্যাপনের আয়োজন থেকে জন্ম নিয়েছিল ছায়ানট; গানেরই দল এবং হয়ে যে উঠল অমন প্রভাবসম্পন্ন, সে গানের শক্তিময়তার প্রভাব ও ব্যাপকতার আরেক প্রমাণ।রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্যাপনে নানা বাধা আরোপ করেছিল পাকিস্তান রাষ্ট্র। সাহসের সঙ্গে ঢাকায় বিভিন্ন আয়োজনে কান্ডারি হয়েছিলেন বিচারপতি এস এম মুরশেদ, সুফিয়া কামাল, কাজী মোতাহার হোসেন, মুহম্মদ আবদুল হাই প্রমুখ। তাঁরা সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, তাই তাঁদের বিরুদ্ধে কিছু করার মতো সাহস ছিল না প্রশাসনের, কিন্তু কর্মীদের অনেককে নানা হয়রানির সম্মুখীন হতে হয়েছে। কেমন ছিল পাকিস্তানি বাস্তবতা, তা বোঝাতে ছোট এক ঘটনার উল্লেখ করা যায়। বাঙালির কবি টেগোরের জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কিন তথ্যকেন্দ্র উদ্যোগ গ্রহণ করে এবং দূতাবাসের কর্মীদের নিয়ে মঞ্চস্থ করে রবীন্দ্রনাথের ডাকঘর। ঢাকাস্থ মার্কিন কনসাল অফিসে তরুণ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আরচার ব্লাড, সুধার ভূমিকায় অভিনয় করেছিল ব্লাডকন্যা দ্বাদশবর্ষীয়া শিরিন। ঢাকা ও ময়মনসিংহে সফল মঞ্চায়নের পর তাঁরা যখন আরও কয়েকটি স্থানে নাটক মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছেন, তখন গভর্নর মোনায়েম খানের দপ্তর থেকে নাটক বন্ধ করার কথা বলা হয় এবং ডাকঘর মঞ্চায়ন বন্ধ হয়ে যায়।এই ছিল পাকিস্তানি বাস্তবতা, অবাস্তবের বাস্তবতা, যার সঙ্গে পরবর্তী কালের ল্যাটিন আমেরিকান লৌহমানবদের শাসনের মিল পাওয়া যেতে পারে, যে অ্যাবসার্ড শাসন বোঝাতে ম্যাজিক রিয়ালিজমের আশ্রয় নিতে হয়েছিল ঔপন্যাসিক গার্সিয়া মার্কেজকে। পাকিস্তানেও দেখা গেছে আইয়ুবের বশংবদ গভর্নর মোনায়েম খান ম্যাজিক রিয়ালিজমের ধারাতেই বুঝি অধ্যাপক মুহম্মদ আবদুল হাইকে রুষ্ট কণ্ঠে বলেন, ‘আপনারা রবীন্দ্রসংগীত লিখতে পারেন না। তার যে চাই পাকিস্তানি ভাবাদর্শে উদ্বুদ্ধ রবীন্দ্রসংগীত!’রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ দেশে-বিদেশে নানাভাবে উদ্যাপিত হয়েছিল, কিন্তু অলীক ‘ধর্মরাষ্ট্র’ পাকিস্তানে তা অর্জন করেছিল বৃহত্তর তাৎপর্য। উৎসবের আয়োজন কেবল ঢাকার জাতীয় উদ্যোগেই সীমিত ছিল না, জেলা ও মফস্বল শহরেও ছিল সমধরনের উদ্যোগ। আর এসব আয়োজনে বরাভয় হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের গান, গানের ভেতর দিয়ে বুঝি দেখা গিয়েছিল আরেক ভুবন, মিলন ঘটেছিল সবার মায়ের ডাকে, স্বদেশ পর্যায়ের গান স্বদেশে স্থিত হতে সহায়ক হয়েছিল বাঙালির, সুরের আগুন ছড়িয়ে গেল সবখানে। গানের ভেতর দিয়ে অমন জাগরণ ঘটেছিল বলেই তো ‘আমার সোনার বাংলা’ হয়ে উঠল যেন পাকিস্তানের অস্বীকৃতি, অনাগত এক বাংলার প্রতি অঙ্গীকারের প্রকাশ। অবাক হওয়ার কিছু নেই, এই গান এভাবেই হয়ে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংগীত, কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের মধ্য দিয়ে নয়, বরং জাতিই খুঁজে নিয়েছিল তাঁর গান, বাস্তব জীবন তাতে আরোপ করেছিল নতুন অর্থময়তা এবং চৈতন্যলোকে স্বদেশ হয়ে উঠল বাস্তব, বাস্তব লড়াইয়ে যে গান হলো অশেষ প্রেরণাদাত্রী। আত্মশক্তির দ্বারা ভেতরের দিক থেকে দেশকে সৃষ্টি করার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ, মানসলোকে সেই দেশ সৃষ্টির কাজ সংঘটিত হয়েছিল মূলত রবীন্দ্রনাথের গানের সুবাদে।রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্যাপন সাংস্কৃতিক নবজাগরণের পথ উন্মোচিত করেছিল, শুকনো গাঙে বয়ে এনেছিল জীবনের কলরব, ব্যাপক মানুষ সংহত হয়েছিল জাতিচেতনায় এবং এই সংহত জাতিচেতনা রাজনৈতিক আন্দোলনে জুগিয়েছিল পরিপুষ্টি ও ঐক্যের উপাদান। জাতীয় অধিকার আদায়ের সেই আন্দোলন বিকশিত হয়েছিল বাঙালির স্বাধীনতাযুদ্ধে, ঐক্যবদ্ধ ও সংহত বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিল স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাঙালির জাতিরাষ্ট্র। এই পথযাত্রায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চিরসঙ্গী, চিরনির্ভর। ক্রমান্বয়ে কীভাবে তিনি হয়ে উঠেছিলেন জাতির জাগরণ ও অধিকার আদায়ের অবলম্বন ও সঙ্গী, সে আরেক মহা ইতিহাস।২ মে ২০১১ মফিদুল হক: প্রাবন্ধিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি