বাংলাদেশের মেয়েদের হতাশার রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসে এত দিন বাংলাদেশের অর্জন ছিল তিন রুপা ও দুই ব্রোঞ্জ। গতকাল যোগ হয়েছে আরেকটি রুপা। এটি জিতেছে মহিলা ক্রিকেট দল।এশিয়াডে এবারই প্রথম ঢোকা ক্রিকেটে বাংলাদেশের রুপা জয় কৃতিত্বের। তবে গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিলে এ অর্জনকে বড় করে দেখারও কিছু নেই। ভারত, শ্রীলঙ্কাবিহীন গেমসে বাংলাদেশের জন্য মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত দ্বিতীয় স্থানটা নির্ধারিতই ছিল। পাকিস্তানকে হারিয়ে সোনা জিততে পারলে সেটিই হতো বরং বড় অর্জন।পরশু চীনকে ৩৪ রানে অলআউট করে ৯ উইকেটে জয়ী বাংলাদেশ কাল ফাইনালে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের সামনে। টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ টেনেটুনে ইনিংসটাকে নিতে পেরেছে ৯২ রান পর্যন্ত। ২০ ওভারের শেষ বলে অলআউট।এরপর পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। ফাইনালের আমেজই ছিল না পাকিস্তান ব্যাট করার সময়। ১৫.৪ ওভারেই তারা জয়ের বন্দরে। উইকেট হারায়নি একটিও। রশিদ নীদা সর্বোচ্চ ৫১ রান করেছেন, জাবেরিয়া ওয়াদুদ ৩৯ রানে অপরাজিত। পাকিস্তানের মেয়েদের ব্যাটিং ছিল দেখার মতো। স্ট্রোক খেলেছেন অনায়াসে, ফিল্ডিংয়ের ফাঁক গলে বল বের করেছেন চাতুর্যের সঙ্গে। প্রতিটি শটেই ছিল বেশ জোর, যেটা বাংলাদেশের মেয়েদের ছিল না। বাংলাদেশের মেয়েদের কবজিতে স্ট্রোক খেলার মতো শক্তিই নেই। টি-টোয়েন্টি ম্যাচে যেখানে চার-ছয়ের ফুলঝুরি ছোটার কথা, সেখানে তাঁরা ছক্কা দূরে থাক, সব মিলিয়ে চার মারতে পেরেছেন পাঁচটি।৫ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১৭। ১০ ওভারে ৪ উইকেটে ৪০। অধিনায়ক সালমা করেছেন সর্বোচ্চ ৩১ বলে ২৪। সমস্যাটা হয়েছে, ফারজানা হক (পিংকি) আউট হওয়ার পর থেকে (২/৩৬)। পরপরই রুমানা আহমেদ আউট। দুজনকেই এলবিডব্লু দেওয়া হয়েছে। টিভি রিপ্লেতে দেখা দেছে, ফারজানা আউট ছিলেন না। ব্যাট-প্যাড ছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল।আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত খেলারই অংশ। বাংলাদেশের চেয়ে আসলে সব বিভাগেই ভালো খেলে পাকিস্তান ঘরে তুলেছে সোনা। নানা ঝড়ঝঞ্ঝায় বিধ্বস্ত পাকিস্তান ক্রিকেটের জন্য এটা বড় প্রাপ্তি। বাংলাদেশ খুব করেই চাইছিল সোনা জিততে। কিন্তু পাকিস্তান সময়মতোই দেখাল, তারা কতটা পেশাদার। এশিয়াডে বাংলাদেশের প্রথম পদক আসে ১৯৮৬ সালে। সিউলে ব্রোঞ্জ জেতেন বক্সার মোশাররফ হোসেন। ১৯৯০ সালে গেমসে কাবাডির অভিষেকেই রুপা পায় বাংলাদেশ। এরপর কাবাডি রুপা এনেছে ১৯৯৪ আর ২০০২ সালে। ১৯৯৮ ও ২০০৬ সালে ব্রোঞ্জ। তবে এবার কাবাডি থেকে ব্রোঞ্জ জেতাকেও চ্যালেঞ্জ মনে করছে বাংলাদেশ।সেই হিসেবে মহিলা ক্রিকেটের রুপাটার আলাদা একটু মাহাত্ম্য আছেই। এশিয়াডে ছেলেদের ক্রিকেটও ঢুকেছে এবার। তবে এই বিভাগে সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে দেখা হয়ে যেতে পারে বাংলাদেশের। শেষমেশ মেয়েদের ক্রিকেটে পাওয়া এই রুপাই বিশাল বহরের বৃহত্তম প্রাপ্তি হতে পারে।সোনা না জিতলেও মহিলা ক্রিকেট দলের হাত ধরেই গুয়াংজু এশিয়াড়ে পদক তালিকায় বাংলাদেশের নাম ওঠা খানিক স্বস্তিরও। অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না!