বাংলাদেশের যা কিছু ভালো তার সব এসেছে জিয়ার হাত ধরে: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশে যা কিছু ভালো, যা নিয়ে আমরা গৌরব করি, তার প্রতিটি এসেছে জিয়াউর রহমানের হাত ধরে। এই সরকার জিয়াকে ভয় পায়। এ জন্য তাঁর নাম মুছে ফেলতে চাচ্ছে। এর কারণ একটাই, তারা যা করতে পারেনি, জিয়া তা করতে পেরেছেন।’আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ নামে বিএনপিমনা একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘আজ আমরা পোশাকশিল্প নিয়ে গর্ববোধ করি। কার আমলে এটা হয়েছে? জিয়াউর রহমান এটা করেছেন। বিদেশে কর্মসংস্থানের ধারণাও এসেছে তাঁর হাত ধরে। ক্ষুদ্রঋণ বিষয়ে বাংলাদেশ নোবেল পুরস্কার পেয়েছে। এটাও শুরু হয়েছে জিয়ার আমলে। গ্রামের দরিদ্র নারীদেরকে তখন ঢেঁকিঋণ দেওয়া হয়েছে। ক্ষুদ্রঋণের এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে।’ আলোচনা সভায় অন্য বক্তারা দাবি করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশকে সঠিক পথে নিয়ে গেছে। এই দিনটিতেই বাংলাদেশ প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব পায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও সার্বভৌমত্ব ছিল না। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন।এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহবুবউল্লাহ্, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম বক্তব্য দেন।