ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেখানকার ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময়ে আইএসআই নানা রকম চক্রান্ত করছে। কাজেই যেকোনো সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।’ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত বুধবার সে দেশের কয়েকটি পত্রিকার সম্পাদকের সঙ্গে আলাপকালে মনমোহন সিং এ কথা বলেন।সম্পাদকেরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মনমোহন বলেন, ‘প্রতিবেশী দেশগুলো নিয়ে আমি সত্যিই চিন্তিত। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। বাংলাদেশের ভেতরে দীর্ঘদিন থেকে সক্রিয় ভারতবিরোধী বিদ্রোহীদের দমনে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। এ জন্যই বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক উদার। আমরা ধনী দেশ নই, তার পরও বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ-সহায়তা দিচ্ছি।’মনমোহন সিং আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে বিভিন্ন পথ খোঁজা হচ্ছে। তিস্তার পানিবণ্টন নিয়ে একটি বাস্তবসম্মত ও কার্যকর সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। আমি বাংলাদেশ সফরে যাওয়ার পরিকল্পনা করছি। চলতি সপ্তাহের শেষের দিকে সেখানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।’সূত্র: ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট।