বাংলাদেশের লড়াই শেষ সাড়ে তিন দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এসে বাংলাদেশ দল খেলল একটা ওয়ানডে, একটা টেস্ট ও একটা ফুটবল ম্যাচ! ফুটবল ম্যাচ খেলার কথা ছিল না। কিন্তু টেস্ট ম্যাচকে প্রত্যাশিত আয়ু দিতে না পারলে ক্রিকেটারদের ভাগ্যে ফুটবল ম্যাচও জুটে যায় শেষ পর্যন্ত। কাল দুপুরে এই রিপোর্ট লেখার সময় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচই চলছিল। নিজেদের মধ্যে ম্যাচটা খেলছিলেন বাংলাদেশের দলের ক্রিকেটাররা।পাঁচ দিনের টেস্টে সাড়ে তিন দিনেই ইনিংস ও ১৮৪ রানের হার। তাই বলে দেড় দিন আগে ঢাকার হোটেলের দরজা খুলছে না ক্রিকেটারদের জন্য। ঢাকার হোটেল বুকিং আগামীকাল থেকে। তার আগের সময়টা বাধ্য হয়েই থাকতে হচ্ছে চট্টগ্রামে।হাতে অফুরন্ত সময়। প্রথম টেস্ট শেষে সে কারণেই ক্রিকেটারদের ফুটবলার হয়ে ওঠা। তবে পাকিস্তানের খেলোয়াড়েরা খেলা শেষে হোটেলে ফিরে গেছেন। অনেকের ইচ্ছা ছিল আজ কক্সবাজারে একটা ঝটিকা সফর করে আসবেন। নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত খেলোয়াড়েরা পরিকল্পনা বাতিল করলেও দলের কয়েকজন কর্মকর্তা যাচ্ছেন সমুদ্র দেখতে। চট্টগ্রামে হঠাৎ ছুটির মেজাজ নিয়ে আসার ‘কৃতিত্ব’ বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের। কী করলে টেস্টের আয়ু বাড়ানো যাবে সেটা নাকি সবাই জানতেন। কিন্তু কারও ব্যাটিংয়েই সেই জানার ছবিটা ফুটে উঠল না। আগের দিনের ৪ উইকেটে ১৩৪ রানের স্কোর কাল লাঞ্চের আগেই ৭ উইকেটে ২২৮! লাঞ্চের পর আর ৫০ মিনিটের মতো ব্যাটিং করে শেষ পর্যন্ত ২৭৫ রানে অলআউট। তবে ‘সান্ত্বনা’, কাঁধে চোট পাওয়া রুবেল হোসেনকে আউট করতে পারেননি পাকিস্তানের বোলাররা। রুবেল যে ব্যাটই করতে পারেননি।বাংলাদেশ দলের ব্যাটিং-নীতি ছিল যত বেশি সময় পারা যায় উইকেটে পড়া থাকা। কিন্তু সেই নীতিতে টিকে থাকলেন কয়জন? কিছু ব্যক্তিগত ইনিংস প্রথম ইনিংসের তুলনায় দলের দ্বিতীয় ইনিংসটাকে ভদ্রস্থ চেহারা দিলেও উইকেটে পড়ে থাকার ব্যাটিং কেউই করলেন না। ৭২ টেস্টে নিজেদের ৩৫তম ইনিংস পরাজয়টিকে তাই ‘বরণ’ করে নিতে হলো। পাকিস্তানের বিপক্ষে সাত টেস্ট খেলে এমন পরাজয় বাংলাদেশ দেখল চতুর্থবারের মতো।নাজিমউদ্দিন শুরুতে ছিলেন ব্যতিক্রম। তবে প্রথম টেস্ট ফিফটিটি পেয়ে যাওয়ার পর দেখা গেল তার ব্যাটও যথেষ্ট স্ট্রোকপ্রিয়। যেখানে প্রথম পঞ্চাশ রান করলেন ১৪৭ বলে, পরের ২৮ মাত্র ৩৯ বলে! আবদুর রেহমান ও সাঈদ আজমলকে পর পর দুই ওভারে দুই ছক্কা ছাড়া এই সময়ে বাউন্ডারি মেরেছেন তিনটি, পেয়েছেন একটি জীবনও। আজমলের বলে কামরান আকমল ক্যাচটা গ্লাভসে পুরতে পারলে ৫৭ রানেই থামতে হতো নাজিমউদ্দিনকে। সেটা হয়নি, হয়নি নতুন জীবন কাজে লাগিয়ে প্রথম টেস্টেই সেঞ্চুরি করার গৌরব অর্জনও। ব্যক্তিগত ৭৮ রানে রেহমানকে তুলে মারতে গিয়ে আজমলের হাতে ক্যাচ মিড অফে। কিন্তু উইকেটে পড়ে থাকার পণ করা নাজিমউদ্দিন কেন হঠাৎ ধৈর্য হারালেন? খেলা শেষে প্রশ্নটা করতেই লাজুক হাসির সঙ্গে প্রায় নিরুত্তর নাজিমউদ্দিন, ‘আল্লাহই জানেন...।’সাকিব আল হাসানের ব্যাট আগের দিন থেকেই চলছিল। কালও মাত্র ১৭ বল খেলেই দিন শুরুর ৪১ রানটাকে নিয়ে গেলেন টেস্ট ক্রিকেটে নিজের নবম ফিফটিতে। কিন্তু আক্রমণাত্মক বোলিং-ফিল্ডিংয়ের সামনে এমন ব্যাটিং ক্ষণিকের আনন্দই দেয়, বড় রানের স্বপ্ন দেখাতে পারে না। ৫১ রান করে রেহমানের বলে এলবিডব্লু সাকিবও যেন ফিফটির ‘দায়িত্ব’ শেষ করলেন।নাজিমউদ্দিনের সঙ্গে পঞ্চম উইকেটে সাকিবের ৭৮ রানের জুটিটাই দ্বিতীয় ইনিংসে বলার মতো গল্প। মাহমুদউল্লাহ শূন্য হাতে ফিরে যাওয়ার পর অধিনায়ক মুশফিকুর রহিম আর ইলিয়াস সানি অষ্টম উইকেটে ৪২ রান যোগ করেছেন। কিন্তু ততক্ষণে যে ক্ষণগণনাই শুরু হয়ে গেছে বিশাল পরাজয়ের! তারপরও বাড়তি প্রাপ্তি হতে পারত মুশফিকের ফিফটি। এক রানের জন্য সেটি পেলেন না রেহমানের বলে এলবিডব্লু হয়ে। প্রথম ইনিংসে ৩ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে ৪ উইকেট পাকিস্তানের এই বাঁহাতি স্পিনারের।ম্যান অব দ্য ম্যাচ তবু রেহমান নন, ইউনুস খান। যার এক ইনিংসের ব্যাটিংই সুর ঠিক করে দিয়েছিল চট্টগ্রাম টেস্টের। পাকিস্তানের বিশাল জয়ের আসল কৃতিত্ব যেমন তাঁর, টেস্ট সাড়ে তিন দিনে যাওয়াতেও তো মুখ্য ভূমিকা ইউনুসের অপরাজিত ডাবল সেঞ্চুরিরই!মুশফিকুর রহিমের পক্ষ থেকে একটা ধন্যবাদ কি পেয়েছেন ইউনুস খান?