বাংলাদেশের শেয়ারবাজার সম্পূর্ণ গুজবনির্ভর: সৈয়দ মঞ্জুর এলাহী
বর্তমানে বাংলাদেশের শেয়ারবাজারকে সম্পূর্ণ গুজবনির্ভর বাজার হিসেবে অভিহিত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি বলেন, এটা এমন একটি বাজার, যেখানে প্রতিটি শেয়ারের দাম গুজবের ওপর ভিত্তি করে বাড়ে ও কমে। সৈয়দ এলাহীর মতে, কোনো প্রতিষ্ঠান যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করে বা শেয়ারে বিনিয়োগ করে, তাহলেও সেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়তে থাকে। কোনো বিনিয়োগকারীই সেই শেয়ারের মৌল ভিত্তি বিবেচনা করেন না। সৈয়দ মঞ্জুর এলাহী বাজারের ওপর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি বিনিয়োগকারীদের সঠিক বিবেচনা দিয়ে বিনিয়োগ করার পরামর্শ দেন।এদিকে আজ সকাল থেকেই শেয়ারবাজারে ব্যাপক দরপতন লক্ষ করা গেছে। আজ বাজারে ব্যাপক দরপতনের কারণ হিসেবে বাজারে বিনিয়োগকারী ব্যাংকগুলোর শেয়ারের দাম কমে যাওয়াকে দায়ী করেছেন বিনিয়োগকারীরা। এ ছাড়া ঢাকা শেয়ারবাজারের একক বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ারের দাম কমে যাওয়াতেও এই অবস্থার সৃষ্টি করেছে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন। বৃহস্পতিবারের তুলনায় গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে প্রায় ১২ টাকা। উল্লেখ্য, শেয়ারবাজারের ধারা অনুযায়ী গ্রামীণফোনের দাম এক টাকা কমলে সাধারণ মূল্যসূচক নেমে যায় তিন টাকারও বেশি। এ ছাড়া গত কয়েক দিনের মতো আজও শেয়ারবাজারে লেনদেনে বেশ ধীরগতি লক্ষ করা গেছে।