বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় তথ্যচিত্র বিউটিফুল বাংলাদেশ: স্কুল অব লাইফ শিরোনামের সাড়ে তিন মিনিটের এই তথ্যচিত্রটি। এরই মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে এটি। এর মূল ধারণা এবং গল্পটি তৈরি করেছেন গাওসুল আলম শাওন। তথ্যচিত্রটির নির্মাণ প্রতিষ্ঠান গ্রের ব্যবস্থাপনা পরিচালক তিনি। কথা হলো তাঁর সঙ্গে—‘স্কুল অব লাইফ’ তথ্যচিত্রের ধারণাটা কীভাবে তৈরি হলো?পয়সা খরচ করলে তো একটি ঝকঝকে, দৃষ্টিনন্দন তথ্যচিত্র যেকোনো নির্মাতাই বানাতে পারেন। কিন্তু যখনই বাংলাদেশ পর্যটন থেকে গ্রের কাছে প্রস্তাবটা আসে, আমি ভাবছিলাম, শুধু বাংলাদেশের কয়েকটি দর্শনীয় স্থান দেখালেই চলবে না; দরকার একটি অনন্য ভাবনা, যা একেবারেই বাস্তব। বাংলাদেশকে দেখলে যে-কেউ তার মিল পাবে। আর সেটাই হলো ‘স্কুল অব লাইফ’। ভাবনার মূল ব্যপারটাই হচ্ছে, অন্য অনেক দেশের মতো বাংলাদেশ কোনো শোকেজে রাখা ‘শোপিস’ নয় যে কাচের বাইরে থেকে দেখে আপনি চলে গেলেন। এই দেশকে দেখতে হলে, জানতে হলে এখানে মিশে যেতে হবে সাধারণ মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। এটা অনেকটা ইউনিভার্সাল স্কুলের মতো।‘বিউটিফুল বাংলাদেশ’ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?আমাদের প্রথম ধাপে অর্থাৎ, ‘স্কুল অব লাইফ’-এ আমরা বাংলাদেশের একটি বিগ পিকচার দেখিয়েছি। এখন আমরা তাকে আরও বিস্তারিতভাবে দেখাব। দুনিয়াকে আমরা শেখাব, কীভাবে সুন্দরবনে বাওয়ালিরা দুঃসাহসের সঙ্গে মধু আহরণ করে, যাকে আমরা বলছি ‘স্কুল অব ব্রেভারি’ কিংবা বিশ্বকে শেখাব, কীভাবে পোষা ভোঁদড় দিয়ে মাছ ধরা হয়, যাকে বলছি ‘স্কুল অব ফিশিং’। বিশ্বের বিভিন্ন উৎসব এবং প্রচারমাধ্যমে এই ‘স্কুল অব লাইফ’ ভাবনার ভেতর দিয়েই বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরা হবে।কদিন আগেই ‘ঢাকা অ্যাড ফেস্ট’ হয়ে গেল। এখানে গ্রে বেশ কিছু পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘প্রথম আলো প্রচারণা’ অন্যতম। এ ব্যাপারে কিছু বলুন।হ্যাঁ, প্রথম আলোর যে দুটো প্রচারণার জন্য আমরা পুরস্কার পেয়েছি, সেগুলো হলো ‘দেশকে মায়ের মতোই ভালোবাসুন’ এবং ‘বর্ণমালা মেলা’। ‘মা’ প্রচারণার জন্য শুরু থেকেই আমরা সাধারণ মানুষের কাছ থেকেও প্রচুর প্রশংসা পেয়েছি। এ ছাড়াও উৎসবের গুরুত্বপূর্ণ যে পুরস্কারটি আমরা পেয়েছি, সেটি হলো ‘দুনিয়া কাঁপানো ৩০ মিনিট’। গ্রামীণফোন ও প্রথম আলোর জন্যই আমরা এই বিশেষ পুরস্কারটি জিতেছি।শুনলাম, ‘বিউটিফুল বাংলাদেশ’ নিয়ে আরেকটি ১০ মিনিটের তথ্যচিত্র তৈরি হচ্ছে। ওটার ব্যপারে কিছু বলুন। ১০ মিনিটের তথ্যচিত্রটির ভাবনাতেও থাকবে ‘স্কুল অব লাইফ’। তবে এখানে আমরা একটি গল্প বলার চেষ্টা করেছি। আশা করি, সেটাও সবার ভালো লাগবে। এখন বাংলাদেশের জন্য আরও যথাযথ ব্র্যান্ডিং দরকার। তবেই না বিদেশিরাও এ দেশে আসতে এবং বিনিয়োগ করতে আরও উৎসাহিত হবে।